Friday, April 10, 2026

ভোটের আগে কংগ্রেস ছাড়লেন হরিয়ানার প্রাক্তন সভাপতি অশোক তানোয়ার

Date:

Share post:

আগামী 21 অক্টোবর 90 আসনবিশিষ্ট হরিয়ানা বিধানসভার ভোট। তার মাত্র দিন পনেরো আগে অন্তর্দ্বন্দ্বের আগুনে ছারখার হতে বসেছে কংগ্রেস। হরিয়ানা কংগ্রেসের সদ্যপ্রাক্তন সভাপতি ও রাহুল গান্ধীর ঘনিষ্ঠ অশোক তানোয়ার কংগ্রেস থেকে ইস্তফা দিলেন। দলের সভাপতি সোনিয়া গান্ধীকে চার পাতার চিঠি লিখে দলের প্রাথমিক সদস্যপদ ছাড়ার ঘোষণা করলেন। ক্রুদ্ধ তানোয়ার ক্ষোভ উগরে দিয়েছেন হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র সিং হুডা ও কেন্দ্রীয় নেতৃত্বের বিরুদ্ধে। বলেছেন, কংগ্রেস এখন অস্তিত্বের সংকটে ভুগছে। কিন্তু এই সংকটের জন্য রাজনৈতিক বিরোধীরা দায়ী নন, এর জন্য দায়ী দলের কুৎসিত অন্তর্দ্বন্দ্ব। ভূপেন্দ্র হুডাকে বিঁধে তানোয়ারের কটাক্ষ, হরিয়ানায় ‘হুডা কংগ্রেস’ ব্যক্তিস্বার্থে ষড়যন্ত্র করে কংগ্রেস দলকে তুলে দিতে চাইছে। বিধানসভার টিকিট বন্টনের পিছনে বিরাট দুর্নীতি হয়েছে। কেন্দ্রীয় নেতারা সব জেনেও চোখ বুজে আছেন। এই পরিস্থিতিতে আর কংগ্রেসে থাকতে চাই না। তাই ভারাক্রান্ত হৃদয়ে কংগ্রেস ছাড়তে বাধ্য হলাম।

রাহুল-ঘনিষ্ঠ অশোক তানোয়ার কংগ্রেসে তরুণ ব্রিগেডের নেতা হিসাবে পরিচিত ছিলেন। রাহুলের ইচ্ছাতেই তাঁকে হরিয়ানা কংগ্রেসের সভাপতি করা হয়। তাতে আবার চটেছিলেন তানোয়ারের বিরোধী ভূপেন্দ্র হুডা। সোনিয়া গান্ধী সভাপতি হওয়ার পর ফের আসরে নামেন তিনি। তানোয়ারকে সরানো না হলে ইস্তফা দেবেন বলে হুমকি দেন। বেগতিক দেখে হুডাকে ঠান্ডা করতেই গত মাসে প্রদেশ সভাপতির পদ থেকে অশোক তানোয়ারকে সরিয়ে হরিয়ানা কংগ্রেসের দায়িত্ব দেওয়া হয় কুমারী শৈলজাকে। এরপর থেকেই ক্ষুব্ধ ছিলেন তানোয়ার। শুধু তাই নয়, সোনিয়াকে সামনে রেখে আহমেদ প্যাটেল, ভূপেন্দ্র হুডার মত প্রবীণরা দলে ক্ষমতা কুক্ষিগত করতে নবীন নেতাদের অপদস্থ করছেন বলে মনে করেন রাহুল গান্ধীও। প্রকাশ্যে এই প্রবীণ নেতাদের থেকে দূরত্ব বজায় রাখছেন তিনি। এসবের মধ্যে গত সপ্তাহেই সোনিয়ার বাড়ির সামনে বিক্ষোভ দেখিয়েছিলেন অশোক তানোয়ার। অভিযোগ করেছিলেন, দুর্নীতি করে কোটি কোটি টাকায় কংগ্রেসের টিকিট বিক্রি হচ্ছে। তাঁকে হেনস্থা করতেই তাঁর অনুগামীদের কাউকে প্রার্থী করা হয়নি। অবশেষে এক সপ্তাহ যেতে না যেতেই কংগ্রেস ছাড়ার ঘোষণা করলেন প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি। গুরুত্বপূর্ণ ভোটের আগে রীতিমত ডামাডোল শুরু হয়েছে শতাব্দীপ্রাচীন দলে।

 

Related articles

সাউথ সিটির পর এবার ডায়মন্ড প্লাজা, কলকাতার আরও এক মল কিনল ব্ল্যাকস্টোন

দক্ষিণ কলকাতার সাউথ সিটি মলের পর এবার উত্তর শহরতলির ডায়মন্ড প্লাজা। কলকাতার আরও এক জনপ্রিয় মলের মালিকানা বদল...

ভোটের কাজে নিষেধাজ্ঞা! একযোগে ১০০ পুলিশ আধিকারিককে বদলি রাজ্যের

বিধানসভা নির্বাচনের মুখে বড়সড় রদবদল ঘটানো হলো রাজ্য পুলিশে। একযোগে ১০০ জন পুলিশ আধিকারিককে বদলি করল নবান্ন। যার...

IPL: মালিকের শহরে রুদ্ধশ্বাস জয় পন্থদের, হতশ্রী বোলিংয়ে হার কেকেআরের

আইপিএলে (IPL) হারের ধারা অব্যাহত কেকেআরের(KKR)। ইডেনে নাইটদের বিরুদ্ধে ৩ উইকেটে জয় লখনউয়ের(LSG)। ইডেনে টসে হেরে প্রথমে ব্যাট করতে...

বড়সড় ছাঁটাই! ভোটার তালিকা থেকে নাম বাদ গেল প্রায় ২৭ লক্ষ মানুষের

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়ার শেষে বিধানসভা ভিত্তিক বাদ পড়া ভোটারদের তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। কমিশনের...