Sunday, April 12, 2026

গাজার আল-শিফা হাসপাতালে ইজরায়েল সেনার অভিযান, ভিতরে আতঙ্কিত শিশু-সহ ২৩০০ রোগী

Date:

Share post:

গাজার বৃহত্তম হাসপাতাল আল শিফাকে চারদিক থেকে ঘিরে ফেলে ১২ ঘন্টার সময়সীমা দিয়েছিল ইজরায়েল সেনা। সেই সময়সীমা পার হতেই এবার হাসপাতালে ঢুকে পড়ল সেনাবাহিনী। হাসপাতালের মধ্যে লুকিয়ে থাকা হামাস জঙ্গিদের খতম করতে শুরু হয়েছে গুলির লড়াই। এদিকে এই হাসপাতালেই রয়েছে অন্তত ২,৩০০ জন রোগী। যাদের মধ্যে বেশিরভাগই শিশু। পাশাপাশি যুদ্ধের সময় হাসপাতালে আশ্রয় নিয়েছিলেন কিছু সাধারণ মানুষ। ইজরায়েলের অভিযান শুরু হওয়ার পর আতঙ্কে ছিটিয়ে রয়েছে তারা।

গাজার আলশিফা হাসপাতালে যে হামাস সদস্যরা লুকিয়ে রয়েছে সে খবর পেয়ে এই হাসপাতাল ঘিরে ফেলেছিল ইজরায়েল সেনা। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ওই হাসপাতালে আক্রমণের বিষয়ে আগেই তারা সতর্ক করেছিল। বলা হয়েছিল, ১২ ঘণ্টার মধ্যে হাসপাতালের সামরিক কার্যকলাপ বন্ধ করতে হবে। হামাসের সদস্যদের আত্মসমর্পণ করতে হবে। কিন্তু তা করা হয়নি। ১২ ঘণ্টার সময়সীমা শেষ হওয়ার পরই শুরু হয় অভিযান। একটি বিবৃতিতে নেতানিয়াহুর সেনা জানায়, আল-শিফা হাসপাতালে তারা হামাসের বিরুদ্ধে নিয়ন্ত্রিত হামলা চালাচ্ছে।

রাষ্ট্রপুঞ্জ আগেই জানিয়েছিল, ওই হাসপাতালে ৩৬ জন সদ্যোজাতের চিকিৎসা চলছে। তাদের হাসপাতাল থেকে সরানো সম্ভব হচ্ছে না। চিকিৎসা পরিষেবা দেওয়াও অসম্ভব হয়ে পড়েছে। ইতিমধ্যে তিন জন সদ্যোজাতের মৃত্যুও হয়েছে। এর পাশাপাশি ২৩০০ জন রোগী রয়েছে হাসপাতালে, যাদের মধ্যে বেশিরভাগই শিশু। আল-শিফা হাসপাতালে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। জ্বালানির অভাবে জেনারেটরও চালানো যাচ্ছে না। হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, হাসপাতালের ভিতরে যাঁদের মৃত্যু হয়েছে, তাঁদের সৎকারের পরিস্থিতিও নেই। পচা মৃতদেহের গন্ধে টেকা দায় হয়ে দাঁড়িয়েছে। বিদ্যুৎ না থাকায় দেহ মর্গে সংরক্ষণ করা যাচ্ছে না। যেখানে সেখানে মৃতদেহ ছড়িয়ে রয়েছে।

আল-শিফা হাসপাতালে ইজরায়েলের হামলার জন্য নেতানিয়াহু এবং আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনকে দায়ী করেছে হামাস। তারা একটি বিবৃতিতে জানিয়েছে, এই হামলার নেপথ্যে রয়েছেন বাইডেন। হাসপাতালে ইজরায়েলের এই হামলা আন্তর্জাতিক মহলে আরও সমালোচনা ডেকে আনতে পারে বলে মনে করা হচ্ছে। রাষ্ট্রপুঞ্জ থেকে শুরু করে শান্তিকামী বিভিন্ন মহল ইজরায়েলকে যুদ্ধবিরতির আবেদন জানিয়েছে। হাসপাতালে আক্রমণের বিরোধিতা করা হয়েছে বার বার।

Related articles

জেলায়-জেলায় মমতা-অভিষেকের গুচ্ছ কর্মসূচিতে জমজমাট রবিবার

উত্তর থেকে দক্ষিণ দলীয় প্রার্থীদের সমর্থনে জনসভা, কর্মিসভা, রোডশো করছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ও তৃণমূলের...

‘মহাকাব্যিক স্ট্রিট ফুড’, উৎপল সিনহার কলম

" নিন, টপ করে খেয়ে নিন..." টপ করে মুখের মধ্যে চলে তো গেল ছোট্ট গোলাকার বলটি। কিন্তু তারপর...

বাংলার জন্য ফের মমতাই প্রয়োজন! তৃণমূল নেত্রীর হয়ে সওয়াল কংগ্রেস নেত্রী রেণুকার

রাজ্যে ভোটের আবহ যত বাড়ছে, ততই বিরোধী শিবিরের সমীকরণ ঘিরে তৈরি হচ্ছে নতুন জল্পনা। এবার খোদ কংগ্রেসের শীর্ষ...

‘গণতন্ত্রের শত্রু’ বিজেপি! গেরুয়া শিবিরের সাম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধে গর্জে উঠল গণমঞ্চ

বিজেপির সাম্প্রদায়িক মেরুকরণ এবং বাংলা ভাগের চক্রান্তের বিরুদ্ধে সরব হলো ‘দেশবাঁচাও গণমঞ্চ’। শনিবার সন্ধ্যায় উত্তর কলকাতার বাগবাজারে আয়োজিত...