Sunday, June 21, 2026

‘এখানে থেমো না’, উৎপল সিনহার কলম

Date:

Share post:

উৎপল সিনহা

আর মাত্র কয়েক পা ! তাহলেই ছুঁয়ে ফেলবেন শেষ লাইন । তাহলেই চ্যাম্পিয়ন । কিন্তু আন্তর্জাতিক মঞ্চে এমন সোনার সুযোগ পেয়েও একজন এক দৌড়বিদ এমনটা করেন নি ! জেতার সুযোগ পেয়েও তিনি সেদিন চ্যাম্পিয়ন হবার লোভ ত্যাগ করেছিলেন । কিন্তু কেন ? কী হয়েছিল সেদিন ?

এ কোনো খরগোশ আর কচ্ছপের দৌড় প্রতিযোগিতার গল্প নয় । কিন্তু এও এমন এক অদ্ভুত ঘটনা যা আন্তর্জাতিক মঞ্চে সাধারণত ঘটে না । ২০১২ সালে স্পেনে আয়োজিত এক ক্রস কান্ট্রি রেস চলাকালীন এই বিরল ঘটনায় আলোড়িত হয়েছিল সারা বিশ্ব । মূলত খোলা মাঠে এই প্রতিযোগিতার আসর বসে । তথাকথিত দৌড়ের ট্র্যাক বা ওই ধরনের কোনো নির্দিষ্ট ফিনিশিং লাইন থাকে না । সে বছর স্পেনে আয়োজিত এই প্রতিযোগিতায় সারা বিশ্বের বহু খ্যাতনামা দৌড়বীর অংশগ্রহণ করেছিলেন । যাঁদের মধ্যে অন্যতম ছিলেন লন্ডন অলিম্পিকে ব্রোঞ্জ পদক জয়ী কেনিয়ার আবেল মুতাই । তিনিই ছিলেন সেদিনের সম্ভাব্য চ্যাম্পিয়ন ।
নির্দিষ্ট সময়ে শুরু হলো দৌড়।

কয়েক মিনিটের মধ্যেই সবাইকে পিছনে ফেলে দুরন্ত গতিতে এগোতে লাগলেন আবেল মুতাই । কিন্তু সেদিন তাঁকে দারুণভাবে ধাওয়া করছেন স্পেনের এক দৌড়বিদ । তাঁর নাম ইভান ফার্নান্দেজ আনায়া । জমে উঠেছে টক্কর । খেলায় তো হারজিত থাকেই । কিন্তু জিতে সবার সেরা হতে কে না চান ? ইভানও কারোর চেয়ে কিছু কম যান না । ইভান সেদিন চ্যাম্পিয়ন হন নি ঠিকই , কিন্তু সারা বিশ্বের ক্রীড়াপ্রেমীদের হৃদয় জয় করেছিলেন । এমন এক কান্ড তিনি করেছিলেন সেদিন , যা সারা বিশ্বের ক্রীড়া ইতিহাসে সততা ও নৈতিকতার অন্যতম সেরা উদাহরণ হিসেবে চিরস্থায়ী জায়গা করে নিয়েছে । তিনি সেদিন বুঝিয়ে দিয়েছিলেন জেতাটাই সব নয় । জেতার চেয়েও বড় ব্যাপার আছে খেলাধুলায় এবং সেই শিক্ষা আমাদের দেয় খেলার মাঠ।

সেদিনের এই প্রতিযোগিতায় শেষ লাইনে পা রাখার আগেই থেমে যান আবেল মুতাই । যেন দৌড় শেষ হয়ে গিয়েছে এমন আচরণ করতে থাকেন , যাকে একপ্রকার বিজয় উদযাপন বলা চলে । আসলে ক্রস কান্ট্রি রেসে তেমন অভ্যস্ত ছিলেন না আবেল । তাই ঠিক কোথায় দৌড় শেষ করতে হবে অর্থাৎ কোনটা ফিনিশিং স্পট বুঝতে পারেন নি আবেল । তাই দৌড় শেষ হয়ে গেছে ভেবে আগেভাগেই শুরু করে দেন উল্লাস ।

এমন অবস্থায় চাইলেই আবেলকে টপকে সহজেই চ্যাম্পিয়ন হতে পারতেন ইভান ফার্নান্দেজ । কিন্তু তিনি এমনটা করেন নি । তিনি পিছন থেকে চিৎকার করে আবেলকে সতর্ক করতে থাকেন যে রেস এখনও শেষ হয় নি । এখনও কিছুটা বাকি আছে । কিন্তু কেনিয়ান আবেল ইভানের স্প্যানিশ ভাষা বুঝতে না পেরে বিভ্রান্ত হয়ে ইতস্তত হাঁটতে থাকেন । তখন আবেলকে প্রায় ধাক্কা দিয়ে ভিক্ট্রি লাইন পার করিয়ে জিতিয়ে দেন ইভান। চ্যাম্পিয়ন হন আবেল মুতাই । এমন ঘটনা দেখে মাঠে উপস্থিত সকলে হাততালি দিয়ে তুমুল অভিনন্দন জানান ইভানকে ।

