Sunday, April 26, 2026

‘যে পথে হলো না যাওয়া’, উৎপল সিনহার কলম

Date:

Share post:

উৎপল সিনহা

দাঁড়াও পথিকবর ।‌ হলুদ পাতায় ঢাকা পথের বাঁকে এসে দ্রুত সিদ্ধান্ত নাও । সময় কম । সাহসী হও । সামনে হাতছানি দেয় দু’টি পথ । বেছে নাও এর একটি ।

এদিকে নাকি ওদিকে ? এই পথে নাকি ওই পথে ! কোন পথে কপাল মন্দ ? কোন পথে চিচিং ফাঁক ?
দু’টি পথ গেছে দু’দিকে বেঁকে । দু’টিই অজানা , অচেনা । তবু একলা পথিককে বেছে নিতে হয় যে কোনো একটি পথ , যেটিকে অপেক্ষাকৃত শ্রেয় মনে হয় ।

পথের শেষ কোথায় , কী আছে শেষে , এত কামনা এত সাধনা কোথায় মেশে , এমন জিজ্ঞাসা রয়েছে রবি ঠাকুরের গানে । পথ বেছে নেওয়া কি সহজ কাজ ? আমাদের এই বস্তুবিশ্বে চৌরাস্তা কিংবা তেমাথার মোড় তো দূরের কথা , মাত্র দু’টি পথের একটি বেছে নিতেই পথিকের কালঘাম ছুটে যায় । শেষ পর্যন্ত ঘিরে থাকে অজস্র দ্বিধা-দ্বন্দ্ব-সংশয় । অনিবার্য যে প্রশ্নটি ধেয়ে আসে তা হলো , ‘কোন পথে সাফল্য অর্জন সুনিশ্চিত ‘ ? আর , কে না জানে যে , ধনসম্পদ , খ্যাতি ও প্রতিষ্ঠাকেই ‘ সাফল্য ‘ বলে একবাক্যে স্বীকার করে নেয় নাগরিক সমাজ । যদিও পথ নিয়ে পথিকের নানা মত । আবার ‘ যত মত তত পথ ‘ । তাহলে আসুন , এই মুহূর্তে আরেকবার পড়ে নেওয়া যাক রবার্ট ফ্রস্টের অবিস্মরণীয় কবিতা ‘ দ্য রোড নট টেকেন ‘
( The road not taken ) ।

‘ পথটি দু’ভাগে বিভক্ত হলো এই বনের মধ্যে এসে । একসাথে দুটি পথে যাওয়া হবে না ভেবে মনখারাপ হয় আমার । কোন পথে যাই ভাবতে ভাবতে থমকে দাঁড়াই শেষে । আর দেখতে থাকি পথের শেষটা যতদূর দেখা যায় । দেখি পথটি বাঁক নিয়েছে যেখানে ঝোপঝাড় । ‘

‘ এবার একইভাবে তাকাই অন্য পথটির দিকে ।‌ এই পথটিতে পথিকদের পায়ের ছাপ অপেক্ষাকৃত কম ।‌ নরম সবুজ ঘাসে ঢাকা ছাপগুলি । কম যাতায়াত হয়েছে এই পথে । ‘
‘ দুটি পথেই ভোরের আলো ছড়ায় একইভাবে । পায়ের চাপে , রোদের তাপে এখনও ধূসর হয় নি সবুজ পাতারা । আহা , প্রথম পথটিতে নাহয় আরেকদিন যাওয়া যাবে । এ পথ গেছে কোনদিকে তা ঠিকঠাক জেনে নিতে হবে । আদৌ ওই পথে আমার যাওয়া হয় কিনা কে জানে ! ‘

‘ দীর্ঘশ্বাস ফেলি আমি । এই সিদ্ধান্তই আমাকে নিতে হয় অবশেষে , এই পৃথিবীর কোথাও রয়েছে একটি পথ , যুগ-যুগান্তরের , দুটি ভাগে ভাগ হয়েছে একটি বনের মাঝে এসে , যে পথে মানুষের পদচিহ্ন পড়েছে কম , আমি সেই পথ নিই বেছে । আর এভাবেই সূচনা হয় একটি পার্থক্যের । ‘

মত ও পথ নির্বাচনে সংশয় মানুষের মনের চিরকালীন দ্বন্দ্ব । জীবনের অনেকটা পথ অতিক্রম করে আসার পর কেউ হয়তো উপলব্ধি করেন পথ নির্বাচনে বড়ো ভুল হয়ে গেছে । কিন্তু আর তো ফেরার পথ নেই । সময়ও পেরিয়ে গেছে বিস্তর । তখন মনে হয় পথ নির্বাচনের দ্বিতীয় সুযোগ যদি আরও একবার পাওয়া যায় তাহলে ভুলের পুনরাবৃত্তি আর হবে না নিশ্চয় । কিন্তু সে সুযোগ আর মেলে না ।

