Sunday, April 12, 2026

অভাবী মেধাবীরা বৃন্দাবন মাতৃমন্দিরের মঞ্চে, কুণাল ঘোষের কলম

Date:

Share post:

কুণাল ঘোষ

অভাবী মেধাবীদের স্কলারশিপ, ইতিহাস গড়ছে বৃন্দাবন মাতৃমন্দির

চোখে স্বপ্ন। মস্তিষ্কে প্রতিভা। হৃদয়ে লড়াই।
একঝাঁক কিশোরকিশোরী। মাধ্যমিক, উচ্চমাধ্যমিকে দুরন্ত ফল। এগোনর ইচ্ছে। অথচ তীব্র আর্থিক প্রতিকূলতা।

এদের পাশে বৃন্দাবন মাতৃমন্দির। শুধু দুর্গাপুজো নয়, এদের দিকে হাত বাড়িয়ে দেওয়ার অভিযানেও।

রবিবার সন্ধেয় স্কলারশিপ পেল ত্রিশজন। প্রতিটির মূল্য দশ হাজার টাকা।
আবেদন এসেছিল অনেক। বাছাই করে আর্থিক প্রতিকূলতম অবস্থানের ত্রিশ জনকে। বিভিন্ন জেলা থেকেও।

একদিকে প্রাপক কিশোর বলছে, বাড়ি ফিরতে পারব না আজ। সন্ধের পর হাতি বেরোচ্ছে। ফিরতে হবে বাঁকুড়ার গ্রামে।

 

আবার পাঁচ বছর আগে ডাক্তারি পড়ার স্বপ্ন নিয়ে স্কলারশিপ নেওয়া কিশোরী আজ ডাক্তারির ছাত্রী হিসেবে এসে ঘোষণা করছে তার বাবার নামে একটি স্কলারশিপ।

বৃন্দাবন মাতৃমন্দির নাগরিকদের সামিল করেছে। এলাকার মানুষ তাঁদের প্রয়াত বাবা, মা বা অন্য কারুর নামাঙ্কিত স্কলারশিপের অর্থ দিচ্ছেন। উপকৃত হচ্ছে কত প্রতিভা।

আমি কৃতজ্ঞ, ধন্য এরকম একটি মঞ্চের আমন্ত্রণে। গতবারই বলেছিলাম, আমার প্রয়াত পিতা ডাঃ কল্যাণ কুমার ঘোষের স্মরণে একটি স্কলারশিপ দেব। উদ্যোক্তারা যে ছাত্রটিকে বেছে নিয়েছেন, তার চোখেও ডাক্তারি পড়ার স্বপ্ন। এইরকম কর্মযজ্ঞে সামিল থাকতে পেরে ভালো লাগছে।
আমি একটু দেরিতে গেছি। দেখছিলাম স্কলারশিপ পাওয়া ছেলেমেয়েগুলিকে। কী সব নম্বর। একটু সহযোগিতা পেলে সোনা ফলাবে।

আমার সিদ্ধান্ত, আরও কমাবো নিজের খরচ। পরের বার থেকে আমার প্রয়াত মায়ের নামেও একটি স্কলারশিপ দেব।
যত সঙ্কটই থাক, এই কাজে টাকা দিলে ঈশ্বর আবার ঠিক জুগিয়ে দেন।
আরও অনেকে প্রাণখুলে এগিয়ে এসেছেন। এই সংক্রমণটা স্বাস্থ্যকর।

মূক ও বধির স্কুলের এক প্রতিভাকেও স্কলারশিপ দিল এই মঞ্চ।

বৃন্দাবন মাতৃমন্দিরের গোটা টিম, শিবেন্দু, প্রেমাঙ্কুরসহ সবাই; এবং রনিদা, এরা সত্যিকারের একটা বড় কাজ করছে।

আন্তরিক অভিনন্দন রইল।

অনুরোধ, আপনিও এই কর্মযজ্ঞে অংশ নিতে পারেন। আমরা এদিকওদিক খরচ তো অনেক করি। আসুন, তার থেকে কিছু বাঁচিয়ে তুলে দিই এক প্রকৃত অভাবী মেধাবীর হাতে। কটা বইখাতা আর একটু সহযোগিতায় সে অনেক বড় যুদ্ধে জিতে আসতে পারবে।

বৃন্দাবন মাতৃমন্দির, স্যালুট।

www.brindabanmatrimandir.org

Related articles

‘মহাকাব্যিক স্ট্রিট ফুড’, উৎপল সিনহার কলম

" নিন, টপ করে খেয়ে নিন..." টপ করে মুখের মধ্যে চলে তো গেল ছোট্ট গোলাকার বলটি। কিন্তু তারপর...

বাংলার জন্য ফের মমতাই প্রয়োজন! তৃণমূল নেত্রীর হয়ে সওয়াল কংগ্রেস নেত্রী রেণুকার

রাজ্যে ভোটের আবহ যত বাড়ছে, ততই বিরোধী শিবিরের সমীকরণ ঘিরে তৈরি হচ্ছে নতুন জল্পনা। এবার খোদ কংগ্রেসের শীর্ষ...

‘গণতন্ত্রের শত্রু’ বিজেপি! গেরুয়া শিবিরের সাম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধে গর্জে উঠল গণমঞ্চ

বিজেপির সাম্প্রদায়িক মেরুকরণ এবং বাংলা ভাগের চক্রান্তের বিরুদ্ধে সরব হলো ‘দেশবাঁচাও গণমঞ্চ’। শনিবার সন্ধ্যায় উত্তর কলকাতার বাগবাজারে আয়োজিত...

বকেয়া ডিএ মেটাতে তৎপর নবান্ন, ১৩ এপ্রিলের মধ্যে এসওপি জমার নির্দেশ অর্থ দফতরের

শিক্ষক ও সরকারি কর্মীদের দীর্ঘদিনের বকেয়া মহার্ঘ ভাতা বা ডিএ মেটানোর প্রক্রিয়া আরও গতিশীল করতে কড়া পদক্ষেপ করল...