শাসক থেকে বিরোধী একাধিক দল বিধানসভা নির্বাচনে বাংলায় প্রার্থী ঘোষণা করে দিয়েছে। একমাত্র শাসকদল তৃণমূল কংগ্রেস সব আসনে প্রার্থী ঘোষণা শেষ করেছে। বিজেপি ও বাম জোট আংশিক ঘোষণা করেছে। একমাত্র কংগ্রেস একজন প্রার্থীরও নাম ঘোষণা করেনি। এই পরিস্থিতিতে বাংলায় কংগ্রেসের (Bengal Congress) ফলাফল নিয়ে মন্তব্য করার থেকে তৃণমূল সম্পর্কে উচ্চকণ্ঠে প্রশংসার পথে কংগ্রেস সাংসদ আইনজীবী অভিষেক মনু সাংভি (Abhishek Manu Singhvi)। সেই সঙ্গে স্পষ্ট জানিয়ে দিলেন যে প্রচারের ঢাক নিয়ে বিজেপি বাংলায় নেমেছে তাতে পর্বতের মূষিকও এবার ছোট আকারে প্রসব হবে।

রাজ্যে এসআইআর (SIR) প্রক্রিয়া শুরুর সময় থেকে শাসকদল তৃণমূল কংগ্রেসের লড়াই দেখেছেন প্রবীন কংগ্রেস নেতা। আইনজীবী হিসাবে সুপ্রিম কোর্টেও দাঁড়িয়েছেন। আর সেই অভিজ্ঞতা থেকেই সাংভির দাবি, বাংলার প্রতি নির্বাচন কমিশনের একটি বিশেষ ভালোবাসা রয়েছে। কেন্দ্রের সরকারও তাতে বিশেষ নজর সবসময় দিয়ে রেখেছে, কারণ এখানে তারা কখনই জিততে পারে না।

বিজেপির উদ্দেশ্য সাধন করতেই যে বাংলায় নির্বাচন কমিশনকে ব্যবহার করা হচ্ছে, তা স্পষ্ট করার পাশাপাশি বাংলার পুলিশ প্রশাসনের আধিকারিকদের নির্বাচনের আগে ব্যাপক হারে বদল নিয়েও সরব কংগ্রেস সাংসদ (Congress MP)। তিনি দাবি করেন, আমি অস্বীকার করছি না যে নির্বাচন কমিশন (Election Commission) সাংবিধানিক প্রতিষ্ঠান। কিন্তু এক্তিয়ার দেখানো এক জিনিস, আর অপমান করা আরেক জিনিস। আপনি সব শীর্ষ আধিকারিকদের তুলে নিয়ে ছুঁড়ে ফেলে দিচ্ছেন।

সেই সঙ্গে অভিষেক মনু সাংভি প্রশ্ন তোলেন, আপনি মুখ্যসচিব (Chief Secretary), পুলিশের ডিজিকে (DGP) সরিয়ে দিচ্ছেন। এরকম আর কোন রাজ্যে করেছেন? আপনি কী সেখানকার প্রশাসনকে পঙ্গু করে দিতে চান?

এই কারণ ধরেই যে এনডিএ-র বিরোধী দলগুলি মুখ্য নির্বাচন কমিশনারের (CEC Gyanesh Kumar) বিরুদ্ধে ইমপিচমেন্ট (impeachment) প্রস্তাব এনেছেন, এবং সেখানে নেতৃত্বে তৃণমূল কংগ্রেস। সাংভির কথাতে স্পষ্ট, অবশ্যই তৃণমূল মুখ্য ভূমিকা নিয়েছে। কিন্তু এর ফলাফল সর্বত্র প্রতিফলিত হবে। একজন ব্যক্তি যার বিরুদ্ধে এতগুলি রাজনৈতিক দল ইমপিচমেন্ট আনছে, এই বিষয়টা নিজেই একটি বার্তা দেয়।

তবে এত কিছু যে উদ্দেশ্যে বিজেপি কমিশনকে দিয়ে করাচ্ছে, তা যে বাংলায় সফল হবে না, তারও ভবিষ্যদ্বাণী করেন অভিষেক মনু সাংভি। তাঁর কথায়, বাংলায় কংগ্রেসের পক্ষে কোনও অপ্রত্যাশিত ফলাফল প্রত্যাশা করার এখন আর সময় নেই। কিন্তু ইন্ডিয়া জোটের (INDIA block) আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দল সেখানে জিততে চলেছে। যে দলের সঙ্গে সর্বভারতীয় স্তরে আমাদের জোট রয়েছে, সেই দলেরই জয় অবশ্যম্ভাবী। কংগ্রেস সেখানে না জিতলেও আগের থেকে ভালো ফল করবে।

আরও পড়ুন : অসমে আরও বিপদে কংগ্রেস: ভোটের ২০ দিন আগে দলত্যাগ সাংসদের! যোগ বিজেপিতে

আর বিজেপি? প্রশ্নের উত্তরে কার্যত ইঁদুরের থেক ছোট করে দেশের শাসকদলকে তুলে ধরেন সাংভি। তাঁর দাবি, বিজেপি খুব হল্লা করেছে যেমন, তেমন বারবার ডিগবাজি খেয়েছে ওখানে। অমিত শাহ (Amit Shah) নিজে ঘোষণা করেছেন ২০০ পার হয়ে যাবে। আবহাওয়া তৈরি করতে বিজেপি খুব পটু। কিন্তু পর্বতের মূষিক প্রসব হয়। এবার মূষিকের থেকেও ছোট হয়ে যাবে তারা।

–

–