” দৌড় এখনও শেষ হয় নি , তুমি থেমো না আবেল , দৌড়োতে থাকো , আবেল তুমি এখানে থেমো না , এখনই থেমো না আবেল … ” চিৎকার করে একজন দৌড়বিদ এমন বলছেন তাঁর প্রধান প্রতিদ্বন্দ্বীকে , ভাবা যায় !

দৌড় শেষ হবার পর সবাই ঘিরে ধরেন ইভানকে । সাংবাদিকদের প্রশ্ন একটাই : তুমি এমন করলে কেন ?
জবাবে ইভান নির্লিপ্ত ভঙ্গিতে বলেন , ” আমি একটা সামাজিক পৃথিবী চাই যেখানে আমরা সবাই সবাইকে সাহায্য করবো ” ।

সাংবাদিকেরা এই উত্তরে সন্তুষ্ট না হয়ে আবার প্রশ্ন করেন যে , এতবড় সুযোগ পাওয়া সত্ত্বেও নিজে না জিতে অন্যকে জিতিয়ে দেওয়ার মানে কি !

ইভান বলেন , ” জয়টা আমার প্রাপ্য ছিল না , তাই আমি তাকে সাহায্য করেছি মাত্র । আর এমন জয় দিয়ে কী পাবো ? একটা মেডেল ! তারপর আমার মায়ের কাছে কী জবাব দেবো ? যেখানে নৈতিকতা থাকবে না সেই অন্যায় জয় পেয়ে কী লাভ আমার ? আমার মা আমাকে সেই শিক্ষা দেয় নি ” ।

প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন অবশ্যই আবেল মুতাই । কিন্তু আসল চ্যাম্পিয়ন এখানে ইভান ফার্নান্দেজ , যিনি বাঁচিয়ে রাখলেন স্পোর্টসম্যান স্পিরিট নামক নৈতিকতাকে যা , তাবৎ খেলাধুলার মূল দর্শন ।

আসলে আমাদের পরিবার , সমাজ , আমাদের শিক্ষা , সংস্কৃতি আমাদের সবাইকে শুধু জিততেই শেখাচ্ছে , ছলে-বলে-কৌশলে যেভাবেই হোক জিততে হবে ! কিন্তু অন্যকে বা অন্যদের জিতিয়ে দেওয়ার মধ্যেও যে নিজের বা নিজেদের জয় দেখতে পাওয়া যায় , তা আমাদের শেখানোই হয় না ।

আমাদের চিন্তা ও চেতনায় , আমাদের শিক্ষা ও সংস্কৃতিতে সেই কান্তিময় আলো যেন কিছুতেই নিভে না যায়, সেই শিক্ষাই আমাদের দিয়ে যান ইভান ফার্নান্দেজ আনায়া ।

আরও পড়ুন- ১০০ দিনের বকেয়া মেটানোর কাজে গতি আনতে আরও বরাদ্দ রাজ্যের

Related articles

যোগ দিবসে কলকাতার একাধিক রাস্তায় যান নিয়ন্ত্রণ

আন্তর্জাতিক যোগ দিবসের কর্মসূচির (International Yoga Day Program) জন্য শনিবার থেকেই যান চলাচল নিয়ন্ত্রণ করা শুরু হয়েছে মহানগরীর...

যোগ দিবসে মোদির মুখে রবীন্দ্রনাথ থেকে লাহিড়ী মহাশয়ের প্রসঙ্গ, প্রধানমন্ত্রীকে ধন্যবাদ মুখ্যমন্ত্রীর

দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবসের (12th International Yoga Day) অনুষ্ঠানে অংশ নিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। রবিবার...

রেড রোডে যোগ দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী, রয়েছেন রাজ্যপাল-মুখ্যমন্ত্রীও

রবিবাসরীয় সকালে দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবসের (International Yoga Day) অনুষ্ঠানে যোগ দিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কলকাতার আয়োজিত...

সকাল সকাল আজ শহরে কী কী কর্মসূচি প্রধানমন্ত্রীর

দুদিনের সফরে রাজ্যে এসেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। শনিবার তারকেশ্বরে পশ্চিমবঙ্গ দিবসের অনুষ্ঠানে অংশ নিয়েছেন। সরকারি...