Thursday, May 14, 2026

“দেশে আগুন জ্বালাতে চান?” ঐতিহাসিক স্থানের নাম বদলে বিজেপিকে তোপ শীর্ষ আদালতের

Date:

Share post:

একের পর এক দেশের রেল স্টেশন ও ঐতিহাসিক স্থানের(Historical Place) নাম বদল করে চলেছে বিজেপি সরকার(BJP Govt)। এই নাম বদলকে আরও দ্রুতগতিতে এগিয়ে নিয়ে যেতে নয়া কমিশন গঠনের দাবিতে শীর্ষ আদালতে(Supreme Court) দায়ের হয়েছিল মামলা। এক বিজেপি নেতার দায়ের করা সেই মামলা খারিজ করার পাশাপাশি কড়া ভাষায় বিষয়টির সমালোচনা করলেন সুপ্রিম বিচারপতি। সোমবার শীর্ষ আদালত জানালো, “অতীতকে খুঁড়বেন না। এমন কাজ করবেন না যা বৈষম্য তৈরি করবে।” পাশাপাশি তিনি আরও বলেন, “সমাজের একটি নির্দিষ্ট সম্প্রদায়কে নিশানা করে দেশে আগুন জ্বালাতে চান।”

‘নামবদলের কমিশন’ (রিনেমিং কমিশন) গঠনের আবেদন জানিয়ে শীর্ষ আদালতে জনস্বার্থ মামলা দায়ের করেছিলেন বিজেপি নেতা অশ্বিনী উপাধ্যায়। তাঁর দাবি ছিল, দেশের একাধিক শহর ও ঐতিহাসিক স্থানের নামকরন করা হয়েছে আক্রমণকারীদের নামে। এই জায়গাগুলির নাম পরিবর্তন করা হোক। এবং সেই শহর ও ঐতিহাসিক স্থানের আসল নাম খুঁজে বের করা হোক। গঠিত হোক নাম বদল কমিশন। কারণ ভারত ইতিহাসের দাস হয়ে থাকতে পারে না। তবে ওই বিজেপি নেতার আবেদন খারিজ করে দেওয়ার পাশাপাশি সুপ্রিম বিচারপতি কেএম জোসেফ এবং বিভি নাগারত্নের বেঞ্চ জানায়, “হিন্দু ধর্ম জীবনধারনের একটা অঙ্গ, এর মধ্যে কোনও গোঁড়ামি নেই। সমাজের একটি নির্দিষ্ট সম্প্রদায়কে নিশানা করে আপনারা গোটা দেশে আগুন লাগাতে চান?” পাশাপাশি আরও বলা হয়, “এমনভাবে অতীত খুঁজতে যাবেন না, যাতে দেশে বিভেদ বাড়ে। এসবের বাইরে কি আমাদের দেশে অন্য কোনও সমস্যা নেই?”

এখানেই না থেকে শীর্ষ আদালত আরও জানায়, “ভারত একটি ধর্ম নিরপেক্ষ দেশ। এই দেশ ইতিহাসের কারাগারে বন্দি থাকতে পারে না। দেশকে এগিয়ে নিয়ে যাওয়া জরুরি। আমাদের দেশ বিদেশি শক্তি দ্বারা আক্রান্ত হয়েছিল, এটা ঠিকই। কিন্তু আমরা ইতিহাস মুছে ফেলতে পারি না। শুধু রাস্তা, স্মৃতি সৌধ, ফলকের নামবদল করে কি ইতিহাসকে পালটানো যায়?” মামলাকারীকে তোপ দেগে আদালত আরও জানায়, ” এই ধরনের মামলা করে সমাজকে বিভক্ত করার চেষ্টা করবেন না। কোনও একটি ধর্মের কথা নয়, মাথায় রাখুন দেশের কথা।” এরসঙ্গেই বিচারপতি জোসেফ বলেন, “আমার রাজ্য কেরালায় চার্চ বানানোর জন্য জমি দিয়েছিলেন একজন হিন্দু রাজা। আমি নিজে খ্রিস্টান, কিন্তু আমি হিন্দুধর্মের সমান ভক্ত। অধিবিদ্যার বিচারে হিন্দু ধর্মই সর্বশ্রেষ্ঠ ধর্ম। এটা নিয়ে আমাদের গর্ব করা উচিত।”

উল্লেখ্য, মুঘল গার্ডেনের নাম বদলেছে কেন্দ্রীয় সরকার। নতুন নাম দেওয়া হয়েছে ‘অমৃত উদ্যান’। এর আগে বহু ইমারত, রাস্তা, স্টেশন এমনকি শহরের নাম বদলেছে মোদী সরকার। সেগুলির পুরনো নামের সঙ্গে জড়িয়ে ছিল মুঘল জমানা। উত্তরপ্রদেশের মুঘলসরাই স্টেশনের নাম বদলে হয়েছে দীনদয়াল উপাধ্যায়। দিল্লির রাজপথের নাম হয়েছে কর্তব্যপথ। ইলাহাবাদের নাম হয়েছে প্রয়াগরাজ। এই নিয়ে সমালোচনার মুখে পড়েছে বিজেপি সরকার। এই পরিস্থিতিতে বিজেপি নেতার নামবদল সংক্রান্ত আবেদন খারিজ করল শীর্ষ আদালত।

Related articles

জ্বালানি বাঁচাতে ‘ওয়ার্ক ফ্রম হোম’! সোমবার আমলাদের মেট্রো সফরের নির্দেশ রেখা গুপ্তার 

মধ্য এশিয়ার যুদ্ধ পরিস্থিতির জেরে বিশ্বজুড়ে তৈরি হওয়া জ্বালানি সংকট মোকাবিলায় কোমর বেঁধে নামল দিল্লি সরকার। বৃহস্পতিবার জ্বালানি...

মনোবল শক্ত রাখুন, লড়াই চলবে: কালীঘাটের বৈঠক থেকে সতীর্থদের বার্তা নেত্রীর 

মনোবল ভাঙলে চলবে না, বরং হারানো জমি পুনরুদ্ধারে দ্বিগুণ শক্তিতে রাস্তায় নামতে হবে— বৃহস্পতিবার কালীঘাটের বাসভবনে দলীয় সাংসদদের...

“১ টাকায় মনোরঞ্জনকে সই করান”, প্রয়াত টুটুকে নিয়ে অজানা কথা শোনালেন দেবাশিস

সদ্য প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বোস(Tutu Bose)। সাড়ে তিন দশকের বেশি সময় ধরে মোহনবাগান ক্লাবকে...

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...