ক্যামাক স্ট্রিটে তৃণমূল কংগ্রেসের অফিসের বিলবোর্ড খোলাকে কেন্দ্র করে তৈরি হওয়া উত্তেজনার পরিস্থিতির ভিত্তিতে দায়ের হওয়া মামলার তদন্তে সহযোগিতা করতে ফের শেক্সপিয়ার সরণি থানায় পৌঁছে যান অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। বুধবার সকাল এগারোটা নাগাদ তিনি একজন আইনজীবীকে নিয়ে থানায় প্রবেশ করেন। কিছুক্ষণের মধ্যেই জিজ্ঞাসাবাদ শুরু হবে বলে জানা গিয়েছে।
তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে সংশ্লিষ্ট মামলায় সোমবার হাজিরা দেওয়ার কথা বলা হলেও তিনি ইমেইল মারফত ৪৮ ঘণ্টার সময় চেয়ে নিয়েছিলেন। সেই মতো তাঁকে চতুর্থীর সকালে ফের তলব করা হয়। এদিন নির্ধারিত সময়ের মধ্যেই পৌঁছে গিয়েছেন অভিষেক।
ক্যামাক স্ট্রিটে অভিষেকের দফতর থেকে একটি বিলবোর্ড খোলাকে কেন্দ্র করে পুলিশ ও কলকাতা পুরসভার আধিকারিকদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন তৃণমূল কর্মী সমর্থকরা। পুলিশ ও টিএমসির অতি সক্রিয়তা নিয়ে প্রশ্ন উঠেছিল। ২৭ অগাস্টের ঘটনায় ধাক্কাধাক্কি, হাতাহাতির মধ্যেই তৃণমূলের বেশ কয়েকজন পড়ে জন। পুলিশেরও বেশ কয়েকজন অফিসার আহত হন। সে দিনের ঘটনায় শেক্সপিয়ার সরণি থানায় মোট তিনটি এফআইআর হয়। এরপর গত ১ সেপ্টেম্বর ক্যামাক স্ট্রিট-কাণ্ডে অভিষেককে তলব করা হয়েছিল। তিনি হাজিরাও দিয়েছিলেন। ফের ডাকা হয় ১২ অক্টোবর। ইন্ডিয়া ব্লকের কর্মসূচি নিয়ে ব্যস্ত থাকার কারণে ৪৮ ঘণ্টার সময় চান সাংসদ। এরপর আজ সকাল ১১টার মধ্যেই থানায় হাজিরা দিয়েছেন।.















