Thursday, June 25, 2026

রাজস্থান সংকট: আজ ফের হাইকোর্টে আইনি যুদ্ধে পাইলট বনাম গেহলট

Date:

Share post:

রাজস্থান বিধানসভার স্পিকারের নোটিশ চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা করেছেন শচিন পাইলট সহ ১৯ জন বিক্ষুব্ধ কংগ্রেস বিধায়ক। সোমবার ফের এই মামলার শুনানি। রাজস্থান হাইকোর্টের বিচারপতিরা আগেই নির্দেশ দিয়েছিলেন মঙ্গলবার পর্যন্ত পাইলটদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া যাবে না। কংগ্রেস বনাম কংগ্রেসের এই সম্মানের লড়াইয়ে শেষ পর্যন্ত কী হয় সেদিকে নজর সবার। পাইলট শিবিরের হয়ে আদালতে লড়াই করছেন মোদি জমানায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করা প্রখ্যাত দুই অাইনজীবী হরিশ সালভে ও মুকুল রোহতগি। অন্যদিকে রাজস্থান সরকারের হয়ে প্রতিনিধিত্ব করছেন কংগ্রেস সাংসদ তথা বিশিষ্ট আইনজীবী অভিষেক মনু সিংভি।

এদিকে এই আইনি লড়াইয়ে পাইলট শিবির যদি জিতে যায় তাহলে কী করবে কংগ্রেস? দলীয় সূত্রে খবর, সেক্ষেত্রে পাল্টা চালে পাইলটদের মাত করতে এখন থেকেই প্ল্যান-বি তৈরি রেখেছেন মুখ্যমন্ত্রী অশোক গেহলট ও ক্ষমতাসীন শাসক দলের নেতারা। কী সেই স্ট্র্যাটেজি? জানা গিয়েছে, রাজস্থান হাইকোর্ট যদি স্পিকারের নোটিশ খারিজ করে পাইলটদের বিধায়ক পদ বহাল রাখার রায় দেয় তাহলে অবিলম্বে বিধানসভার অধিবেশন ডাকবে রাজ্য সরকার। সেইসঙ্গে, সরকার পক্ষ নিজেদের সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে প্রস্তাব আনবে। এর পাশাপাশি সরকারপক্ষের মুখ্য সচেতক মহেশ যোশী কংগ্রেসের সব বিধায়ককে হুইপ জারি করবেন যাতে তাঁরা অাস্থা ভোটের দিন বিধানসভায় উপস্থিত থেকে গেহলট সরকারের পক্ষে ভোট দেন। পাইলট সহ বিদ্রোহী কংগ্রেস বিধায়করা যদি এই হুইপ অমান্য করেন অথবা ভোটাভুটি থেকে বিরত থাকেন তাহলে সংবিধানের দশম তফশিলের ২(১) (খ) ধারায় তাঁদের বিধায়ক পদ খারিজ হয়ে যাবে। এর আগে দলত্যাগ বিরোধী আইনের ২(১) (ক) ধারায় পাইলটদের নোটিশ পাঠান স্পিকার। হাইকোর্টে এখন তাকে চ্যালেঞ্জ করেই মামলা চলছে। কিন্তু কোর্টের রায়ে বেঁচে গেলেও গেহলটের পরবর্তী চালের সামনে কী শচিন পাইলট কী করবেন তা নিয়ে এখন থেকেই কৌতূহল তুঙ্গে। কারণ বিধানসভার ভোটাভুটিতে দলের হুইপ অমান্য করার অর্থ, সঙ্গে সঙ্গে বিধায়ক পদ খারিজ হয়ে যাওয়া। যদিও তারপরও আদালতে যাওয়ার সুযোগ থাকবে পাইলটদের সামনে।

আর যদি রাজস্থান হাইকোর্টে হেরে যান পাইলট? সেক্ষেত্রে ১৯ জন বিধায়কের পদ খারিজ হয়ে সরকার গঠনের মেজরিটি মার্ক ১০১ থেকে এমনিতেই অনেকটা কমে আসবে এবং চোখ বুজে জিতে যাবেন অশোক গেহলট। কংগ্রেস বনাম কংগ্রেস যুদ্ধে তাই আপাতত গেহলট শিবিরেরই অ্যাডভান্টেজ, এমনই মত রাজনৈতিক মহলের।

Related articles

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...