Monday, May 25, 2026

রাজ্যের সব প্রকল্পই অন্ধকারে! মানুষের পরিষেবা নিয়ে আশঙ্কায় মমতা

Date:

Share post:

রাজ্যের একগুচ্ছ জনমুখী প্রকল্পের ভবিষ্যৎ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, গত তিন দফায় তাঁর সরকার বাংলার মানুষের জন্য ৯১টি জনমুখী প্রকল্প চালু করেছিল। কিন্তু বিজেপি ক্ষমতা দখলের পর সেই সমস্ত প্রকল্প এখন ঘোর অন্ধকারের দিকে এগিয়ে চলেছে। নতুন সরকার যে এই প্রকল্পগুলিকে একে একে জলাঞ্জলি দেবে, তা নিয়ে তিনি নিশ্চিত।

তৃণমূল নেত্রী ক্ষোভ উগরে দিয়ে জানান, চলতি মে মাসে বাংলার কোটি কোটি মহিলা ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্পের আর্থিক সহায়তা পাননি। অথচ এই বিষয়ে বর্তমান শাসক শিবিরের কোনও হেলদোল নেই। তাঁর অভিযোগ, মাসে তিন হাজার টাকা দেওয়ার লোভ দেখিয়ে মানুষকে ভুলিয়ে রাখা হয়েছে। বিজেপি হয়তো দু’-তিন মাস জোড়াতালি দিয়ে এই ভাতা দেবে, কিন্তু তারপর সব বন্ধ হয়ে যাবে।

শুধুমাত্র লক্ষ্মীর ভাণ্ডারই নয়, সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা (ডিএ) নিয়েও সুর চড়িয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, পয়লা এপ্রিল থেকে ডিএ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি। কিন্তু এখনও পর্যন্ত সরকার এই নিয়ে কোনও স্পষ্ট অবস্থান নিতে পারেনি, কোনও আলোচনাও হয়নি। ফলে সরকারি কর্মীরা অন্ধকারে। নতুন সরকারের সপ্তম পে কমিশন গঠনের দাবিকে কটাক্ষ করে তিনি জানান, এই পে কমিশন তাঁর সরকারই বাজেটে পাশ করিয়েছিল এবং ক্যাবিনেট মিটিংয়ে তা অনুমোদিত হয়েছিল। এখন পূর্বতন সরকারের কাজকেই নিজেদের বলে চালাচ্ছে বিজেপি। এর পাশাপাশি নতুন সরকার সবাইকে রেশন, ভাতা এবং মিড ডে মিল দেবে না বলেও চক্রান্ত শুরু করেছে বলে তিনি অভিযোগ করেন।

বিজেপির বিরুদ্ধে ‘উচ্ছেদ রাজনীতি’ এবং ‘প্রতিহিংসার’ অভিযোগ তুলে তৃণমূল নেত্রী যুবভারতী ক্রীড়াঙ্গনের বিশ্ববাংলা লোগো ভেঙে দেওয়ার প্রসঙ্গটি উত্থাপন করেন। তিনি বলেন, ফিফা স্বীকৃত সেই লোগোটি একজন বিশিষ্ট শিল্পীকে দিয়ে ডিজাইন করানো হয়েছিল। সেটি ভেঙে শিল্পীকে অপমান করা হয়েছে। বাম বা অন্য আমলের মূর্তি ভাঙার সংস্কৃতির পথে তাঁর সরকার কখনও হাঁটেনি উল্লেখ করে তিনি বলেন, এটা রুচি ও আদর্শের বিষয়। হকার উচ্ছেদের সমালোচনা করে তিনি জানান, কালীঘাট বা দক্ষিণেশ্বরে তাঁর সরকার আগে পুনর্বাসন দিয়েছে, তারপর হকার বসিয়েছে। কিন্তু বর্তমান সরকার পুনর্বাসন ছাড়াই উচ্ছেদ চালাচ্ছে। পুরোহিত ও ইমামদের ভাতা বন্ধ করে দেওয়া এবং আজান বন্ধের চেষ্টার অভিযোগ তুলে তিনি বর্তমান শাসকদলকে বিভাজনের রাজনীতি থেকে সরে আসার আহ্বান জানান। সব ধর্মের অধিকার রক্ষার দাবি জানিয়ে তিনি বলেন, শব্দের মাত্রা মেপে নিয়ম সবার জন্য এক হওয়া উচিত, কারও অধিকার কেড়ে নেওয়া যায় না।

আরও পড়ুন- ভোটের পরবর্তী হিংসায় ডায়মন্ড হারবারে মৃত্যু তৃণমূলের সোশ্যাল মিডিয়া কর্মীর, গভীর শোকপ্রকাশ মমতা-অভিষেকের

_

_

_

_

_

_

Related articles

রেকর্ড ব্যবধানে ফলতায় জয়: অভিনন্দন প্রধানমন্ত্রীর

ফলতা বিধানসভার পুণর্নির্বাচনে ১ লক্ষ ৯ হাজারের বেশি ভোটে জিতেছেন বিজেপি প্রার্থী দেবাংশু পান্ডা। সাধারণত পুণর্নির্বাচনে (by election)...

‘টু কিল আ মকিংবার্ড’, উৎপল সিনহার কলম

" গানে ভুবন ভরিয়ে দেবে বলেছিল একটি পাখি হঠাৎ বুকে বিঁধল যে তীর স্বপ্ন দেখা হলো ফাঁকি... " তোমরা ডোডো পাখিদের হত্যা...

IPL: শেষ ম্যাচেও দিল্লির বিরুদ্ধে পরাজয়, হতাশাই প্রাপ্তি নাইটদের

সন্ধ্যায় রাজস্থানের জয়ে বিদায় নিশ্চিত হয়ে গিয়েছিল। রাতে হার দিয়ে আইপিএল অভিযান শেষ করল কেকেআর(KKR)। ইডেনে নাইটদের বিরুদ্ধে...

ভোটের পরবর্তী হিংসায় ডায়মন্ড হারবারে মৃত্যু তৃণমূলের সোশ্যাল মিডিয়া কর্মীর, গভীর শোকপ্রকাশ মমতা-অভিষেকের

বিধানসভা নির্বাচন মিটলেও শান্ত হচ্ছে না বাংলা। ভোট-পরবর্তী হিংসার জেরে দক্ষিণ ২৪ পরগনা জেলার ডায়মন্ড হারবারে প্রাণ হারালেন...