Friday, June 12, 2026

মুখ্যমন্ত্রী নির্বাচিত, রাজ্যপাল মনোনীত! সংবিধান দিবসে ধনকড়কে ঠুকলেন মমতা! কিন্তু কেন?

Date:

Share post:

বিধানসভায় সংবিধান দিবস উদযাপনকে কেন্দ্র করে ফের রাজ্য-রাজ্যপাল সংঘাত তুঙ্গে। তৃণমূল শিবিরের দাবি, শুরুটা করেছেন রাজ্যপাল জাগদীপ ধনকড়। সংবিধান দিবস উদযাপনের ভাষণে রাজ্যে চ্যালেঞ্জের মুখে কাজ করতে হচ্ছে বলে শাসক দলকে নিশানা করেছিলেন জগদীপ ধনকড়। তারও আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে কার্যত এড়িয়ে গিয়েছেন রাজ্যপাল।

এদিন নিজের ভাষণে রাজ্যপাল পুরোটাই রাজ্য সরকারকে কটাক্ষ করেছেন এবং কেন্দ্রের মোদি সরকারের নীতির প্রশংসা ঢালাও করেছেন। এরপরে মুখ্যমন্ত্রী পাল্টা দিয়ে বলেন, ”রাজ্যপাল ভাষণে কাশ্মীর নিয়ে বেশি বললেন। অথচ বাংলা নিয়ে কম। উনি ভোর ৫টা থেকে টুইট করতে থাকেন। ওনার অনুষ্ঠানে যাইনি বলে রাগ থেকেই এসব বলেন।”

এখানেই থেমে থাকেনি মুখ্যমন্ত্রী। তিনি আরও বলেন,”ওনাকে তিনটি চিঠি দিয়েছি। গতকালও একটা চিঠি দিয়েছিলাম। একটা বিষয়ে আর কটা চিঠি দেব! কতগুলো দিবস আছে যেগুলো পালন করতেই হয়। প্রচারের জন্য উনি কি এসব করছেন?”

এরপরই মুখ্যমন্ত্রী মোক্ষম চালটি দেন। তিনি মনে করিয়ে দেন, “আমি মুখ্যমন্ত্রী। এটা নির্বাচিত পদ। প্রধানমন্ত্রীও নির্বাচিত। রাজ্যপাল কিন্তু মনোনীত। এর আগে এতজন রাজ্যপালের সঙ্গে কাজ করেছি। কারও সঙ্গে আমার ঝগড়া হয়নি। আজকে এই পরিস্থিতির জন্য দায়ী কে? গণতন্ত্রের জন্য এটা ভালো নয়।”

রাজ্য-রাজ্যপালের এই সংঘাত অবশ্য নতুন নয়। সম্প্রতি নাম না করে রাজ্যপালকে নিশানা করে মুখ্যমন্ত্রী বলেছিলেন, ”কে, কেন কীজন্য ওনাকে এখানে পাঠিয়েছে, আমরা সবাই তা জানি। হেলিকপ্টার উনি যেদিন চেয়ে ছিলেন, সেদিন এখানে কেন্দ্রীয় দল বুলবুলের ক্ষয়ক্ষতি দেখতে এসেছিল। আমাদের নিজস্ব হেলিকপ্টার নেই। জরুরি অবস্থায় আমরা হেলিকপ্টার ব্যবহার করি। প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা হলে উনি ভালো ব্যবহার করেন।”

শুধু নাম না করে রাজ্যপালকে নিশানা করে মমতা ক্ষান্ত হননি। সবশেষে তিনি বলেন,”সিনিয়র নেতারা কেন এতদিন জেলে আছেন? কার ইগো স্যাটিসফাই করতে গিয়ে এসব করা হচ্ছে? দেশ ভাঙছে কারা? কে কী খাবে ঠিক করে দেবে একটা দল? অনেকেই ভয়ে কোনও কথা বলতে পারছে না। আমি কারওর অঙ্গুলি-হেলনে চলি না। আমাকে ভয় দেখিয়ে থামানো যাবে না।”

তিনি আরও বলেন, ”এখন তো দেখছি চামচিকে, রাঘববোয়াল সবাই থ্রেট করছে। কখনও এজেন্সির ভয় দেখানো হচ্ছে। কখনও অন্য কিছুর নামে ভয় দেখানো হচ্ছে। কিন্তু দেশে এখনও কিছু সাহসী মানুষ আছেন। কেউ যদি মনে করেন আমি যা বলব তাই করতে হবে সকালে বিকালে থ্রেট করবে, আমি ওই থ্রেটে ভয় পাই না।”

সবমিলিয়ে সংবিধান দিবসেও রাজনৈতিক তরজা তুঙ্গে। রাজ্যপাল যেমন রাজ্য সরকারের অসহযোগিতার কথা বললেন। ঠিক একইভাবে রাজ্যপালকেও বিঁধলেন রাজ্যের মুখ্যমন্ত্রী।

Related articles

মৃত্যুঞ্জয়ের পরে সায়নীর অবস্থান জানতে চেয়ে পোস্ট যুবনেতা শুভ্রজিতের

যুব তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয় পালের (Mrityunjay Paul) পরে এবার ১৬ নম্বর ওয়ার্ডের যুব তৃণমূল সভাপতি শুভ্রজিৎ...

ইতিহাসের গৈরিকীকরণের অভিযোগ! প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বিতর্কিত ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদ্‌যাপনের তোড়জোড় বিজেপির 

প্রধানমন্ত্রীর উপস্থিতিতে আগামী ২০ জুন রাজ্যজুড়ে ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদযাপনের প্রস্তুতি শুরু করেছে বিজেপি সরকার। কিন্তু অনুষ্ঠান ঘোষণার পর...

আদালতের নির্দেশকে বুড়ো আঙুল! ফলতায় ফের অভিযুক্তকে হাফ প্যান্ট পরিয়ে রাস্তায় হাঁটাল পুলিশ

আদালত স্পষ্ট জানিয়েছিল, পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করতে পারে, তাদের বিরুদ্ধে চার্জশিট দিতে পারে, কিন্তু কোনোভাবেই কারও সম্মানহানি করতে...

কৃষকবন্ধুর বিদায়! কেন্দ্রের প্রকল্পে কপালে চিন্তার ভাঁজ বাংলার কৃষকদের

বন্ধ হয়ে গেল রাজ্যের কৃষকদের বড় ভরসা ‘কৃষকবন্ধু’ ও ‘বাংলা শস্য বীমা’ প্রকল্প। বর্তমান রাজ্য সরকার এই দুটি...