Sunday, April 12, 2026

‘বয়স ? ফুঃ’, উৎপল সিনহার কলম

Date:

Share post:

উৎপল সিনহা

ও আমার
ছোট্ট বন্ধুরা শোনো
আমার একটা কথা শোনো
তোমরা যেন বুড়ো হয়ো না ।
বয়েস বাড়ে বাড়ুক
তবু মনের বয়েস
বাড়তে দিও না ।

শরীরের বয়স তো বাড়বেই । এ তো অমোঘ , অপ্রতিরোধ্য , অনিবার্য । প্রকৃতির নিয়ম । কিন্তু মনের বয়স বাড়তে দেবেন কিনা সে সিদ্ধান্ত একান্তই আপনার । বাড়তে দিলেই সব শেষ । কে না জানে মনটাকে তাজা রাখতে পারলে শরীরের বয়স একটা সংখ্যামাত্র । মানবসভ্যতার ইতিহাস বলছে , অধিকাংশ মানুষের মনগুলো বুড়ো হয় আগে , তাই বার্ধক্য দেহকে গ্রাস করে দ্রুত । মন ভেঙে গেলে বার্ধক্যজনিত বিষন্নতা মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দেয় । শারীরিক বাধা উপেক্ষা করে শুধুমাত্র মনের জোরে বিশ্বজয়ী হয়েছেন অনেক কৃতি মানুষ । আবার বহু সাধারণ মানুষ শুধুমাত্র মনের আনন্দে শতায়ু হয়েছেন । শারীরিক সুস্থতার অনেকটাই মনের ওপর নির্ভরশীল । তাই বোধহয় সর্বাবস্থায় সদানন্দ থাকার উপদেশ দিয়ে গেছেন পরম পুরুষ শ্রীরামকৃষ্ণ । বয়স যে সত্যিই একটা সংখ্যা ছাড়া কিছু নয় , তার ভুরিভুরি দৃষ্টান্ত রয়েছে এ মহাবিশ্বে । বিখ্যাত লেখক লিও তলস্তয় সাইকেল চালানো শিখেছিলেন ৬৭ বছর বয়সে । স্বনামধন্য পাবলো পিকাসো বিয়ে করেছিলেন ৭৬ বছর বয়সে !

এই আমার কথাই ধরো
দেখতে আমি বুড়ো
মাথায় পাকা চুলের বোঝা
তবু নইকো বুড়ো আমি
মনটা আমার তাজা
তাই তোমাদের বলে রাখি ভাই
মনের বয়েস বাড়তে দিও না।

দু্ঃখ ও ব্যথাগুলোকে আটলান্টিক মহাসাগরে ছুঁড়ে ফেলতে পারলেই মনের বয়স ধরে রাখা যায় । কবি প্রশ্ন রেখে গেছেন , ‘ কোন বয়সে থমকে গেলে সু্শ্রী দেখায় ‘ ! এখানে এটাই বলার যে , সুশ্রী না দেখালেও কোনো ক্ষতি নেই , কিন্তু মনের সৌন্দর্য যেন ক্ষতিগ্রস্ত না হয় । মন ভালো তো সব ভালো । ডোপামিন , যাকে বলে আনন্দ হরমোন , বয়সকে বেঁধে রাখার ক্ষমতা ধরে । মনের জোরেই তো ‘ পঙ্গুং লঙ্ঘতি গিরিম্ । মনের জোর না থাকলে ৯০ বছর বয়সে নোবেল পুরস্কার পেতেন না লিওনিদ হুরউইজ । ইনিই সবচেয়ে বেশি বয়সে নোবেল পাওয়া মানুষ ।

প্রতি বছর জন্মদিনে
একটি বছর বয়েস বাড়ে
নতুন আশায় বুক বেঁধে ভাই
মনটা রেখো সবুজ করে ।

মোট কথা , হাল ছাড়া চলবে না কোনো অবস্থাতেই । বয়স হয়েছে , অতএব এবার থামতে হবে , রণে ভঙ্গ দেওয়াই ভালো , এসব অবান্তর ভাবনাগুলোকে আমল দেওয়া চলবে না মোটেও । মনে রাখতে হবে , মন নেতিবাচক হয়ে উঠলে তবেই জীবন সংগ্রামে পিছিয়ে পড়ে মানুষ । সবচেয়ে বেশি বয়সে এভারেস্ট জয় করেন ইউকিরো মুইরা , ৮৫ বছর বয়সে , ভাবা যায় !

তোমরা বুড়ো হয়েও
খোশমেজাজে থেকো
মনটাকে ভাই সবাই
চাঙ্গা করে রেখো
আনন্দে প্রাণ ভরে নিও ভাই
মনের বয়েস বাড়তে দিও না।

একবার না পারিলে হাল ছেড়ে কাশীবাসী হওয়ার দরকার নেই । কত কি দেখার , কত কি জানার রয়েছে বাকি । নয়ন মেলে জগতের বাহার দেখতে চাইলে মন খুলে বাঁচতে হবে সবার আগে । ৮৫ বছর বয়সে অস্কার জয়ী হন ইমানুয়েল রিভা । ৮৮ বছর বয়সে সাহিত্যে নোবেল পুরস্কার পান ডরিস লেসিং ।মনে রাখতে হবে , জীবনটা কোনো রেস নয় , একটা জার্নি । এর পায়ে পায়ে , পরতে পরতে বিস্ময় । এখানে সফলতার মার্কশিট বলে কিছু নেই । তা যদি হতো , তাহলে আমাদের পৃথিবী ভ্যান গঘ , বিল গেটস কিংবা মার্ক জুকারবার্গ প্রমুখ কাউকেই পেতো না ।

আরও পড়ুন- ফিরে দেখা: চব্বিশের বিনোদনের ফ্ল্যাশব্যাক সফর

_

_

_

Related articles

‘মহাকাব্যিক স্ট্রিট ফুড’, উৎপল সিনহার কলম

" নিন, টপ করে খেয়ে নিন..." টপ করে মুখের মধ্যে চলে তো গেল ছোট্ট গোলাকার বলটি। কিন্তু তারপর...

বাংলার জন্য ফের মমতাই প্রয়োজন! তৃণমূল নেত্রীর হয়ে সওয়াল কংগ্রেস নেত্রী রেণুকার

রাজ্যে ভোটের আবহ যত বাড়ছে, ততই বিরোধী শিবিরের সমীকরণ ঘিরে তৈরি হচ্ছে নতুন জল্পনা। এবার খোদ কংগ্রেসের শীর্ষ...

‘গণতন্ত্রের শত্রু’ বিজেপি! গেরুয়া শিবিরের সাম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধে গর্জে উঠল গণমঞ্চ

বিজেপির সাম্প্রদায়িক মেরুকরণ এবং বাংলা ভাগের চক্রান্তের বিরুদ্ধে সরব হলো ‘দেশবাঁচাও গণমঞ্চ’। শনিবার সন্ধ্যায় উত্তর কলকাতার বাগবাজারে আয়োজিত...

বকেয়া ডিএ মেটাতে তৎপর নবান্ন, ১৩ এপ্রিলের মধ্যে এসওপি জমার নির্দেশ অর্থ দফতরের

শিক্ষক ও সরকারি কর্মীদের দীর্ঘদিনের বকেয়া মহার্ঘ ভাতা বা ডিএ মেটানোর প্রক্রিয়া আরও গতিশীল করতে কড়া পদক্ষেপ করল...