পথের বাঁকে দাঁড়িয়ে , পথ বেছে নেওয়ার প্রাক্কালে সিদ্ধান্তহীনতায় ভোগেন অধিকাংশ মানুষ । প্রত্যেক মানুষের জীবনেই এমন দু’মাথার মোড়ে এসে দাঁড়ানোর ঘটনাক্রম অবশ্যম্ভাবী । শিক্ষায় , জীবিকা নির্বাচনে , বিবাহে , রাজনৈতিক মতাদর্শ বেছে নেওয়া এবং পারিবারিক ও সামাজিক ক্ষেত্রে একাধিক মত ও পথের মধ্যে কোনো একটি বেছে নিতেই হয় । সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়নের পরে সবকিছু যদি ঠিকঠাক থাকে তাহলে সমস্যা নেই । কিন্তু উল্টোটা হলে , অর্থাৎ কোনো গণ্ডগোল বাধলে সেই দ্বিতীয় মত ও পথের কথা মনে পড়ে যাকে বর্জন করা হয়েছে ।

কবি রবার্ট ফ্রস্টের সেই ছেড়ে আসা ফেলে আসা পথটি , একটি পথ বেছে নিতে গিয়ে যে পথটি তিনি বর্জন করেছিলেন ‘ আরেকদিন যাওয়া যাবে ‘ ভেবে , তেমন ঘটনা বেশিরভাগ মানুষের জীবনেই ঘটে । আর তখনই , ‘ হতে পারতো ‘ , ‘ হলেও হতে পারতো ‘ , ‘ এটা হলে ওটা হতো ‘ , ‘ ওটা হলে সেটা হতে পারতো ‘ ইত্যাদি প্রভৃতি দীর্ঘশ্বাসমিশ্রিত হাহাকার ।

এই যাত্রাপথ বেছে নিয়ে , এই পথে দীর্ঘদূর হেঁটেও যা কিছু পাওয়া গেল না , হাতের নাগালে এলো না , সে সব হয়তো অপেক্ষা করেছিলো ওই তথাকথিত দুয়োরানি পথের বাঁকে , অবহেলায় যে পথটিতে পায়ের চিহ্ন এঁকে দিতে মন চায় নি , ফেলে আসা যে পথটিতে আর কোনোদিনই হাঁটার সুযোগ পাওয়া যাবে না ।
‘ তখন কেঁদেও পাবে নাকো তারে
বর্ষার অজস্র জলাধারে । ‘

আরও পড়ুন- বিশ্বের আরও একটি দেশে ফের রাষ্ট্রপ্রধান হলেন ভারতীয় বংশোদ্ভূত, শুভেচ্ছা প্রধানমন্ত্রীর

Related articles

ডায়মন্ড হারবারের তৃণমূলের বাইক মিছিল নিয়ে নির্বাচন কমিশন-বিজেপিকে নিশানা তৃণমূলের! নেওয়া হবে ব্যবস্থাও

ডায়মন্ড হারবারের তৃণমূলের(TMC) বাইক মিছিল থেকে স্লোগান নিয়ে এবার বিজেপি(BJP) এবং নির্বাচন কমিশনকে (EC) তৃণমূল ভবন থেকে নিশানা...

বিজেপি প্রার্থী ‘চাল চোর গোপাল’! মোক্ষম খোঁচা অভিষেকের

এবারের বিধানসভা নির্বাচনের (Assembly Election) প্রচারের জন্য হাতে মাত্র আর ২৪ ঘণ্টা সময়। রবিবার তাই প্রচারের ঝড় বাংলা...

মুখ্যমন্ত্রীর বাড়ি অভিযানে ধুন্ধুমার: মনিপুরে নতুন করে অশান্তি, আহত ৩০ বিক্ষোভকারী

পাহাড়ের পরে এবার সমতলেও যুদ্ধ পরিস্থিতি মনিপুরে। প্রায় ২০ দিন ধরে দুটি নিরীহ শিশুর মৃত্যুর বিচার চেয়ে শান্তিপূর্ণ...

‘অসুস্থ’ লোক: হোয়াইট হাউসের হামলার পর বললেন ট্রাম্প, ইরান-যোগের আশঙ্কা!

হোয়াইট হাউসের নৈশভোজে বন্দুকবাজের হামলা নিয়ে চিন্তিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। ইতিমধ্যে সেই বন্দুকবাজকে গ্রেফতার করা...