কড়া নিরাপত্তার ঘেরাটোপে দক্ষিণ ২৪ পরগনার ১৫টি বুথে পুনর্নির্বাচন পর্ব মিটল শনিবার। গত কয়েক দফার অশান্তির ছবি উধাও করে দিয়ে দিনভর মোটের উপর শান্তিপূর্ণভাবেই ভোটগ্রহণ চলল এই বুথগুলিতে। তবে সব ছাপিয়ে নজর কেড়েছে ভোটারদের স্বতঃস্ফূর্ততা। নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী, শনিবার সন্ধ্যা পর্যন্ত এই ১৫টি বুথে গড় ভোটদানের হার ৯০ শতাংশ ছুঁয়ে ফেলেছে।

কমিশন সূত্রে খবর, এ দিন মূলত জেলার দুই বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বুথগুলিতে নতুন করে ভোট নেওয়া হয়। এর মধ্যে মগরাহাট পশ্চিম বিধানসভা কেন্দ্রের ১১টি বুথ এবং ডায়মন্ড হারবারের ৪টি বুথে পুনর্নির্বাচনের সিদ্ধান্ত নিয়েছিল কমিশন। মগরাহাট পশ্চিমের ৪৬, ১২৬, ১২৭, ১২৮, ১৪২, ২১৪, ২১৫, ২১৬, ২৩০, ২৩১ ও ২৩২ নম্বর বুথে এবং ডায়মন্ড হারবারের ১১৭, ১৭৯, ১৯৪ ও ২৪৩ নম্বর বুথে ভোটগ্রহণ হয়।
সকাল থেকেই বুথগুলির বাইরে ছিল ভোটারদের লম্বা লাইন। বিশেষ করে মগরাহাট পশ্চিমের বুথগুলিতে উৎসবের মেজাজে ভোট দিতে দেখা যায় স্থানীয় বাসিন্দাদের। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর মেলেনি। প্রতিটি বুথেই পর্যাপ্ত কেন্দ্রীয় বাহিনী মোতায়েন ছিল। ছিল কড়া পুলিশি নজরদারিও। এর আগে সংশ্লিষ্ট এলাকাগুলোতে ভোট ঘিরে অশান্তির অভিযোগ উঠলেও, এ দিনের চিত্র ছিল সম্পূর্ণ ভিন্ন। সব মিলিয়ে পুনর্নির্বাচনের এই পর্ব নির্বিঘ্নে মেটায় কিছুটা স্বস্তিতে নির্বাচন কমিশন।

আরও পড়ুন – দক্ষিণ ২৪ পরগনার দায়িত্ব নিজের হাতে, বাকি জেলায় প্রতিনিধি পাঠালেন অভিষেক: এজেন্টদের বোঝালেন প্রযুক্তিগত দিক

_

_

_

_
_
_
_
