রাজ্যে পালাবদলের পর টালিগঞ্জে স্টুডিও পাড়ায় ফেডারেশনের (FCTWEI) ভূমিকা কার্যত অচল, বিজেপি বিধায়িকা পাপিয়া অধিকারী (Papiya Adhikari) কনফেডারেশনের (EIMPCC)কথা বললেও সেটা এখনও পর্যন্ত কার্যকরী হয়নি। এইরকম পরিস্থিতিতে আচমকা শ্যুটিং সংক্রান্ত নির্দেশ জারি হয়েছে টলিপাড়ায়। আর সেখানে কনফেডারেশনের নাম ব্যবহার করে মেইল আইডির উল্লেখ রয়েছে। অথচ বিধায়িকা কিংবা মন্ত্রী কারোর কাছেই এই সংক্রান্ত কোনও খবর নেই। তাহলে প্রশ্ন কার নির্দেশে এই বিজ্ঞপ্তি?


কয়েকদিন আগেই টালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়িকা জানিয়েছিলেন এই মুহূর্তে বাংলা বিনোদন জগতে ফেডারেশনের কোন ভূমিকা নেই। গ্রেফতার হয়েছেন সভাপতি স্বরূপ বিশ্বাস (Swarup Biswas)। তাহলে FCTWEI-র নাম এবং যোগাযোগের তথ্য ব্যবহার করে নতুন নির্দেশিকা কীভাবে জারি হল? বিজ্ঞপ্তিতে বলা হয়েছে EIMPCC-র তত্ত্বাবধানে কাজ হবে। কিন্তু কনফেডারেশন তো গঠন করাই হয়নি। তাহলে কর্তৃত্ব দেখাচ্ছে কে বা কারা? আদৌ সরকারি বা প্রশাসনিক কোনও অনুমোদন আছে কি?তথ্য ও সংস্কৃতি দফতরের প্রতিমন্ত্রী পূর্ণিমা চক্রবর্তী (Purnima Chakraborty) জানান, বিষয়টি সম্পর্কে তাঁর কাছে কোনও তথ্য নেই।

ভাইরাল হওয়া ওই চিঠিতে দাবি করা হয়েছে, ভবিষ্যতে টালিগঞ্জের শ্যুটিং সংক্রান্ত অনুমতি এবং কাজের বিষয়ে eimpcc2020@gmail.com মেইল মারফতই যোগাযোগ করতে হবে। ইন্ডাস্ট্রির একাধিক সূত্র বলছে, স্বরূপের গ্রেফতারির পরে ফেডারেশন বিলুপ্ত করার কোনও সরকারি সিদ্ধান্ত এখনও হয়নি। স্বাভাবিকভাবেই বর্তমান গিল্ডগুলিই বহাল থাকার সম্ভাবনাই বেশি। কিন্তু তারপরেও যে প্রশ্ন থেকে যায় সেটা হল এখনও আনুষ্ঠানিকভাবে জন্ম না নেওয়া EIMPCC-র সঙ্গে FCTWEI-র যোগাযোগ বা সম্পর্কের দাবি কীভাবে করা হচ্ছে? এখনও পর্যন্ত পাপিয়া অধিকারীর কাছ থেকে এই সংক্রান্ত কোনও উত্তর মেলেনি।

–

–

–

–

–
–
