Saturday, April 11, 2026

৭০ দিনে ১০ লক্ষ মানুষকে পরিষেবা, নজির গড়ল রাজ্যের ভ্রাম্যমাণ ইউনিট ‘স্বাস্থ্যবন্ধু’

Date:

Share post:

দুয়ারে সরকার বা পাড়ায় সমাধানের পর এবার বাংলার মানুষের ঘরে ঘরে সুচিকিৎসা পৌঁছে দিতে বড় সাফল্য পেল রাজ্য সরকারের ভ্রাম্যমাণ চিকিৎসা পরিষেবা ‘স্বাস্থ্যবন্ধু’। মাত্র ৭০ দিনের মাথায় এই প্রকল্পের মাধ্যমে ১০ লক্ষ মানুষকে পরিষেবা দিয়ে এক অনন্য নজির তৈরি করল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। রাজ্যের প্রতিটি প্রান্তে, বিশেষ করে প্রত্যন্ত এলাকার মানুষের দোরগোড়ায় আধুনিক চিকিৎসা সরঞ্জাম পৌঁছে দেওয়াই ছিল এই উদ্যোগের মূল লক্ষ্য। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, রাজ্যে ১০,৩১১টি সফল মেডিক্যাল ক্যাম্পের মাধ্যমে এই মাইলফলক স্পর্শ করা সম্ভব হয়েছে।

নবান্ন সূত্রের খবর, রাজ্যে বর্তমানে ২১০টি ভ্রাম্যমাণ চিকিৎসা ইউনিট নিরলসভাবে কাজ করে চলেছে। এই ইউনিটগুলি আসলে একেকটি অত্যাধুনিক হাসপাতালের ক্ষুদ্র সংস্করণ। মুখ্যমন্ত্রী আগেই জানিয়েছিলেন যে, প্রকল্পের সূচনার মাত্র ২০ দিনেই ক্যাম্পে আসা মানুষের সংখ্যা এক লক্ষ ছাড়িয়ে গিয়েছিল। এবার সেই সংখ্যা ১০ লক্ষের গণ্ডি পার করায় খুশি স্বাস্থ্য দফতর। বিশেষ করে গ্রামীণ এলাকার প্রবীণ নাগরিক এবং মহিলারা এই পরিষেবায় সবথেকে বেশি উপকৃত হচ্ছেন বলে দাবি করা হয়েছে।

এই ভ্রাম্যমাণ ইউনিটগুলির বিশেষত্ব হল এর উন্নত পরিকাঠামো। এখানে হিমোগ্লোবিন, কমপ্লিট ব্লাড কাউন্ট (সিবিসি), কোলেস্টেরল, ইউরিক অ্যাসিড থেকে শুরু করে কিডনি ও লিভার ফাংশন টেস্টের মতো প্রায় ৩৫ ধরনের ল্যাব পরীক্ষার সুবিধা রয়েছে। এছাড়াও গুরুতর পরীক্ষার জন্য রয়েছে ইসিজি মেশিন, নেবুলাইজার এবং আল্ট্রাসোনোগ্রাফি (ইউএসজি) করার ব্যবস্থা। বিশেষজ্ঞ চিকিৎসক ও প্রশিক্ষিত নার্সরা এই ইউনিটে উপস্থিত থেকে দ্রুত রোগ নির্ণয় ও প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করছেন।

রাজ্য সরকারের এই জনবান্ধব উদ্যোগকে চিকিৎসার ক্ষেত্রে এক নয়া মাইলফলক হিসেবে দেখছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। জেলার যেসব জায়গায় বড় হাসপাতাল বা ডায়াগনস্টিক সেন্টার অনেক দূরে, সেখানে এই ‘স্বাস্থ্য বন্ধু’ ইউনিটগুলি অভাবী মানুষের কাছে ভরসার জায়গা হয়ে উঠেছে। বিনামূল্যে ল্যাব পরীক্ষা ও বিশেষজ্ঞের পরামর্শ পাওয়ার ফলে সাধারণ মানুষের সময় ও অর্থ— দুই সাশ্রয় হচ্ছে। মূলত গ্রামীণ ও আদিবাসী অধ্যুষিত এলাকায় এই পরিষেবার চাহিদা সবথেকে বেশি লক্ষ্য করা গিয়েছে।

আরও পড়ুন- বিরোধী রাজনীতি শিখতে মুখ্যমন্ত্রীর কাছে প্রশিক্ষণ নিন! বিজেপিকে খোঁচা কল্যাণের

_

_

_

_

_

_

Related articles

ভোটের প্রস্তুতিতে ‘নজরে’ তিন জেলা, সোমে রাজ্যে নির্বাচন কমিশনের উচ্চপর্যায়ের দল

বিধানসভা নির্বাচনের প্রাক্কালে রাজ্যের আইন-শৃঙ্খলা এবং প্রশাসনিক প্রস্তুতি খতিয়ে দেখতে সোমবার রাজ্যে আসছেন সিনিয়র ডেপুটি নির্বাচন কমিশনার জ্ঞানেশ...

বিয়েতে রাজি না হওয়ায় বাগদত্তাকে HIV ইঞ্জেক্ট! আত্মঘাতী তরুণী

বিয়েতে রাজি না হওয়ায় বাগদত্তার শরীরে এইচআইভি (HIV) সংক্রমিত রক্ত ইনজেক্ট করার অভিযোগ! এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে তেলেঙ্গানার...

নাকা চেকিংয়ে বিপুল নগদ ও সোনা-সহ আটক বিজেপি প্রার্থী অশোক দিন্দার ঘনিষ্ঠ

ভোটের মুখে ফের অস্বস্তিতে পদ্মশিবির(Bharati Janata Party)। শনিবার বিজেপি বিধায়ক অশোক দিন্দার (Ashok Dinda) ঘনিষ্ঠ হিসেবে পরিচিত সন্দীপ...

ব্যাডমিন্টন এশিয়া চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারত, ইতিহাস তৈরির দোরগোড়ায় আয়ুষ

বিশ্বের এক নম্বর এবং প্যারিস অলিম্পিক্সে রুপো জয়ী তাইল্যান্ডের কুনলাভুত ভিতিদসার্নকে হারিয়ে ব্যাডমিন্টন এশিয়া চ্যাম্পিয়নশিপের ফাইনালে (Badminton Asia...