৩৪ বছরের বামফ্রন্ট শাসনের দ্বিতীয় এবং শেষ মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের (Buddhadeb Bhattacharya)প্রয়াণে আজ শোকস্তব্ধ রাজনৈতিক মহল। সাহিত্য থেকে শিল্পজগত সর্বত্রই বুদ্ধ বিদায়ের স্মৃতিচারণা। বৃহস্পতিবার সকাল ৮টা ২০মিনিটে এক কামরার ফ্ল্যাটেই প্রয়াত হয়েছেন অশীতিপর বুদ্ধদেব। বর্ষীয়ান বাম নেতার মৃত্যুতে শোক প্রকাশ রলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস (CV Anand Bose)। এদিন দুপুর ১টা নাগাদ প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাসভবনে যান রাজ্যপাল। শেষ শ্রদ্ধাজ্ঞাপনের পর বাইরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বোস বলেন, বুদ্ধদেব ভট্টাচার্য এমন একজন নেতা ছিলেন যিনি জীবনের সমস্ত ক্ষেত্রে মানুষের ভালবাসা এবং সম্মান পেয়েছেন। তাঁর অনাড়ম্বর জীবন যাপন, উচ্চ মার্গের ভাবনা চিন্তা এবং সাহিত্য ও সংস্কৃতির প্রতি আগ্রহ মানুষকে তাঁর প্রতি শ্রদ্ধাশীল করেছিল। এর আগে সকালেই প্রয়াত মুখ্যমন্ত্রীকে শেষ শ্রদ্ধা জানাতে পাম অ্যাভিনিউয়ে পৌঁছে যান বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আজ পূর্ণ দিবস ছুটি ঘোষণা করেছে রাজ্য সরকার।


এদিন দুপুর ১টা ৪৫ মিনিটে নিজ বাসভবন থেকে শেষবারের মতো বেরলেন বাম জমানার অন্তিম নক্ষত্র। আর ফেরা হবেনা। আপাতত পিস হেভেনেই রাখা হবে তাঁর মরদেহ। কাল আলিমুদ্দিনে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত। সাদা চুল , চোখে চশমা, বুকে লাল পতাকা। প্রাক্তন মুখ্যমন্ত্রীর শেষ যাত্রায় চলল তাঁর সাধের সাদা অ্যাম্বাস্যাডরও।













