টালিগঞ্জ স্টুডিও পাড়ায় ক্ষমতার কাঠামো বদলের ইঙ্গিত স্পষ্ট। ‘বিশ্বাস ব্রাদার্স’ জমানা শেষ হতেই ফেডারেশন অতীত, এখন চর্চায় শুধুই ‘কনফেডারেশন’ (EIMPCC)। বিজেপি বিধায়িকা পাপিয়া অধিকারী (Papiya Adhikari) আগেই জানিয়েছিলেন এবার আলাদা আলাদা গিল্ড নয় বরং এক ছাতার তলায় টলিউড ইন্ডাস্ট্রির সব সংস্থাকে নিয়ে আসা হবে। সেইমতো ইস্টার্ন ইন্ডিয়া মোশন পিকচার্স অ্যান্ড কালচারাল কনফেডারেশনের (Eastern India Motion Pictures & Cultural Confederation) ঘোষণা করেন তিনি। গত ৮ জুন নবান্নে বৈঠকের পর টলিপাড়ায় সেই ‘কনফেডারেশন’ গঠন নিয়েই একাধিক পোস্টার ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

বাংলা বিনোদন জগতের লাইট-ক্যামেরা -অ্যাকশনের দুনিয়ায় বারবার অরাজকতা এবং ‘দাদাগিরি’র অভিযোগ উঠেছে ফেডারেশনের বিরুদ্ধে। রাজ্যে পালাবদলের পর সেই সব কিছু বন্ধের ইঙ্গিত দেন টালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়িকা। সোমবার নবান্নে তথ্য ও সংস্কৃতি দফতরের তরফে একটি গুরুত্বপূর্ণ বৈঠক হয়। যেখানে উপস্থিত ছিলেন, টলিগঞ্জ সংক্রান্ত দায়িত্বপ্রাপ্ত চার বিধায়ক—রূপা গঙ্গোপাধ্যায়, রুদ্রনীল ঘোষ (Rudranil Ghosh), হিরণ চট্টোপাধ্যায় (Hiran Chatterjee)এবং পাপিয়া অধিকারী। এছাড়াও ছিলেন মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা এবং সংশ্লিষ্ট দফতরের সচিবও। যেভাবে স্টুডিও পাড়ার কর্ম পরিবেশ নিয়ে অসন্তোষ তৈরি হচ্ছিল তার সমাধান সূত্র খুঁজে বের করতেই এই বৈঠকে বিস্তারিত আলোচনা হয় বলে খবর মিলেছে।

সোমবারের বৈঠকের ছবি প্রকাশ্যে আসতে না আসতেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় কনফেডারেশন সংক্রান্ত একটি পোস্টার। সেখানে দাবি করা হয়, টলিগঞ্জে আর কোনও দাদাগিরি চলবে না, শিল্পী থেকে টেকনিশিয়ান—সকলের সমর্থনে গড়ে উঠছে নতুন কনফেডারেশন। পোস্টারে পাপিয়ার উদ্যোগের প্রশংসা করে লেখা হয়, ‘কনফেডারেশন’ গঠনে সর্বসম্মত সিলমোহর পাওয়া গেছে। ঝড়ের গতিতে বিভিন্ন বিনোদন সংক্রান্ত পেজগুলিতে এই পোস্টটা ছড়িয়ে পড়ে। এমনকি বিধায়িকা ঘনিষ্ঠ বিভিন্ন অনুগামীদের পেজেও দেখা যায়। পাপিয়া এ নিয়ে কোনও মন্তব্য করতে চাননি। জানিয়েছেন মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। এখন প্রশ্ন হচ্ছে এই পোস্টার গুলো কি তাহলে শুধুই রাজনৈতিক কিংবা সাংগঠনিক কোনও বার্তা দেওয়ার জন্য এভাবে ভাইরাল করা হয়েছে নাকি বাংলা বিনোদন জগতের ভবিষ্যতের ইঙ্গিত লুকিয়ে রয়েছে এর মধ্যে, মঙ্গলবার দুপুর পর্যন্ত এ প্রশ্নের উত্তর অধরা।

–

–

–

–

–
–
