Thursday, June 4, 2026

নৌকা চড়ে গঙ্গাভ্রমণে প্রধানমন্ত্রীর ফটোসেশন, ‘নমামি গঙ্গা’র বকেয়া টাকা কই, কটাক্ষ তৃণমূলের 

Date:

Share post:

ভোটবঙ্গে ঝালমুড়ি নাটকের পর এবার শুক্রবার সকাল সকাল গঙ্গা ভ্রমণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi)। দ্বিতীয় হুগলি সেতুর কাছে গঙ্গাবক্ষে ক্যামেরা হাতে প্রধানমন্ত্রীর একাধিক মুহূর্ত ফ্রেমবন্দি হতেই বাঙালি আবেগকে কাজে লাগিয়ে সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করলেন মোদি। লিখলেন, ‘গঙ্গার সঙ্গে বাংলার নাড়ির টান ও আত্মিক যোগ রয়েছে। এই সভ্যতার ইতিহাস বহন করছে গঙ্গা। কলকাতায় এসে মা গঙ্গাকে শ্রদ্ধা জানানোর সুযোগ পেয়ে আমি আপ্লুত।’ ‘নমামি গঙ্গা’র সত্তর হাজার কোটি টাকা কই, পাল্টা কটাক্ষ তৃণমূলের (TMC)।

বাংলার দ্বিতীয় দফা নির্বাচনের প্রচারে আজ একাধিক কর্মসূচি রয়েছে প্রধানমন্ত্রীর। তার আগে এদিন সকালে হঠাৎ করেই তিনি পৌঁছে যান দ্বিতীয় হুগলি সেতুর কাছে  গোয়ালিয়র ঘাটে। তারপর বেশ কিছুক্ষণ নৌকাবিহার করতে দেখা যায় প্রধানমন্ত্রীকে। তাঁর হাতে ছিল একটি ক্যামেরা। মাঝির সঙ্গেও কথা বলতে দেখা যায় তাঁকে। মুহূর্তের মধ্যে সে ছবি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তে থাকে।

মোদির নিজেও নৌকায় বসে থাকা অবস্থায় নিজের কিছু ছবি শেয়ার করে এক্স হ্যান্ডেলে লেখেন,‘প্রত্যেক বাঙালির মনে মা গঙ্গার একটা বিশেষ জায়গা রয়েছে৷ বলতেই পারেন বঙ্গের আত্মার মধ্য দিয়ে প্রবাহিত হন মা গঙ্গা৷ এই পবিত্র জল গোটা সভ্যতার চিরন্তন ঐতিহ্য বহন করে’৷ এরপরই ভোট রাজনীতির কথা উঠে আসে তাঁর পোস্টে। বাঙালি আবেগকে কাজে লাগিয়ে গঙ্গার বুক থেকেই প্রধানমন্ত্রী পশ্চিমবঙ্গের মানুষের উন্নয়ন এবং বাঙালিদের সমৃদ্ধির অঙ্গীকার করেন।

এরপরই তৃণমূল কংগ্রেসের রাজ্য সহসভাপতি তথা মুখপাত্র জয়প্রকাশ মজুমদার (Joyprakash Majumder) বলেন, ‘যেভাবে ‘নমামি গঙ্গা’ প্রজেক্টে বাংলার ৭০ হাজার কোটি টাকা আটকে রেখেছেন মোদি সরকার তাতে মা গঙ্গা ওনাকে ক্ষমা করবে না। সকলের সামনের প্রতিশ্রুতি দিচ্ছেন আর পিছনে মানুষের টাকা লুট করছেন। গঙ্গার নামে টাকা চুরি করছেন। কেন বাংলার বুকে এই প্রজেক্টের কোনও কাজ এখনও হল না, জবাব দিন প্রধানমন্ত্রী। মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে মানুষকে বোঝানো যাবে না।’

 

ভোট বড় বালাই। দিন কয়েক আগে ভোট প্রচারের মাঝে ঝাড়গ্রামে কনভয় থামিয়ে ১০ টাকা দিয়ে ঝালমুড়ি ‘নাটক’করে রাজনৈতিক চর্চায় এসেছিলেন তিনি। এবার ভোরের কলকাতায় গঙ্গাবিহার করে ফের শিরোনামে মোদি। যেভাবে দেশের প্রধানমন্ত্রী এর রাজ্যের বিভিন্ন প্রান্তে স্বচ্ছন্দে ঘুরে বেড়াতে পারছেন সেটাই প্রমাণ করে বাংলার আইন-শৃঙ্খলা কতটা মজবুত।মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের আমলে পশ্চিমবঙ্গে সুশাসন প্রতিষ্ঠিত। এর আগে কোনওদিন মোদিকে এভাবে বঙ্গে সময় কাটাতে দেখা যায়নি। আসলে এ রাজ্যে যে বিজেপি একেবারেই কোণঠাসা এবং বঙ্গের পদ্ম নেতাদের উপর মানুষের কোনও আস্থা নেই সে কথা বুঝতে পেরেই দ্বিতীয় দফায় হাওড়া- কলকাতার ভোটের পাঁচ দিন আগেও প্রধানমন্ত্রীকে এভাবে নৌকায় চড়ে গঙ্গাভ্রমণ করতে হচ্ছে। পুরোটাই পূর্বপরিকল্পিত ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে মনে করছেন বিশ্লেষকদের একাংশ।এদিনের নৌকাবিহার শেষে পানিহাটিতে রত্না দেবনাথের সমর্থনে এবং বারুইপুরে যাদবপুরের প্রার্থীর হয়ে জনসভা করার কথা রয়েছে দেশের প্রধানমন্ত্রীর।

Related articles

‘তৃণমূল মানেই মমতা’, দলবিরোধীদের কড়া ভাষায় তোপ বিধায়ক কুণালের 

তৃণমূল মানেই মমতা বন্দ্যোপাধ্যায় আর মমতা বন্দ্যোপাধ্যায় মানেই তৃণমূল, এই সত্য গোটা বিশ্ব জানে। কিন্তু তা সত্ত্বেও ইদানীং...

স্বর্ণ ব্যবসায়ী খুনে প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ আদালতের 

স্বর্ণ ব্যবসায়ী খুনের মামলায় মূল অভিযুক্ত প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। কেন এতদিনেও...

গৌরী স্প্র্যাটের সঙ্গে বৈবাহিক জীবন শুরু আমিরের?

ফের সংবাদ শিরোনামে আমির খানকে ব্যক্তিগত জীবন! গৌরী স্প্র্যাটের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে গুঞ্জন নতুন নয় একেবারেই, কিন্তু...

কালীঘাটে অভিষেকের দরজায় ইডি, শিক্ষক নিয়োগ মামলায় ১৫ জুন তলব

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নতুন করে তৎপরতা বাড়াল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। বুধবার বিকেলে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক...