Saturday, April 4, 2026

বেশি বয়সে বিয়ে! দিলীপ ছাড়া তালিকায় কারা

Date:

Share post:

প্রেমে পড়ার যেমন কোনও বয়স হয় না, বিয়ে করারও উর্ধ্বসীমা নেই। আইনগত বাধা না থাকলে, যে কোনও বয়সেই মালাবদল করা যায়। আর রাজনীতিতে সেই উদাহরণ ভুরি ভুরি। বছর ষাটের বিজেপি (BJP) নেতা দিলীপ ঘোষের (Dilip Ghosh) বিয়ের খবরে যখন বঙ্গ রাজনীতিতে জোর চর্চা, তখন ফিরে দেখা যাক এই তালিকায় আর কে কে আছেন? প্রিয়রঞ্জন দাশমুন্সি থেকে সোমেন মিত্র (Somen Mitra) লিস্ট কিন্তু কম নয়।

চিরকুমার বলে তকমা যখন প্রায় পড়ে গিয়েছিল, তখনই কংগ্রেসের লড়াকু নেতা প্রিয়রঞ্জন দাশমুন্সি ঘোষণা করেন তিনি বিয়ে করবেন। সালটা ১৯৯২। পাত্রী দীপা ঘোষ। ৯৪ সালের পয়লা বৈশাখ বিয়ের রেজিস্ট্রি করেন প্রিয়-দীপা। মে-মাসে আনুষ্ঠানিক বিয়ে। এক পুত্র সন্তান তাঁদের। আরেক বৈশাখেই বিয়ে করতে চলেছেন দিলীপ (Dilip Ghosh)।

আরেক তৎকালীন কংগ্রেস নেতা সোমেন মিত্র। ‘আইবুড়ো কার্তিক’ বলে সবাই ধরেই নিয়েছিল তাঁকে। অনুগামীরা শুধু জিজ্ঞাসা করতেন, “ছোড়দা বিয়ে করবে না?” অবশেষে পঞ্চাশ পেরিয়ে নয়ের দশকের শেষে শিখাকে বিয়ে করেন সোমেন। সোমেন-শিখারও রয়েছেন এক পুত্র।

বেশ বেশি বয়সে বিয়ে করেন আরেক রাজনীতিবিদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। বেশ কিছুদিন অভিনেত্রী (বর্তমানে বিধায়ক) নয়না দাশের সঙ্গে সম্পর্কে থাকার পরে তাঁকে বিয়ে করেন। এখন দুজনেই রাজনীতির ময়দানে। এঁরা সবাই জীবনসঙ্গী বাছেন পঞ্চাশের পার হয়ে।

অতটা দেরি না হলেও, বেশ বেশি বয়সে বিয়ে করেন কংগ্রেস নেতা প্রদীপ ভট্টাচার্যও।

আরেক রাজনৈতিক নেতা লক্ষ্ণণ শেঠ। সিপিএম থেকে কংগ্রেসে গিয়ে এখন রাজনীতির বাইরে। প্রথম স্ত্রী তমালিকা পণ্ডা শেঠের মৃত্যুর বেশ অনেক বছর পরে ফের বিয়ের পিড়িতে বসেন তিনি। তখন লক্ষ্ণণের বয়স সত্তর পেরিয়েছে। পাত্রী মানসী দে। শোনা যায়, এই বিয়ে নিয়ে লক্ষ্ণণের প্রথম পক্ষের দুই পুত্র যথেষ্ট অসন্তুষ্ট ছিলেন।

দিল্লির বিজেপি নেতা অরবিন্দ মেনন। জীবনের অনেক বসন্ত পার করে, সম্প্রতি বিয়ে করেছেন তিনি। সুতরাং, দিলীপ ঘোষের (Dilip Ghosh) বিয়ের বয়স পেরিয়ে যায়নি। কারণ, বিয়ের বয়সের কোনও উর্ধ্বসীমা নেই।

Related articles

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...