পশ্চিমবঙ্গে প্রথমবারের জন্য সরকার গড়তে চলেছে ভারতীয় জনতা পার্টি (BJP)। পঁচিশে বৈশাখের সকালে কবিগুরুর ১৬৫-তম জন্মজয়ন্তীতে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে বিজেপি মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠান। শুক্রবার মুখ্যমন্ত্রী হিসেবে নন্দীগ্রাম ও ভবানীপুরের জয়ী প্রার্থী শুভেন্দু অধিকারীর (Subhendu Adhikari) নাম ঘোষণা করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। বাংলায় বিজেপির প্রথম মুখ্যমন্ত্রী হিসেবে তিনি আজ শপথ নেবেন। শনিবার ভোর থেকেই একাধিক রাস্তায় যান নিয়ন্ত্রণ করা হচ্ছে। যেহেতু প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী-সহ দেশের প্রায় ২১টি রাজ্যের মুখ্যমন্ত্রীরা উপস্থিত থাকবেন এই অনুষ্ঠানে তাই মহানগরী জুড়ে কড়া নিরাপত্তা। ব্রিগেড প্যারেড গ্রাউন্ডকে কমবেশি ৩৫টি সেক্টরে ভাগ করা হয়েছে লালবাজারের (Kolkata Police) তরফে। সেখান থেকে আবার কয়েকটি সেটা নিয়ে তৈরি একটি ব্লক যার দায়িত্বে আইপিএস পদমর্যাদার এক জন করে অফিসার। কলকাতার পুলিশ কমিশনার অজয় নন্দা (Ajay Nanda) নিরাপত্তার সার্বিক দায়িত্বে রয়েছেন।

এদিন সকাল দশটা থেকে শপথ গ্রহণের অনুষ্ঠান শুরু হবে। কেন্দ্রের তরফ থেকে মূলমঞ্চে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ছাড়াও বিজেপি সভাপতি নীতিন নবীন থাকবেন। এছাড়াও গুরুত্বপূর্ণ কেন্দ্রীয় মন্ত্রীদের আমন্ত্রণ জানানো হয়েছে।মাঠের প্রথম দিকের কয়েকটি ব্লকে থাকবেন ভিভিআইপি বা বিশেষ গুরুত্বপূর্ণ ব্যক্তিরা। ভিআইপি ও নিমন্ত্রিত অতিথি ছাড়া কেউ শপথ গ্রহণ অনুষ্ঠান দেখতে চাইলে তাঁদের ভালো করে চেকিং করে তবে ঢুকতে দেওয়া হবে। সঙ্গে নেওয়া যাবে না, ছাতা, ব্যাগ, জলের বোতল। ব্রিগেড ও ময়দান চত্বরের সামগ্রিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রায় চার হাজার পুলিশকর্মী মোতায়েন থাকছেন। সকাল সাড়ে দশটা নাগাদ কলকাতা বিমানবন্দরে পৌঁছবেন নরেন্দ্র মোদি। সেখান থেকে প্রথমে হেলিকপ্টার এবং তারপর সড়ক পথে অনুষ্ঠানস্থলে পৌঁছে যাবেন প্রধানমন্ত্রী। বিজেপি মন্ত্রিসভার শপথ গ্রহণ উপলক্ষে পর্যাপ্ত কেন্দ্রীয় বাহিনীও রাখা হচ্ছে।

–

–

–

–

–

–
–
–

