Saturday, April 4, 2026

‘পথের পাঁচালী’-র অন্য ইতিহাসে জড়িয়ে বিধান রায়ের নাম

Date:

Share post:

“পথের পাঁচালী” করতে গিয়ে সত্যজিৎ বেঁচে দিয়েছিলেন স্ত্রী বিজয়া রায়ের সব গয়না, জীবনবিমার পলিসি, নিজের দুষ্প্রাপ্য গানের রেকর্ডের সংগ্রহ। কিন্তু সব যোগ করেও ফিল্ম তৈরির রসদ জোগাড় হল না।

এমন সময় এগিয়ে এলেন মুশকিল আসান- ডঃ বিধানচন্দ্র রায়।
সত্যজিৎ রায় যখন বহুমূল্য অনেক কিছু বিক্রি করেও টাকার জোগাড় করে উঠতে পারছেন না, তখন সত্যজিতের মা চিন্তায় পড়ে গেলেন। সোজা দেখা করলেন বন্ধু তৎকালীন মুখ্যমন্ত্রী বিধান রায়ের সঙ্গে। বিধান রায় সব শুনে সত্যজিতের মাকে বলেন, “কাল তুমি ছেলেকে একবার আমার কাছে পাঠাও। দেখি কিছু করা যায় কি না!” ফিল্ম তৈরি করতে তখনও পর্যন্ত ভারত সরকার বা কোন রাজ্য সরকার টাকা দেয়নি। সরকার কী করে চলচ্চিত্র প্রযোজনা করবে? আইনে যে আটকে যাবে কি? এত-শত ভেবেও বন্ধুর ছেলেকে পরের দিন আসতে বলে দিলেন বিধান রায়।
পরদিন সত্যজিৎ রায় গেলেন মুখ্যমন্ত্রীর কাছে। বিধান রায় ছোট করে গল্প শুনতে চাইলেন।
সত্যজিৎ রায় গল্প বললেন। শোনার পরে বিধান রায় বললেন, “সবই তো ঠিক আছে কিন্তু সরকার কী করে ফিল্ম তৈরি করতে টাকা দেবে? আজ পর্যন্ত ভারত সরকার বা কোনো রাজ্য সরকার ফিল্ম প্রযোজনা করেনি। কী করে সম্ভব !”
এরপর বিধান রায় চিফ সেক্রেটারিকে ডেকে বললেন, “দ্যাখো কিছু টাকাপয়সা দেওয়া যায় কি না! চেনো ওকে? সুকুমার রায়ের ছেলে, উপেন্দ্রকিশোরের নাতি — সত্যজিৎ রায়”।
চিফ সেক্রেটারিও চিন্তিত সরকার কী করে টাকা দেবে! বিধান রায় মজা করে বলেন, “কী বিলেতে আইসিএস পড়ে এলে? আরে বাবা, আইনও আছে, আইনের ফাঁকও আছে।”
এবার সত্যজিতের দিকে তাকিয়ে বললেন, “গল্পের শেষটা একটু পাল্টে গ্রামের পঞ্চায়েত ব্যবস্থার উন্নয়নের কথা বলে একটু সরকারি প্রচার করো।”
সত্যজিত বিস্মিত! এ কী বলছেন বিধান রায়! “আমার ছবি সরকারের কাজের প্রচার করবে? অসম্ভব”! সত্যজিৎ উঠে নমস্কার জানিয়ে বলেন, “ছবির গল্প পাল্টানো সম্ভব নয়। আমায় ক্ষমা করুন। ছবি নিয়ে কোনও কম্প্রোমাইজ আমি করতে পারব না। আমি আসছি।”
বিধান রায় এবার হেসে বললেন, “আরে বোসো বোসো, তোমার মনোভাবটা একটু জাজ করছিলাম। বাড়ি যাও। খাও। ঘুমোও। সরকার টাকা দেবে।”
পরদিন সত্যজিতকে আবার ডেকে পাঠান বিধান রায়। বললেন, “শোনো, সরকারের গ্রাম উন্নয়ন খাত থেকে এই টাকা দেওয়া হবে। কোনো প্রচার করতে হবে না।”
“পথের পাঁচালী” সিনেমা তৈরি করতে খরচ হয়েছিল ৭০ হাজার টাকার মতো। ১৯৫৯ সালেই এ ছবি ১২ লক্ষ টাকা লাভ করেছিল!
‘বীণা’ সিনেমা হলে বিধান রায় ছবি দেখে বলেছিলেন, “দারুণ ফিল্ম বানিয়েছো হে!” মজা করে না কি বলেছিলেন, “অস্কার না পেয়ে যাও!” তাই হয়েছিল। কথা ফলে গিয়েছিল। লাইফ টাইম অস্কার পুরস্কারে সম্মানিত হয়েছিলেন সত্যজিৎ রায়।
আর “পথের পাঁচালী” তৈরির ইতিহাসে বিভূতিভূষণ, সত্যজিৎ রায়ের সঙ্গে জুড়ে যায় বিধানচন্দ্র রায়ের নামও।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...