Tuesday, March 24, 2026

বৃষ্টি-ধসে ভয়াবহ পরিস্থিতি পাহাড়ে, আজই উত্তরবঙ্গ যাচ্ছেন মুখ্যমন্ত্রী

Date:

Share post:

চিন্তা বাড়াচ্ছে উত্তরবঙ্গের পরিস্থিতি। শনিবার রাত থেকে রবিবার সকাল পর্যন্ত বারো ঘণ্টায় যে পরিমাণ বৃষ্টি হয়েছে তার সাম্প্রতিক অতীতে দেখা যায়নি বলেই মনে করছেন স্থানীয়রা। এখনও পর্যন্ত ২৩ জনের মৃত্যুর খবর মিলেছে। বহু পর্যটক আটকে রয়েছেন পাহাড়ের বিভিন্ন এলাকায়। রবিবার সারাদিন কলকাতা থেকে নজরদারি চালাবার পর সোমেই উত্তরবঙ্গ যাচ্ছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এদিন বিকেল তিনটে নাগাদ তাঁর শিলিগুড়ি পৌঁছনোর কথা।

কোথাও সেতু ভেঙে পড়েছে, কোথাও ধসে ক্ষতিগ্রস্ত বাড়ি-রাস্তাঘাট। সড়কপথে কলকাতা থেকে উত্তরবঙ্গের যোগাযোগ ব্যবস্থা কার্যত বিচ্ছিন্ন। কত পর্যটক আটকে রয়েছেন, তার কোনও সরকারি হিসাব না মিললেও সংখ্যাটা যে নেহাত কম নয় তা অনুমান করতে পারছেন প্রশাসনিক কর্তারা। রবিবার পাঁচ জেলা শাসকের সঙ্গে জরুরি বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী। নবান্নে (Nabanna) চালু হয়েছে ২৪ ঘণ্টার কন্ট্রোল রুম। কলকাতা থেকে ঘটনাস্থলে পৌঁছে গেছেন প্রশাসনিক কর্তা ব্যক্তিরা। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও কোচবিহার জেলার অবস্থা ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, “মিরিক, দার্জিলিং, কালিম্পং সব জায়গায় প্রায় ৭টা ল্যান্ড স্লাইড হয়েছে। তার মধ্যে বৃষ্টি। লোহার সেতু ভেঙে গিয়েছে মিরিকে। দার্জিলিংয়েও একটা ভেঙেছে। কালিম্পংয়ের রাস্তা বন্ধ। যে পর্যটকরা আটকে আছেন, আমি বলব, যে যেখানে আছেন সেখানেই থাকবেন। অতিরিক্ত হোটেল ভাড়া যেন না দিতে হয়। প্রশাসন যেন সেই বিষয়টা দেখে। প্রয়োজনে সরকার দেখবে। আমরা সকলকে সেফলি নিয়ে আসব। কেউ যেন তাড়াহুড়ো করতে না যান। আপনারা আমাদের দায়িত্ব। সকলকে ঠিকমতো আমরা পৌঁছে দেবো।”

রবিবারের পর সোমবার সকাল থেকেও জোরকদমে চলছে উদ্ধারকাজ। প্রতিকূল আবহাওয়ার মধ্যেও কাজ করে চলেছে জাতীয় এবং রাজ্যের বিপর্যয় মোকাবিলা বাহিনী (SDRF), সেনা এবং স্থানীয় পুলিশ। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে মিরিক এবং সুখিয়াপোখরিতে। মৃতের সংখ্যা বাড়ার আশঙ্কা রয়েছে। ১২ ঘণ্টায় প্রায় ২৬১ মিলিমিটার বর্ষণে যে পরিস্থিতি তৈরি হয়েছে, তা সাম্প্রতিক কালে দেখা যায়নি বলেই জানাচ্ছেন স্থানীয়রা। অনেকের স্মৃতিতে ফিরেছে ১৯৯৮ সালের ভয়াবহ পরিস্থিতির কথা।

  • • নবান্নের হেল্পলাইন নম্বর: ১০৭০, ৮৬৯৭৯৮১০৭০, ২২১৪-৩৫২৬, ২২৫৩-৫১৮৫
  • • দার্জিলিং পুলিশের কন্ট্রোল রুমের হেল্পলাইন নম্বর: ৯১৪৭৮৮৯০৭৮

Related articles

হিংসা ও ভয়মুক্ত ভোট সুনিশ্চিত করতে কড়া নবান্ন, জেলাশাসকদের বিশেষ নির্দেশিকা মুখ্যসচিবের

আসন্ন বিধানসভা নির্বাচন যাতে সম্পূর্ণভাবে অবাধ, শান্তিপূর্ণ এবং ভয়মুক্ত পরিবেশে সম্পন্ন হয়, তার জন্য এবার কোমর বেঁধে নামল...

ভোটের মুখে মহকুমাশাসক স্তরেও কোপ, রাজ্যে একযোগে ৭৩ জন রিটার্নিং অফিসারকে সরাল কমিশন

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পর থেকেই রাজ্যে প্রশাসনিক রদবদলে বেনজির সক্রিয়তা দেখাচ্ছে নির্বাচন কমিশন। মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব এবং জেলাশাসকদের...

ভোট মিটলেই ফের তদন্তের মুখে শুভেন্দু, স্থগিতাদেশ দিলেও ছাড়ল না আদালত

স্বস্তি মিলল, তবে তা নেহাতই সাময়িক। খড়দহ থানার দায়ের করা বিতর্কিত মন্তব্য সংক্রান্ত মামলায় নন্দীগ্রাম ও ভবানীপুরের বিজেপি...

ভোটের মুখে রাজ্যে আমলা-পুলিশের গণবদল! কমিশনের এক্তিয়ার নিয়ে হাইকোর্টে সওয়াল কল্যাণের

লোকসভা নির্বাচনের মুখে রাজ্যে একযোগে একগুচ্ছ আইএএস এবং আইপিএস আধিকারিককে বদলি করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। কমিশনের এই...