সেই একই প্যাটার্ন। আবারও বিজেপি শাসিত রাজ্যের থেকে বাংলার ভোটার তালিকায় ঢোকানো হচ্ছে ভুয়ো ভোটার। নেতাজি ইন্ডোর থেকে ২০২৫ সালে নির্বাচন কমিশনের যে কারচুপির অভিযোগ স্পষ্ট করে দিয়েছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee), আজও তার কোনও বদল হয়নি। ফের একবার উদাহরণ দিয়ে তুলে ধরল তৃণমূল কংগ্রেস। প্রতিটি ভুয়ো ভোটারকে (fake voter) ধরতে তৃণমূলের হাজার হাজার কর্মী কাজ করছেন বলে সাংবাদিক বৈঠকে সতর্ক করে দেন রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu) ও সাংসদ ডেরেক ও’ব্রায়েন (Derek O’Brien)।

২০২৫ সালের ২৭ ফেব্রুয়ারি নেতাজি ইন্ডোরের সভা থেকে বাংলার ভোটার তালিকায় বিজেপি শাসিত রাজ্যের ভুয়ো ভোটারদের তথ্য তুলে ধরেছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কীভাবে মহারাষ্ট্র, দিল্লির নির্বাচনে কত লক্ষ ভুয়ো ভোটার ঢুকিয়ে নির্বাচন করেছিল নির্বাচন কমিশন বিজেপির নির্দেশে, সেই তথ্য তুলে ধরেছিলেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। সেই ধারা আজও অব্যাহত। বিধানসভা নির্বাচনের আগে যখন বিজেপির আনা ফর্ম-৬-এর বিরোধিতায় রাজ্যের সওয়াল সুপ্রিম কোর্টে, তখন হাত গুটিয়ে বসে নেই রাজ্যের শাসকদলের নেতা কর্মীরাও। ফের একবার ভুয়ো ভোটারের তথ্য পেশ তৃণমূলের।

বুধবার সাংবাদিক বৈঠক থেকে একাধিক বিহারের ভোটারের তথ্য তুলে ধরেন সাংসদ ডেরেক ও’ব্রায়েন ও মন্ত্রী ব্রাত্য বসু। ব্রাত্য দাবি করেন, যে ভুলগুলি নির্বাচন কমিশনের ধরার কথা সেগুলি তৃণমূলকে ধরতে হচ্ছে। তারা টুইট করতে ব্যস্ত। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় সতর্ক করতে করতে গিয়েছেন। তারপরেও গাদা গাদা ভুয়ো ভোটার ঢুকিয়ে বাংলাকে দখল করার চেষ্টা করছে। একই মডেল সব সংসদীয় সংস্থাকে ধ্বংস করছে।

তবে এই চক্রান্ত রুখতে প্রস্তুত তৃণমূল কংগ্রেস। ব্রাত্য দাবি করেন, ভাববেন না যে মাঝপথে ছেড়ে দিয়ে আমরা কোথাও চলে যাব। আমরা মাটি কামড়েই পড়ে থাকব। মমতা বন্দ্যোপাধ্যায় একই সঙ্গে নির্বাচনী সভা করছেন, প্রার্থীদের নির্বাচনী রুটিন ঠিক করছেন। একই সঙ্গে বিজেপির চক্রান্তের বিরুদ্ধে মরিয়া হয়ে লড়তে হচ্ছে। আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ও রাজ্য জুড়ে সভা করছেন। ওরা ভাবছেন এরা দুজন সভা করছে, নামগুলো (fake voter) এই তালে মসৃণভাবে ঢুকিয়ে দেব। শুনুন ভাই, গেরস্থ সজাগ আছে। আমরা সজাগ। ওরা যদি ভেবে থাকে তাহলে ওরা ঘুমিয়ে আছে।

আরও পড়ুন : ফর্ম ৬ বিতর্কে উত্তপ্ত সিইও দফতর! কড়া নিরাপত্তা জারি কলকাতা পুলিশের

যে বিজেপির অঙ্গুলি হেলনে দেশের একাধিক রাজ্যে যে নির্বাচন কমিশন (Election Commission) এভাবে বিজেপিকে জেতাতে ভুয়ো ভোটার ঢুকিয়েছে, সেই কমিশনকেও কড়া বার্তা দেন তৃণমূল নেতৃত্ব। ব্রাত্যর সতর্কবার্তা, জেনে রাখবেন নির্বাচন কমিশনার, আমরা এরকম প্রত্যেক মুহূর্তে জেগে রয়েছি। তৃণমূল কংগ্রেসের হাজার হাজার কর্মী এটা ধরার জন্য বসে রয়েছে। এটা বিহার, মহারাষ্ট্র, হরিয়ানা নয়। কতগুলো জালিয়াত ভোটার আপনারা ঢোকাচ্ছেন তা ভারতের জাতীয় সংবাদ মাধ্যম থেকে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের সামনে তুলে ধরব আমরা।

–

–

–
–
