Wednesday, May 27, 2026

লোগো বদল, মেজাজ এক! এবার ‘দুয়ারে সরকার’-এর নাম বদলে শুভেন্দুর ‘জনকল্যাণ শিবির’

Date:

Share post:

ফের নাম বদলের রাজনীতি বিজেপি সরকারের। পূর্বতন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত জনপ্রিয় ‘দুয়ারে সরকার’ প্রকল্পের আদলেই এবার রাজ্যে চালু হচ্ছে ‘জনকল্যাণ শিবির’। বিরোধী আসনে বসে এতদিন যেসব প্রকল্পকে “লোক দেখানো” বা “ভোটের রাজনীতি” বলে তীব্র কটাক্ষ করত বিজেপি, ক্ষমতায় এসে কার্যত সেই চেনা প্রশাসনিক মডেলকেই নতুন মোড়কে ফিরিয়ে আনতে হচ্ছে শুভেন্দু অধিকারী সরকারকে।

বুধবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেছেন, আগামী ১৫, ১৬ ও ১৭ জুন রাজ্য জুড়ে প্রথম দফায় চলবে এই ‘জনকল্যাণ শিবির’। প্রত্যেক গ্রাম, ব্লক, পুরসভা ও কর্পোরেশন এলাকায় এই শিবির আয়োজন করা হবে। সরকারের দাবি, এই শিবিরের মাধ্যমে কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমুখী প্রকল্পের সুবিধা সরাসরি সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া হবে। জাতিগত শংসাপত্র থেকে শুরু করে বিভিন্ন ভাতা বা সরকারি অনুদানের আবেদন ও নিষ্পত্তি হবে এক ছাদের তলাতেই।

নতুন সরকারের এই ঘোষণার পর থেকেই রাজ্য রাজনীতিতে তীব্র চাপানউতোর শুরু হয়েছে। রাজনৈতিক মহলের বড় অংশই প্রশ্ন তুলছেন, এতদিন যেসব প্রকল্পকে বিজেপি “প্রচারসর্বস্ব” এবং “সরকারি কোষাগার ফাঁকা করার কৌশল” বলত, এখন সেই একই পদ্ধতিতে প্রশাসনকে মানুষের দরজায় নিয়ে যেতে হচ্ছে কেন? নাম বদলালেও প্রকল্পের অভ্যন্তরীণ কাঠামো যে প্রায় একই থাকছে, তা নিয়েই জোরালো কটাক্ষ শুরু করেছে বিরোধী শিবির। তৃণমূল নেতৃত্বের বক্তব্য, মুখে বিরোধিতা করলেও মমতা বন্দ্যোপাধ্যায়ের তৈরি করা উন্নয়নের মডেলকে অনুকরণ করা ছাড়া নতুন সরকারের কাছে কোনো বিকল্প নেই।

আসলে নতুন সরকারের একের পর এক সিদ্ধান্তে এখন রাজনৈতিক পর্যবেক্ষকদের কাছে স্পষ্ট যে, পূর্বতন সরকারের বহু জনপ্রিয় প্রকল্প পুরোপুরি বন্ধ করার রাজনৈতিক ঝুঁকি নিতে চাইছে না বর্তমান শাসকদল। বরং সেগুলিকে বাঁচিয়ে রেখে শুধু নাম পাল্টে নতুন ব্র্যান্ডিং করাই এখন সরকারের মূল কৌশল হয়ে দাঁড়িয়েছে। রাজ্যে ক্ষমতার পরিবর্তনের পর থেকেই এই প্রবণতা স্পষ্ট। মহিলাদের জন্য আর্থিক সাহায্যের প্রকল্প ‘লক্ষ্মীর ভাণ্ডার’ বদলে হয়েছে ‘অন্নপূর্ণা প্রকল্প’, সরাসরি অভাব-অভিযোগ জানানোর পোর্টাল ‘মুখ্যমন্ত্রীকে বলো’ রূপান্তরিত হয়েছে ‘আপনার সরকারকে বলুন’ কর্মসূচিতে। আর এবার সেই তালিকায় জুড়ল ‘দুয়ারে সরকার’ থেকে ‘জনকল্যাণ শিবির’। ওয়াকিবহাল মহলের মতে, বিজেপি সরকারের প্রশাসনিক রাজনীতিতে এখন সবচেয়ে বড় অস্ত্রই যেন এই নাম বদলের খেলা।

আরও পড়ুন- মেসির চোট কতটা উদ্বেগজনক? বড় আপডেট দিলেন স্কালোনি

_

_

_

_

_

_

Related articles

টিকিট কেটেও জায়গা পেলেন না যাত্রীরা! রেলকে ৩৫ হাজার টাকা জরিমানা

ট্রেনে উঠে হাজারো সমস্যার সম্মুখিন যে সাধারণ যাত্রীরা তাঁদের জন্য কিছুটা স্বস্তি দিল আদালত। রেলের যে চরম অব্যবস্থার...

সাসপেনশন অতীত! কালীঘাট থেকে সোজা নবান্নে মুখ্যমন্ত্রীর দফতরে ওসি গৌতম দাস

নির্বাচন পর্বে আগ্নেয়াস্ত্র হাতে ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার অভিযোগে একসময় সাসপেন্ড হতে হয়েছিল যাঁকে, এবার সেই পুলিশ...

শুরু জনগণনার প্রস্তুতি, জেলা থেকে পুরসভা স্তরে সেনসাস অফিসার নিয়োগ নবান্নর

দেশজুড়ে জনগণনা বা সেনসাস প্রক্রিয়ার প্রাথমিক প্রস্তুতি শুরু হয়ে গেল পশ্চিমবঙ্গেও। এই প্রক্রিয়ার অঙ্গ হিসেবে রাজ্য জুড়ে পুরোদমে...

মেসির চোট কতটা উদ্বেগজনক? বড় আপডেট দিলেন স্কালোনি

কয়েক সপ্তাহ পরেই শুরু বিশ্বকাপ। তার আগে মেসির(Messi) চোট নিয়ে উদ্বেগে আর্জেন্টিনা শিবির। দলের সেরা তারকার চোট নিয়ে...