Wednesday, April 1, 2026

নাম না করে শিশির-দিব্যেন্দুর উদ্দেশ্যে কৌশলী টুইট কুণালের! কী লিখলেন তিনি?

Date:

Share post:

সামনেই তৃণমূলের একুশে জুলাই সমাবেশ। তার আগে ১৮ জুলাই রাষ্ট্রপতি নির্বাচন। এবার রাজ্য বিধানসভায় বাংলার লোকসভা ও রাজ্যসভার সাংসদদের জন্য ভোটদানের ব্যবস্থা করা হয়েছে। এ রাজ্যের সাংসদরা চাইলে বিধানসভায় এসে রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিতে পারেন। তৃণমূলের সাংসদরা বিধানসভাতেই ভোট দেবেন।

এরই মাঝে নতুন করে জল্পনা বাড়িয়ে অধিকারী পরিবারের দুই সাংসদ দিল্লিতে গিয়ে সংসদ ভবনে ভোট দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। কাঁথির বর্ষীয়ান সাংসদ শিশির অধিকারী ও তাঁর পুত্র তমলুকের সাংসদ দিব্যেন্দু অধিকারী দিল্লিতে গিয়ে ভোট দিতে পারেন বলে শোনা যাচ্ছে। এই দু’জনই ২০১৯ সালে লোকসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি সামনে রেখে তৃণমূলের প্রতীকে দাঁড়িয়ে ভোটে জিতেছেন।

আর এই বিষয়টি নিয়েই ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষ। তাঁর মন্তব্যে কটাক্ষের সুরও পাওয়া গিয়েছে। কুণাল একটি টুইটে শিশির অধিকারী বা দিব্যেন্দু অধিকারীর নাম উল্লেখ না করে লেখেন, রাষ্ট্রপতি নির্বাচনে অধিকারী পরিবারের সাংসদদের তৃণমূলের মতো বিধানসভায় ভোট দেওয়া উচিত। তার আগে ১৭ তারিখ পূর্ব মেদনীপুরের কাঁথিতে একুশে জুলাইয়ের প্রস্তুতি সভাতেও “আমন্ত্রণ” জানান কুণাল।

তৃণমূল মুখপাত্র তাঁর টুইটে লেখেন, “শুনলাম তৃণমূল থেকে নির্বাচিত কোনও সাংসদ বলেছেন তিনি রাষ্ট্রপতি নির্বাচনে যশবন্ত সিনহাকেই ভোট দেবেন। কিন্তু দিল্লিতে গিয়ে গোপন ব্যালটে দেবেন। তিনি বরং ১৭ তারিখ কাঁথিতে ২১ জুলাই কর্মসূচির সমর্থনে দলের সভায় আসুন এবং পরের দিন দলের সিদ্ধান্ত মেনে কলকাতায় ভোট দিন। না হলে বুঝব মিথ্যা।”

 

প্রসঙ্গত, কাঁথিতে একুশে জুলাইয়ের প্রস্তুতি সভায় অন্যতম বক্তা হিসেবে হাজির থাকবেন কুণাল ঘোষ। তৃণমূলের টিকিটে জেতা অধিকারী পরিবারের দুই সাংসদের সঙ্গে বিজেপি যোগ আগেই স্পষ্ট হয়েছে। কিন্তু সাংসদ পদ আগলে বসে রয়েছেন তাঁরা। তাই এবার নাম না করে শিশির-দিব্যেন্দু উদ্দেশ্যে কৌশলী বার্তা কুণালের।

 

 

 

Related articles

আর দু-এক টাকা নয়, বুধবার থেকেই এক লাফে ২১৮ টাকা বাড়ছে বাণিজ্যিক গ্যাসের দাম

প্রতিদিন সবার অলক্ষ্যে দু-এক টাকা করে বাড়ছিল দাম। তবে আর কোনও রাখ-ঢাক নয়। এবার বাণিজ্যিক গ্যাসের (commercial LPG)...

নির্বাচনী কাজের প্রবল চাপ, অবসাদে বিষ খেয়ে আত্মহত্যা AERO-র 

ভোটের মুখে ফের এক সরকারি কর্মীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়াল শহরে। মৃতার নাম মালবিকা রায়...

ভোটকর্মী নিগ্রহ-কাণ্ড: কড়া পদক্ষেপ কমিশনের, সাসপেন্ড হাঁসখালির বিডিও

ভোটকর্মীকে মারধর এবং নির্বাচন বিধি লঙ্ঘনের অভিযোগে কড়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। নদিয়ার হাঁসখালির বিডিও সায়ন্তন ভট্টাচার্যকে সাসপেন্ড...

শিক্ষকদের বকেয়া ডিএ মেটাতে তৎপর অর্থ দফতর: বুধবার জরুরি বৈঠক

এপ্রিলের মধ্যেই বকেয়া ডিএ কর্মীদের নির্দিষ্ট নিয়মে মিটিয়ে দেওয়া নিয়ে যে সিদ্ধান্ত রাজ্য সরকার নিয়েছিল, তাতে একের পর...