Saturday, May 23, 2026

ইদের আনন্দ নিমেষে বিষাদ! কুমিল্লার রেলক্রসিংয়ে ট্রেন-বাস সংঘর্ষে নিহত ১২

Date:

Share post:

উৎসবের আবহে বড়সড় দুর্ঘটনা প্রতিবেশী দেশ বাংলাদেশে। গভীর রাতে কুমিল্লার পদুয়ার বাজার এলাকায় রেলক্রসিং পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল একটি যাত্রীবাহী বাস। মর্মান্তিক এই দুর্ঘটনায় অন্তত ১২ জন প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন বহু যাত্রী, যাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। ইদের আনন্দের রেশ কাটতে না কাটতেই এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে দুই বাংলাতেই।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রাত তখন প্রায় তিনটে। চট্টগ্রাম থেকে ঢাকাগামী একটি মেল ট্রেন তীব্র গতিতে আসছিল। সেই সময় পদুয়ার বাজার রেলক্রসিং পার হচ্ছিল চাঁপাইনবাবগঞ্জ থেকে নোয়াখালিগামী একটি যাত্রীবাহী বাস। প্রত্যক্ষদর্শীদের দাবি, লাইনের উপর থাকাকালীন হঠাৎই যান্ত্রিক গোলযোগের কারণে বাসটি থমকে দাঁড়ায়। মুহূর্তের মধ্যে দ্রুতগতির ট্রেনটি বাসটিকে সজোরে ধাক্কা মারে এবং বেশ কিছুটা পথ টেনে নিয়ে যায়। ইঞ্জিনের ধাক্কায় বাসটি কার্যত দলা পাকিয়ে যায়। খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় ফায়ার সার্ভিস, রেল পুলিশ ও হাইওয়ে পুলিশের কর্মীরা। অন্ধকার ও দুমড়ে যাওয়া বাসের ভেতর থেকে যাত্রীদের উদ্ধার করতে যথেষ্ট বেগ পেতে হয় উদ্ধারকারীদের। আহতদের উদ্ধার করে দ্রুত কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল-সহ স্থানীয় বিভিন্ন ক্লিনিকে নিয়ে যাওয়া হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, মৃতদের অধিকাংশেরই মাথায় ও বুকে গুরুতর আঘাত ছিল। অনেকেরই পরিচয় এখনও স্পষ্ট নয়।

প্রাথমিক তদন্তে রেলের গাফিলতির অভিযোগ ওঠায় ওই ক্রসিংয়ে কর্মরত দুই গেটম্যানকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। অভিযোগ উঠেছে, ট্রেন আসার সময় গেট কেন খোলা ছিল অথবা সতর্কবার্তা কেন আগে পৌঁছয়নি, তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। ঘটনার কারণ খতিয়ে দেখতে বাংলাদেশ রেলওয়ের পক্ষ থেকে দু’টি পৃথক তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী তিন দিনের মধ্যে পূর্ণাঙ্গ রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। কুমিল্লার ডেপুটি কমিশনার মহম্মদ রেজা হাসান দুর্ঘটনাস্থল পরিদর্শন করে জানিয়েছেন, নিহতদের পরিবারকে অন্ত্যেষ্টির জন্য ২৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হবে। বাসের যান্ত্রিক ত্রুটি নাকি সিগন্যাল বিভ্রাট— ঠিক কোন কারণে এত বড় প্রাণহানি, তা জানতে তদন্তের দিকেই তাকিয়ে প্রশাসন। এই দুর্ঘটনার জেরে ঢাকা-চট্টগ্রাম রেলপথে বেশ কিছুক্ষণ ট্রেন চলাচল ব্যাহত হয়।

আরও পড়ুন- দুবরাজপুরে নির্বাচনী প্রচারে মুখ্যমন্ত্রী, সভা ঘিরে জোর প্রস্তুতি দল-প্রশাসনে

_

_

_

_

_

_

_

Related articles

ইমপার বৈঠকে চূড়ান্ত অসভ্যতা! পিয়াকে হেনস্থা, আস্থা ভোটে সভাপতি বদলের ইঙ্গিত

বাংলায় বিধানসভা নির্বাচনে ক্ষমতার রদবদলের পরই টালিগঞ্জ পাড়ায় রদবদলের ইঙ্গিত মিলেছে। এবার কার্যত সেই ইঙ্গিতেই শিলমোহর। ইমপার (EIMPA)...

কীভাবে পুরসভার অধিবেশন বেআইনি বাতিল: পুলিশি তদন্তের দাবিতে থানায় চেয়ারম্যানের

কলকাতা পুরসভা শুক্রবার নজিরবিহীন অধিবেশন বাতিলের সাক্ষী থেকেছে। তার পরে বিজেপির কাউন্সিলররা বিধায়কদের নেতৃত্বে কলকাতা পুরসভাতেও (Kolkata Municipal...

শহরে আসছেন মার্কিন বিদেশ সচিব রুবিও: পরিদর্শনই উদ্দেশ্য

কোয়াড বৈঠকে যোগ দিতে তিনদিনের ভারত সফরে আসছেন আমেরিকার বিদেশ সচিব মার্কো রুবিও। শনিবার কলকাতায় পৌঁছনোর কথা তাঁর।...

৩ কাউন্সিলরেই অনাস্থা! রাজ্য দখলের পরে কলকাতা পুরসভা দখলে বিজেপির হুঁশিয়ারিতে চক্রান্ত

কলকাতা পুরসভায় নজিরবিহীন অধিবেশনের সাক্ষী থেকেছেন শুক্রবার কাউন্সিলররা। বৈঠক ডাকা, বাতিল, ক্লাব রুমে অধিবেশনের মতো ঘটনাও ঘটেছে। এরপরই...