ছুটির সকালে ভোট প্রচারে বেরিয়ে বহরমপুরে সাধারণ মানুষের ক্ষোভের মুখে পড়তে হল কংগ্রেস প্রার্থী অধীর রঞ্জন চৌধুরীকে (Adhir Ranjan Choudhary)। শনিবারের অশান্তির কথা মাথায় রেখে এদিন সকাল থেকে প্রচুর পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী মোতায়েন ছিল। বহরমপুর পুরসভার পাঁচ নম্বর ওয়ার্ডের মোহন রায় পাড়া মোড় থেকে মিছিল শুরু করেন অধীর। কিছু দূর এগোতেই ৩ নম্বর ওয়ার্ডের দয়াময়ী কালী বাড়ি এলাকায় তাঁকে “গো ব্যাক” স্লোগান (Go Back Slogan) দেওয়া হয়। একই ঘটনা ঘটে দয়ানগর মোড় ও কাণ্ডনগর রোড এলাকায়।

শনিবার প্রচারে বেরিয়ে একইভাবে স্লোগান শুনতে হয়েছিল অধীরকে। প্রচারে বাধা পেয়ে তৃণমূল (TMC) কর্মী সমর্থকদের অশ্রাব্য ভাষায় গালিগালাজ করার অভিযোগ তাঁর বিরুদ্ধে। ঘটনায় বহরমপুরের আইসির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ECI)। রবিবার সেই ঘটনার পুনরাবৃত্তিতে ফের অধীর চৌধুরী তৃণমূলের দিকে আঙুল তুলেছেন। এদিন বহরমপুরে রোড শো করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগে সকাল সকাল এই অশান্তির ঘটনায় উত্তেজনা ছড়ায়। ঘটনাস্থলে উপস্থিত কেন্দ্রীয় বাহিনী ও পুলিশ। এই ঘটনায় তৃণমূল কংগ্রেস নেতা জয়প্রকাশ মজুমদার (Joyprakash Majumder) বলেন, ‘অধীর বাবুর রাজনৈতিক জীবন এক্সটেনশনে চলছে। এসআইআরে হয়রানির শিকার হওয়া মানুষের পাশে দাঁড়াতে দেখা যায়নি তাঁকে। প্রকারান্তরে বিজেপিকে সমর্থন করেছেন তিনি। মানুষ এটা ভালো চোখে দেখছে না। সেই কারণে জনরোষের মুখে পড়তে হচ্ছে তাঁকে।’ এরপরই কংগ্রেস নেতাকে কটাক্ষ করে জয়প্রকাশ বলেন, ‘গো হারা হেরে যাওয়ার আগে উনি ছেড়ে দিলে ভালো করবেন। অন্তত যতটুকু সম্মান অবশিষ্ট আছে সেটা থাকবে।’

–

–

–

–

–

–

–
–

