Site Logo

এসআইআর-এর নামে লক্ষ লক্ষ বাঙালির নাম বাদ! প্রতিবাদে রাজপথে বাংলা পক্ষ

EBBS Desk·
এসআইআর-এর নামে লক্ষ লক্ষ বাঙালির নাম বাদ! প্রতিবাদে রাজপথে বাংলা পক্ষ

রাজ্যে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী বা ‘এসআইআর’ প্রক্রিয়ায় লক্ষ লক্ষ বাঙালির নাম বাদ দেওয়া এবং কয়েক লক্ষ নাম ‘বিচারাধীন’ রেখে সাধারণ মানুষকে হেনস্থা করার অভিযোগে সরব হল বাংলা পক্ষ। রবিবার রাসবিহারী মোড় থেকে গড়িয়াহাট পর্যন্ত এক বিশাল প্রতিবাদ মিছিলের ডাক দিয়েছিল বাংলা পক্ষ। তাদের দাবি, এই প্রক্রিয়ার আড়ালে আদতে উদ্বাস্তু হিন্দু এবং ঘটি মুসলমান বাঙালিদের ভোটাধিকার কেড়ে নেওয়ার এক গভীর চক্রান্ত চলছে।

Sponsored

Sranchi In Article

বাংলা পক্ষের বক্তব্য, গত ডিসেম্বর মাসে প্রকাশিত খসড়া তালিকায় প্রায় ৫৮ লক্ষ ভোটারের নাম বাদ পড়েছিল। গতকাল প্রকাশিত নতুন তালিকায় আরও ৫ লক্ষ ৪০ হাজার মানুষের নাম বাদ দেওয়া হয়েছে। এর মধ্যে বড় একটি অংশ মতুয়া, নমশূদ্র ও দেশভাগের বলি হওয়া উদ্বাস্তু হিন্দু বাঙালি। অভিযোগ, সিএএ-র মাধ্যমে নাগরিকত্ব দেওয়ার প্রতিশ্রুতি দিলেও কার্যত এসআইআর-এর মাধ্যমে তাঁদের ভোট দেওয়ার অধিকার কেড়ে নিচ্ছে বিজেপি ও নির্বাচন কমিশন।

গড়িয়াহাট মোড়ে মিছিল শেষে আয়োজিত সভায় বাংলা পক্ষের সাধারণ সম্পাদক অধ্যাপক গর্গ চট্টোপাধ্যায় তীব্র আক্রমণ শানান। তিনি বলেন, 'কোটি কোটি রোহিঙ্গার ভয় দেখিয়ে আসলে বৈধ বাঙালিদের তালিকা থেকে ছেঁটে ফেলা হচ্ছে। যে ৬০ লক্ষ মানুষের নাম এখনও বিচারাধীন অবস্থায় ঝুলিয়ে রাখা হয়েছে, তাঁদের সিংহভাগই এ রাজ্যের ভূমিপুত্র ঘটি মুসলমান ও হিন্দু বাঙালি। যাঁদের পূর্বপুরুষের সমস্ত নথি রয়েছে, তাঁদেরও লজিক্যাল ডিসক্রিপেন্সির অজুহাতে অনিশ্চয়তার মুখে ঠেলে দেওয়া হয়েছে।' গর্গ আরও যোগ করেন, 'যাঁদের নাগরিকত্ব দেওয়ার নাম করে বিজেপি ভোট নিয়েছিল, আজ সেই মতুয়াদেরই ভোটাধিকার কাড়া হচ্ছে। বিজেপি যে হিন্দু বাঙালিরও বন্ধু নয়, এই ঘটনাই তার প্রমাণ।'

মিছিলে উপস্থিত সংগঠনের সাংগঠনিক সম্পাদক কৌশিক মাইতি নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। তাঁর অভিযোগ, ভিন রাজ্যের কয়েক লক্ষ অপরাধীর নাম এ রাজ্যের তালিকায় থাকলেও তাঁদের নাম বাদ দেওয়া হচ্ছে না।উত্তর ২৪ পরগনার আমডাঙা, বাগদা বা হাবড়ার মতো সীমান্তবর্তী এলাকার বহু বৈধ ভোটার আজ তালিকা থেকে বাদ। সংবাদমাধ্যমের একাংশ অনুপ্রবেশের গল্প শোনালেও বৈধ বাঙালিদের নাম বাদ পড়া নিয়ে নীরব।

মিছিল শেষে বাংলা পক্ষের শীর্ষ পরিষদ সদস্য অরিন্দম চট্টোপাধ্যায় একগুচ্ছ দাবি পেশ করেন। তাঁদের স্পষ্ট দাবি, বিচারাধীন তালিকায় থাকা সমস্ত বৈধ ভোটারকে অবিলম্বে চূড়ান্ত তালিকায় অন্তর্ভুক্ত করতে হবে। যে সব বৈধ ভোটারের নাম বাদ গিয়েছে, তাঁদের পুনরায় আবেদনের সুযোগ দিতে হবে। এক জনও বৈধ ভোটারকে তালিকার বাইরে রেখে চূড়ান্ত তালিকা প্রকাশ করা যাবে না। এ দিনের কর্মসূচিতে কলকাতা ছাড়াও উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, নদীয়া ও মেদিনীপুর থেকে সংগঠনের বিপুল সংখ্যক কর্মী-সমর্থক ও জেলা নেতৃত্ব অংশ নেন। দাবি পূরণ না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে তারা।

আরও পড়ুন- পশ্চিম এশিয়ায় মার্কিন আগ্রাসন: ‘নির্লজ্জ আগ্রাসন’ তোপ চিনের

_

_

_

_

_

Sponsored

Merlin In Article

Sponsored

Shyam Sundar In Article

Sponsored

Camelia In Article

Sponsored

Techno India In Article

Sponsored

Probe In Article

Related Articles

More from মহানগর

View All →