টলিপাড়ায় বয়কট সংস্কৃতি নিয়ে দেব (Dev) বনাম স্বরূপ দ্বন্দ্বে নিজের অবস্থান স্পষ্ট করলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee)। রবিবার আর্টিস্টস ফোরামের (West Bengal Motion Picture Artists Forum) মিটিং শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন,’৭২ ঘণ্টার বিষয়টা অভিনেতা দেব বলতে পারবেন। আমি কোনও পাবলিক ফোরামে এরকম চ্যালেঞ্জ নিইনি বা দিইনি। ব্যান থাকা কখনই কাম্য নয়। আমরা আর্টিস্টস ফোরামের তরফ থেকে নির্বাচনের পর এই নিয়ে আলোচনায় বসব। এখন রাহুলের মৃত্যুর ব্যাপারটা নিয়ে সকলেই আবেগপ্রবণ হয়ে রয়েছেন। দুটো বিষয় এক করে দেওয়া ঠিক নয়।’

গত ৭ এপ্রিল আর্টিস্টস ফোরামের মিটিং শেষে অভিনেতা প্রয়োজক দেব (Dev) বলেন, “কাজ না করতে পারাও একটা কষ্ট। আমার মনে হয়, যাদের কাজ নেই, এই কষ্টটা তাঁরাই বুঝতে পারবেন একমাত্র। যে সমস্ত শিল্পীরা নিষিদ্ধ রয়েছেন ৭২ ঘণ্টার মধ্যে স্বরূপ বিশ্বাসের (Swarup Biswas) সঙ্গে কথা বলে তাদেরকে কীভাবে ফেরানো হবে, সেটা বুম্বাদাই জানেন। তবে আমাকে নিশ্চিত করা হয়েছে, আগামী তিন দিনের মধ্যে তাঁদের প্রত্যেকের উপর থেকে ব্যান উঠে যাবে।” এরপর দেখা যায় গত বৃহস্পতিবার সমাজমাধ্যমে পোস্ট করে ডিরেক্টরস গিল্ডের বড় পদক্ষেপের কথা জানালেন সুপারস্টার। প্রসেনজিতকে চিঠি পাঠিয়ে ফেডারেশনের (FCTWEI) বিরুদ্ধে মামলা প্রত্যাহারের কথা জানিয়েছে ‘ডিরেক্টরর্স অ্যাসোসিয়েশন অফ ইস্টার্ন ইন্ডিয়া’। তাহলে কি সত্যিই কাজে ফিরতে পারবেন অনির্বাণ-সহ নিষিদ্ধ হওয়া শিল্পীরা? এ প্রশ্নের উত্তর নিয়ে ফেডারেশন সভাপতি সরাসরি কিছু না জানালেও শুক্রবার দেব নিজের আগামী ছবি DeSu7-এ অনির্বাণকে নিয়ে কাজ করার কথা ঘোষণা করেন। রবিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রসেনজিৎ বলেন, ‘দেবের সঙ্গে আমার অত্যন্ত সুসম্পর্ক। আগের মিটিংয়ে ওকে বলেছিলাম আমাকে দু-তিন দিন একটু সময় দে তারপর আমরা আলোচনা করব। কিন্তু আমাকে না জানিয়ে এভাবে সমাজমাধ্যমে একটা চিঠি পোস্ট করায় আমার কষ্ট হয়েছে। এই মেইল অফিসিয়ালি ফোরামকে এবং ফেডারেশনকে পাঠানো উচিত ছিল। আমরা একটা পরিবারের মতো। চাই সকলেই কাজ করুক। আমরা ভেবেওছিলাম দুপক্ষকে নিয়ে বসব। আমি দেবের পদক্ষেপে না বলছি না। তবে আমরা নির্বাচনের পরে আর্টিস্টস ফোরামের তরফ থেকে এটা নিয়ে আলোচনা করব।’

–

–

–

–

–

–

–
–
