নিট (NEET), সিবিএসই (CBSE) এবং সিইউইটি (CUET)-এর মতো দেশের বড় বড় পরীক্ষাগুলির চরম অব্যবস্থার কারণে ১ কোটিরও বেশি ছাত্রছাত্রী সরাসরি ক্ষতিগ্রস্ত, এবার কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে জুনের প্রথম সপ্তাহে দিল্লিতে ধর্নায় বসতে চলেছে ককরোচ জনতা পার্টি (Cockroach Janta Party)। দেশে ফিরছেন CJP-র প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে (Abhijeet Dipke)।

বোস্টন প্রবাসী স্ট্র্যাটেজিস্ট সোমবার নিজেই সমাজ মাধ্যমে জানিয়েছেন যে তিনি দিল্লি ফিরছেন। আগামী ৬ জুন (শনিবার) ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে যন্তর মন্তরে শান্তিপূর্ণ ধর্না হবে। প্রশ্নফাঁস ও পরীক্ষা বাতিলের জেরে দেশের লক্ষ লক্ষ ছাত্রছাত্রীর ভবিষ্যৎ আজ অন্ধকারের মুখে। যেভাবে বিজেপি সরকারের আমলে দেশের NEET, সিবিএসই এবং সিইউইটি-তে নজিরবিহীন কেলেঙ্কারি হয়েছে তারপর শিক্ষামন্ত্রীর পড়ে থাকার কোন অধিকার নেই বলে দাবি অভিজিতের। সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলের সোমবার একটি ভিডিও বার্তায় তিনি বলেন, “আমাদের সবার এবার একজোট হওয়ার সময় এসেছে। ভারতের সংবিধানের পথ অনুসরণ করে সম্পূর্ণ শান্তিপূর্ণ উপায়ে আমাদের কণ্ঠস্বর তুলতে হবে এবং ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবি করতে হবে।শিক্ষামন্ত্রীর ইস্তফা চেয়ে ইতিমধ্যে একটি অনলাইন পিটিশনে বা গণস্বাক্ষর অভিযানে ৮ লক্ষেরও বেশি পড়ুয়া ও নাগরিক সই করেছেন। শুধু তা-ই নয়, লখনউ, জয়পুর থেকে শুরু করে মহারাষ্ট্রের বিভিন্ন প্রান্তে এই দাবিতে স্বতঃস্ফূর্ত আন্দোলন শুরু হয়েছে।”

ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতার তরফ থেকে সকলকে অহিংস ও শান্তিপূর্ণ অবস্থান বিক্ষোভ কর্মসূচিতে অংশগ্রহণের আবেদন জানানো হয়েছে। নিয়ম মেনে দিল্লি পুলিশের কাছ থেকে ধর্নার অনুমতি চাওয়া হবে বলেও জানিয়েছেন অভিজিৎ।ভারতে পা রাখলে তাঁকে গ্রেফতার করা হতে পারে, এমন একটা আশঙ্কাও তৈরি হয়েছে। এই প্রসঙ্গে অভিজিতের মন্তব্য, ‘জেলে যাওয়ার ভয় পেয়ে পিছিয়ে যাওয়া যাবে না।তবে আর কতদিন আমরা এভাবে ভয়ে ভয়ে বেঁচে থাকব? এই দেশটা কোনও একটা নির্দিষ্ট রাজনৈতিক দলের নয়। এই দেশটা আমাদের সবার। এটা আমাদের ভবিষ্যতের প্রশ্ন। আমাদের ভবিষ্যৎ ধ্বংস হয়ে যাচ্ছে। এখন এটা আমাদেরই দায়িত্ব যে, যখনই এই দেশে কারও সাথে অন্যায় হবে, আমাদের সবাইকে অত্যন্ত শান্তিপূর্ণ এবং গণতান্ত্রিক উপায়ে প্রতিবাদ করতে হবে।’ আগামী ৬ জুন আবার দিল্লিতে বিজেপি বিরোধী ইন্ডিয়া ব্লকের বৈঠক রয়েছে বলে সূত্রের খবর। এখন দিল্লি পুলিশের (Delhi Police) তরফ থেকে আদৌ CJP -র কর্মসূচির অনুমতি দেওয়া হয় কিনা এখন সেটাই দেখার।

–

–

–

–

–
