Wednesday, May 13, 2026

দলের বিধায়কদের এক মাস পাটনা থাকতে বললেন তেজস্বী, কিন্তু কেন?

Date:

Share post:

নামমাত্র ব্যবধানে এনডিএর কাছে পরাজয়। রাজ্যের একক বৃহত্তম দল হয়েও ক্ষমতা থেকে দূরে থাকতে হচ্ছে। যে নীতীশ কুমার ফের মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসতে চলেছেন, তাঁর নিজের দল জেডিইউ রাজ্যে তৃতীয় স্থানাধিকারী। এই পরিস্থিতিতে এখনই সরকার গড়ার সব অাশা ছাড়তে নারাজ আরজেডি। মহাজোটের নেতা তেজস্বী যাদব আরজেডির সব বিধায়ককে নির্দেশ দিয়েছেন, এখনই নিজেদের জেলায় না ফিরে আগামী এক মাস পাটনাতেই থাকতে হবে। জেলবন্দি লালুপ্রসাদ পুত্রকে বার্তা পাঠিয়েছেন, তাড়াহুড়ো না করে সময় মেপে পা ফেলতে হবে। এনডিএর সঙ্গে সংখ্যার ব্যবধান যা, তাতে সরকার গড়া অসম্ভব নয় বলে মনে করছে আরজেডি শিবির।

কংগ্রেসের খারাপ ফলের জন্যই বিহারে একটুর জন্য সরকার গড়া গেল না বলে মনে করছেন আরজেডি ও বাম নেতারা। কিন্তু তাও বিকল্প চেষ্টা জারি রয়েছে। ২৪৩ আসনের বিহার বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন ১২২ আসন। এনডিএ পেয়েছে ১২৫ ও মহাজোট ১১০। সরকার গড়তে আরজেডি নেতৃত্বাধীন মহাজোটের দরকার ১২ জন বিধায়কের সমর্থন। জানা গিয়েছে, বিজেপিকে আটকানোর স্বার্থে তাঁর দলের ৫ বিধায়ক মহাজোটকে সমর্থন করবে বলে জানিয়েছেন মিম নেতা অাসাউদ্দিন ওয়েইসি। এনডিএ শিবিরের দুই ছোট দল জিতনরাম মাঝির এইচএএম ও মুকেশ সাহানির ভিআইপি পেয়েছে চারটি করে আসন। এই দুই দলই আগে একসময় মহাজোটের দিকে ছিল। এখন আবার মহাজোটের পক্ষ থেকে তাদের উপমুখ্যমন্ত্রিত্ব সহ একাধিক সুযোগ সুবিধা দেওয়ার প্রস্তাব পাঠানো হচ্ছে, যাতে এই দুই দল এনডিএ ছেড়ে বেরিয়ে মহাজোটে যুক্ত হয়। বলা হচ্ছে, এনডিএর ছাতার তলায় থাকলে যে সুবিধা পাওয়া যাবে, তার চেয়ে লাভ অনেক বেশি হবে মহাজোটের অংশীদার হলে। শেষ পর্যন্ত যদি এই উদ্যোগ আদৌ বাস্তবায়িত হয়, সেক্ষেত্রে মিম সহ তিন দলের মোট ১৩ জন বিধায়কের সমর্থন নিয়ে বিহারে সরকার গড়ার জায়গায় পৌঁছে যাবে মহাজোট। তলায় তলায় চেষ্টা জারি রাখতেই আপাতত এক মাস দলীয় বিধায়কদের রাজধানী পাটনা থাকার নির্দেশ দিয়েছেন তেজস্বী। তবে রাজনৈতিক পর্যবেক্ষকদের অনুমান, এখন না হলেও ভবিষ্যতে বিজেপির দাদাগিরি মেনে চলা অসম্ভব হবে খোদ নীতীশের পক্ষেও। তখন হয়তো তিনি মহাজোটের পুরনো বন্ধুদের কাছে ফিরে আসতেও পারেন।

 

Related articles

জোর করে ভাড়াটে ঢোকানোর অভিযোগ, গ্রেফতার বরাহনগরের তৃণমূল কাউন্সিলার

গ্রেফতার করা হল বরাহনগর পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস (TMC Councillor Arrested) কাউন্সিলার শান্তনু মজুমদার (Shantanu Majumdar)...

রেশনে আর আটা সরবরাহ নয়, নতুন সরকার গঠন হতেই ঘোষণা খাদ্যমন্ত্রীর 

বাংলায় পরিবর্তনের জেরে সরকার গড়েছে ভারতীয় জনতা পার্টি। খাদ্যমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন অশোক কীর্তনীয়া (Ashoke Kirtania)। এবার...

২০ মে সারাদেশে বন্ধ থাকবে ওষুধের দোকান! ধর্মঘটের ডাক AIOCD-এর

২০ মে (বুধবার) দেশজুড়ে ওষুধ ধর্মঘটের ডাক দিল অল ইন্ডিয়া অর্গানাইজেশন অফ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস (AIOCD)। এই ধর্মঘটে...

ঝড়-বৃষ্টির দুর্যোগ কাটিয়ে রাজ্যে বাড়ছে তাপমাত্রা!

কালবৈশাখীর আমেজ এখন অতীত, ভরা গ্রীষ্মের মরশুমে উষ্ণতা বৃদ্ধির সম্ভাবনা রাজ্যের সব জেলায়। কলকাতাসহ দক্ষিণবঙ্গে হালকা বৃষ্টির পূর্বাভাস...