Saturday, April 4, 2026

দমদম জেলে নিহত ও আহতদের নামের তালিকা কোথায় অরুণ গুপ্তা? কুণাল ঘোষের কলম 

Date:

Share post:

কুণাল ঘোষ

শনিবার ঘটনা ঘটেছে। আজ সোমবার।

দমদম জেলে নজিরবিহীন ঘটনায় নিহত ও আহতদের সঠিক সংখ্যা কত? নাম কী? এখনও কেন জানালেন না জেল সাম্রাজ্যের অধিকারী অরুণ গুপ্তা? যিনি অবসরের পরেও বারবার বাড়তি দায়িত্ব পেয়ে জেল পরিষেবার মাথায় বসে ছড়ি ঘোরান, হতাহতের তালিকাটা দিতে পারলেন না?

প্রত্যক্ষদর্শীরা বলেছেন শনিবার গেট থেকে দেহ ( হত বা আহত ) বেরিয়েছে। সন্ধের পর পেছনে রিকার দিক থেকেও বার করা হয়েছে। আর জি করে একাধিক হতাহত। অন্য কোথাও আছে কিনা জানা নেই।

কলকাতার বুকে একটা কান্ড হল। তার হতাহতের তালিকা দেবে না অরুণ গুপ্তার প্রশাসন?

আমি একবারও বলছি না বন্দিরা সকলেই ধোয়া তুলসীপাতা। আবার সবাই দোষী, সেটাও একেবারেই নয়। কিন্তু করোনা আতঙ্কে জেল ফুটছে, জেল প্রশাসন আঙুল চুষছিল? দক্ষ, যোগ্য অরুণ গুপ্তার অফিসাররা আগাম আঁচ পাবেন না? বন্দিদের উপর নিয়ন্ত্রণ থাকবে না?

আসলে এই অরুণ গুপ্তা রহস্যজনক কারণে বলিয়ান হয়ে জেলটা লাটে তুলে দিয়েছেন। কর্মচারী সমিতি ভেঙে দেওয়া হয়েছে। চূড়ান্ত অব্যবস্থায় বন্দিরা ক্ষুব্ধ। তাই পরপর জেলে অঘটন ঘটছে।

আমি প্রথম দিন যা বলেছিলাম এখন তাই ঘটছে এবং ঘটবে।
জেলের খবর বাইরে আসে না। প্রশাসন যা বলবে, মিডিয়ার একাংশ তাই লিখবে। চেক করা হবে না। এখন দমদমে ষড়যন্ত্র, অপরাধী, মাওবাদী- এমন অনেক তত্ত্ব আসবে। আজ একটা কাগজে এসব দেখে হাসি পেল। আমি তো পরশুই লিখেছি। এখন বড় বড় তদন্তকাহিনি বেরোবে, কোন্ কোন্ বন্দি এসব করেছে। প্রতিবাদের ভয় নেই। আসলে জেলের অব্যবস্থা, ব্যর্থতা আর উপরমহলের অপকীর্তি ধামাচাপা দিয়ে গোলমালের দায়টা বন্দিদের উপর চাপিয়ে দেওয়া হবে।

বন্দিদের হাতে পিস্তল। বন্দিদের হাতে মোবাইল। এখন ন্যাকা সাজছে প্রশাসন। ওটা বন্দির দোষ না কর্তৃপক্ষের দোষ? বন্দি তো বন্দিই। তার হাতে গেল কী করে ওসব? কারা দিল? কীসের জন্য দিল? কত টাকায় দিল?

এই অরুণ গুপ্তা নামক লোকটিকে মাথায় রেখে জেলের আর কত বিপদ ডেকে আনা হবে?

বাকি বিশ্লেষণ পরে হোক, আগে হতাহতদের নামের তালিকা দিন অরুণ গুপ্তা।
এই দেরিটাও স্বাভাবিক নয়। ময়নাতদন্ত রিপোর্ট থেকে কাগজ লোপাট, এমনকি একটা আস্ত মানুষের নথি লোপাটেও যে কোনো প্রভাব খাটানো হবে না, তার কোনো গ্যারান্টি কেউ দিতে পারবে না। ওই উঁচু পাঁচিলের আড়ালে প্রশাসন যা খুশি করতে পারে। হিসেববহির্ভূত নিখোঁজ এখন কেউ টেরও পাবে না। সিনেমার বাড়াবাড়িও এখানে শিশু। জেলে যা হয়, সিনেমাও পারবে না। তবে শুভবুদ্ধিসম্পন্ন অফিসারও কিছু আছেন। তাঁরাই ভরসা।

এই যে মিস্টার অরুণ গুপ্তা, আই পি এস, অবিলম্বে দমদমের হতাহতদের তালিকা জনসমক্ষে প্রকাশ করুন।
তদন্তের গল্প অন্য কাউকে শোনাবেন। আপনাদের ব্যর্থতা, আপনাদেরই তদন্ত, এসব নাটক আমাকে গেলাতে যাবেন না। আমি সরব থাকব। এবং সাধ্যমত প্রচার করব।

আনন্দবাজারে দেখলাম আর জি করে বন্দির আত্মীয়রা অসহায়ভাবে ঘুরছেন। একে যাতায়াতের সমস্যা। তার উপর এই উদ্বেগ নিয়ে হয়রানি। কেন এসব হবে? বন্দিকে আইনের বাইরে নির্যাতনের অধিকার প্রশাসনের নেই। আর তার আত্মীয়দের এই পরিস্থিতিতে ফেলা তো চূড়ান্ত অন্যায়।

আমি অরুণ গুপ্তার অপসারণ চাই তো বটেই। সেটা পরে। আগে ওঁর সাসপেনশন বা শাস্তি দাবি করি।
আর তারও আগে হতাহতদের নামের তালিকা দিন জেলসাম্রাজ্যের মুকুটহীন সম্রাট অপার ক্ষমতাশালী মহামহিম অরুণ গুপ্তা।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...