ভোটের আগে পুলিশ পর্যবেক্ষকের সঙ্গে বিজেপি প্রার্থীর গোপন বৈঠক নিয়ে মগরাহাটের (Magrahat) প্রচার সভা থেকে সরব হয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee), চব্বিশ ঘন্টা কাটার আগেই এবার সেই ইস্যুতে হাইকোর্টের দ্বারস্থ হল তৃণমূল কংগ্রেস (TMC)।

রাতের অন্ধকারে ডায়মন্ড হারবারের একটি সরকারি লজে কমিশনের পুলিশ পর্যবেক্ষকের সঙ্গে গোপন বৈঠক করেন সংশ্লিষ্ট কেন্দ্রের বিজেপি প্রার্থী দীপক হালদার (Dipak Haldar)। সঙ্গে কয়েকজন বিজেপি নেতাও ছিলেন। গত ২০ এপ্রিল সেই ফুটেজ প্রকাশ্যে এনে নির্বাচন কমিশনের (EC) কাছে অভিযোগ জানিয়েছিল তৃণমূল। কিন্তু তাতে কোনও লাভ হয়নি। ডায়মন্ড হারবার কেন্দ্রের জোড়া ফুলের প্রার্থী পান্নালাল হালদার (Pannalal Haldar) বলেন, বিজেপির কথা শুনে নির্বাচন কমিশন তৃণমূল কর্মীদের বিরুদ্ধে মিথ্যে মামলার রুজু করছে। এরপর রবিবার মগরাহাট পূর্ব এবং পশ্চিম বিধানসভা কেন্দ্রের প্রার্থীদের সমর্থনে প্রচারসভা থেকে তোপ দাগেন অভিষেক। বলেন, “ভেবেছিলেন তাঁরা চুপিসারে বৈঠক সেরে ফেলতে পারবেন এবং কেউ টেরও পাবে না। ধরা না পড়ে তাঁরা আলাদাভাবে নির্বাচন কমিশন এবং বিজেপির হয়ে কাজ চালিয়ে যেতে পারবেন। কিন্তু আমি তো সর্বত্র বিরাজমান। আমি মুখোশ খুলে দিয়েছি। সেই গোপন বৈঠকের ভিডিও আপনারা ইতিমধ্যেই প্রকাশ্যে দেখতে পেয়েছেন।’ পাশাপাশি ডায়মন্ড হারবারের পুলিশ আধিকারিকদের বদল নিয়েও সরব হন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। এই ঘটনার চব্বিশ ঘণ্টা কাটার আগেই এবার কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হল রাজ্যের শাসক দল।
–

–

–

–

–

–
–
–
