তালসারির সমুদ্রতটে (Talsari Sea Beach) বাংলা ধারাবাহিকের শ্যুটিং করতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হয়েছে অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunoday Bandopadhyay)। রবিবাসরীয় বিকেলের সেই নির্মম মুহূর্তটার কথা বারবার ঘুরে ফিরে আসছে সোশ্যাল মিডিয়ায়। ইন্ডাস্ট্রির সতীর্থরা অনেকেই অভিনেতার মৃত্যু সংবাদ পাওয়ার পর থেকেই পরিবারের পাশে এসে দাঁড়িয়েছে। কিন্তু প্রযোজনা সংস্থা কোথায়? কখনও বিভ্রান্তিকর বিবৃতি কখনওবা মুখে কুলুপ, এটা কেন? সোশ্যাল মিডিয়ায় রাহুলের মৃত্যুর বিচার চেয়ে প্রশ্ন তুললেন পরিচালক অভিনেতা অরিন্দম শীল (Arindam Sil) ।



সমুদ্র সৈকতে শুটিং করতে গেলে যে ন্যূনতম অনুমতির প্রয়োজন হয়, যে সুরক্ষাবলয় প্রস্তুত রাখতে হয় তার বিন্দুমাত্র ছিল না তালসারির শ্যুটিং স্পটে। উপরন্ত বারবার করে ঘটনার মোড় ঘুরিয়ে দিতে রাহুলের উপর দোষ চাপানোর সমস্ত চেষ্টা চালাতে দেখা গেছে শ্যুটিং ইউনিটের লোকজনকে। প্রযোজনা সংস্থা নীরব। শিল্পীদের ফোরাম কোথায়? পুলিশের কাছেই বা উত্তর নেই কেন? এই ইন্ডাস্ট্রির ৩৭ বছরে সদস্য হিসেবে আর চুপ থাকতে পারলেন না অরিন্দম (Arindam Sil)। নিজের সোশ্যাল মিডিয়া পেজে এক দীর্ঘ পোষ্টে তিনি লেখেন,
‘রাহুলের মৃত্যুর বিচার চাই।

- ১। সত্যি কোনও অনুমতি ছাড়া অন্য রাজ্যে গিয়ে শুটিং হচ্ছিল ? কি করে প্রোডাকশন ম্যানেজার শুটিং করতে গেল বিনা অনুমতি তে !!! কার প্ররোচনায় ??? ফেডারেশন কি অবগত ছিলেন ?
- ২। জোয়ারের সময় কীকরে শুট করার সিদ্ধান্ত নেওয়া হলো! এই সিদ্ধান্ত কখনও কোনও অভিনেতার হতে পারে না। কে নিলো এই সিদ্ধান্ত। প্রতিদিন যেখানে ২০-২২ মিনিটের ফুটেজ তুলতে হয় সিরিয়ালের ক্ষেত্রে , সেখানে কোনও অভিনেতার কথায় দৃশ্য বাড়ানো যায় না।
- ৩। দুদিন হয়ে গেল। প্রযোজনা সংস্থা র মুখে কুলুপ কেন।
- ৪। কেন এত রকমের বিভ্রান্তিকর বিবৃতি।
- ৫। কী সতর্কতা অবলম্বন করা হয়েছিল সমুদ্রে নেমে শুটিং করার আগে ? না নেওয়া থাকলে এই প্রযোজনা সংস্থার বিরুদ্ধে এখনও অব্দি কেন কোনও ব্যবস্থা নেওয়া হচ্ছে না !!!’
অরিন্দমের কথায়, ‘কোথাও কোনও স্বচ্ছতা নেই। দু দিন হয়ে গেল। শিল্পীদের ফোরাম কি বলছেন ! পুলিশ কি করছেন। দায়িত্ব পুরোপুরি প্রযোজনা সংস্থা র উপর বর্তায়। তাদের এই চুপ করে থাকা , পরিষ্কার করে সামনে এসে দায়িত্ব নিয়ে বিবৃতি না দেওয়া – সবটাই মেনে নেওয়া যায় না। ঠিক যেভাবে রাহুলের এই চলে যাওয়া মেনে নেওয়া যাচ্ছে না।এই ইন্ডাস্ট্রি র ৩৭ বছরের একজন সদস্য হিসেবে আর চুপ করে থাকতে পারলাম না। এত চুপ করে থাকা কি কিছু চুপ করিয়ে রাখার কারণে ???? মেরুদণ্ডগুলো সব কোথায় এখন !!!! রাহুলের এই মৃত্যুর কারণ এর অনেকটাই রাহুলের উপর চাপিয়ে দেওয়ার যে চেষ্টা চলছে তার তীব্র প্রতিবাদ করছি। রাহুলের মৃত্যুর বিচার চাই। আমাদের বাবিন এর মৃত্যুর বিচার চাই।’


অভিনেতা রাহুল (Rahul Arunoday Bandopadhyay) লীনা গঙ্গোপাধ্যায়ের প্রযোজনা সংস্থার সংস্থার ধারাবাহিক ‘ভোলে বাবা পার করেগা’র শ্যুটিং করতে গিয়ে প্রয়াত হন। মঙ্গলবার সন্ধ্যায় স্টার জলসায় (Star Jalsha)নির্দিষ্ট সময়ে এই ধারাবাহিক সম্প্রচারের মুহূর্তে রাহুলের একটি ছবি দিয়ে শোক জ্ঞাপন করা হয়। ম্যাজিক মোমেন্টসের কর্ণধার তথা লেখিকা লীনা (Leena Gangopadhyay) জানিয়েছেন, তিনি ব্যক্তিগতভাবে প্রিয়াঙ্কার (Priyanka Sarkar) সঙ্গে যোগাযোগ করতে চেয়েছিলেন। কিন্তু তাঁদের তরফ থেকে কোনও উত্তর আসেনি। রাহুল-পত্নীকে তিনি নাকি মেসেজ করে রেখেছেন, প্রয়োজনমতো যোগাযোগ করে নেওয়ার জন্য। ধারাবাহিকের নায়িকা শ্বেতা গত তিনদিন ধরে ফোনে অধরা।

–

–

–

–

–
