পূর্ব নির্ধারিত সূচি মতো শুক্রবার উত্তরবঙ্গের প্রথম প্রশাসনিক কর্মসূচিতে মালদহে প্রশাসনিক বৈঠক করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর সেই বৈঠকে আইনশৃঙ্খলা নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর। সাম্প্রতিক সময়ে বেলডাঙা বা মোথাবাড়িতে যেভাবে জাতীয় সড়ক (National Highway) অবরোধ করে আন্দোলন হয়েছে, তেমন ঘটনা যাতে না ঘটে, তা নিয়ে সতর্ক করলেন তিনি। সেই সঙ্গে প্রশাসনিক বৈঠক (administrative meeting) থেকে স্বাস্থ্যক্ষেত্রে ও বিধবা-বার্ধক্য ভাতা নিয়ে আশ্বাসও দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী (CM Suvendu Adhikari)।

রাজ্যের বিজেপি প্রথমবার ক্ষমতায় আসার পর দ্বিতীয়বার উত্তরবঙ্গ সফরে রাজ্যের মুখ্যমন্ত্রী। শুক্রবার মালদহে (Maldah) প্রশাসনিক বৈঠকে এলাকায় শান্তিশৃঙ্খলা প্রতিষ্ঠা করা নিয়ে কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। স্থানীয় পুলিশ প্রশাসনকে বিএসএফ (BSF) ও কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে সংযোগ রেখে কাজ করার বার্তা দেন। সেই সঙ্গে, তিনি মনে করিয়ে দেন সাম্প্রতিক মুর্শিদাবাদের বেলডাঙা, সামশেরগঞ্জের অশান্তি ও মালদহের মোথাবাড়িতে বিচারবিভাগীয় আধিকারিকদের উপর হামলার ঘটনা। যেভাবে সেই সব ক্ষেত্রে জাতীয় সড়ক অবরোধ করে আন্দোলন হয়েছিল, তা কোনওভাবেই মেনে নেওয়া হবে না বলে সতর্ক করেন তিনি।

শুক্রবারের বৈঠকে তৃণমূলের বিদ্রোহী শিবিরের একাধিক বিধায়ক ও সাংসদকে যোগ দিতে দেখা যায়। মালদহ, মুর্শিদাবাদ, উত্তর ও দক্ষিণ দুই দিনাজপুরের বিধায়ক ও সাংসদরা ছিলেন সেই তালিকায়। এলাকায় শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে জনপ্রতিনিধিদের ভূমিকার উপর গুরুত্ব দেন মুখ্যমন্ত্রী (CM Suvendu Adhikari)। এলাকায় দুষ্কৃতীদের নিয়ন্ত্রণে স্থানীয় বিধায়কদের ভূমিকা নেওয়ার কথা বলেন তিনি।

শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠার পাশাপাশি উন্নয়নের ক্ষেত্রেও মালদহের বৈঠকে বার্তা দেন শুভেন্দু অধিকারী। হাসপাতালগুলিতে নিয়োগে জোর দেন তিনি। দ্রুত শূন্যপদের তালিকা পেশ করার নির্দেশ দেন। সেই সঙ্গে রোগীদের সুবিধার্থে প্রতিটি হাসপাতালে অন্তত একটি এক্স-রে ও স্ক্যান মেশিন বসানোর বার্তা দেন। অ্যাম্বুল্যান্সের দালালচক্র নিয়েও কড়া বার্তা মুখ্যমন্ত্রীর।

আরও পড়ুন : মুখ্যমন্ত্রীর নজরে BGBS-এর ৬৩৫ কোটি টাকার বরাত!

সম্প্রতি অন্নপূর্ণ প্রকল্পের টাকা সাধারণ মহিলা প্রাপকদের অ্যাকাউন্টে ঢোকার পর এই ভাতা নিয়ে সংশয় কিছুটা কেটেছে। কিন্তু বিধবা ভাতা বা বার্ধক্য ভাতা নিয়ে গোটা রাজ্যেই সংশয় রয়েছে। এই পরিস্থিতিতে মালদহের প্রশাসনিক সভা থেকে এই দুই ভাতার টাকাও দ্রুত প্রাপকদের অ্যাকাউন্টে ঢুকে যাবে বলে আশ্বাস দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

–

–
–
–
