রবিবার দক্ষিণ-পশ্চিম পাকিস্তানের শহর কোয়েটার (Quetta) চমন ফাটকের (Chaman Phatak) কাছে যাত্রীবাহী ট্রেনে আত্মঘাতী বিস্ফোরণ (Suicide Bombing)! রেললাইনের কাছে শক্তিশালী বোমা বিস্ফোরণে প্রাথমিকভাবে ২৬ জনের মৃত্যুর খবর মিলেছে, আহত অন্তত শতাধিক। বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে ট্রেনটি লাইনচ্যুত হয়ে পড়ে এবং একাধিক বগিতে আগুন ধরে যায়। ঘটনার ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায় (সত্যতা যাচাই করেনি বিশ্ববাংলা সংবাদ)।
বিচ্ছিন্নতাবাদী সংগঠন ‘বালোচ লিবারেশন আর্মি’ (BLA)-র জঙ্গি গোষ্ঠী জাফর এক্সপ্রেসকে লক্ষ্য করে এই আত্মঘাতী হামলা চালিয়েছে বলে জানা গিয়েছে। প্রশাসন সূত্রে খবর, ট্রেনটিতে ৩০০ জন যাত্রী ছিলেন। বিস্ফোরণের তীব্রতায় ট্রেনের দুটি বগি উল্টে যায় ৷ ঘন কালো ধোঁয়ায় ঢেকে যায় চারপাশ।প্রত্যক্ষদর্শীদের বক্তব্য অনুযায়ী, এই হামলা এমন একটি এলাকায় ঘটেছে যেখানে সাধারণত সেনা বাহিনীর সদস্যরাই মোতায়েন থাকেন। বিস্ফোরণস্থলের নিকটবর্তী বেশ কয়েকটি বাড়ি ও প্রশাসনিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গিয়েছে।পাকিস্তানের রেলমন্ত্রক (Railway Ministry of Pakistan) এই বর্বরোচিত ঘটনার তীব্র নিন্দা জানিয়ে একে ‘কাপুরুষোচিত জঙ্গি হানা’ বলে আখ্যা দিয়েছে।

–

–

–

–

–

–
