তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) ক্যামাক স্ট্রিটের অফিসের বিলবোর্ড খোলাকে কেন্দ্র করে তৈরি হওয়া উত্তপ্ত পরিস্থিতির জেরে দায়ের হওয়া মামলার তদন্তে জিজ্ঞাসাবাদের জন্য সোমবার সকাল দশটায় শেক্সপিয়র সরণি থানায় তলব করা হয়েছিল তৃণমূল সাংসদকে। কিন্তু অভিষেক ইমেইল মারফত জানান, ব্যক্তিগত কাজে ব্যস্ত থাকার কারণে তিনি আজ উপস্থিত হতে পারছেন না। সাংসদের তরফ থেকে ৪৮ ঘণ্টা সময় চেয়ে নেওয়া হয়েছে বলে খবর মিলেছে। 

আরও পড়ুন: দেবীপক্ষের দ্বিতীয়ার সকাল থেকে মহানগরী জুড়ে ED অভিযান

রবিবার (১১ অক্টোবর) অভিষেকের বাড়িতে গিয়ে তাঁকে আজকের হাজিরার জন্য নোটিশ দেওয়া হয়। সাংসদ সেই মুহূর্তে বাড়িতে না থাকায় তাঁর ভাই নোটিশ রিসিভ করেন বলে সূত্রের খবর। এরপর আজ সকাল থেকে শেক্সপিয়র সরণি থানার সামনে নিরাপত্তা বাড়ানো হয়। দশটার কিছু আগে পৌঁছে যান তদন্তকারী অফিসারও। তার পরেই জানা যায় অভিষেক আজ জিজ্ঞাসাবাদের মুখোমুখি হচ্ছেন না। আগামী বুধবার এগারোটায় তাঁকে উপস্থিত হতে বলা হয়েছে বলে জানা গিয়েছে। এই মামলায় আজ সাড়ে এগারোটার সময় বৈশ্বানর চট্টোপাধ্যায়কে তলব করা হয়েছে।

ইমেইলে কী লিখেছেন সাংসদ? সূত্রের খবর অভিষেক জানিয়েছেন, একজন সাংসদের পূর্বনির্ধারিত একাধিক কর্মসূচি থাকে। একদিনের নোটিশে হাজিরা দেওয়ার জন্য তিনি প্রয়োজনীয় প্রস্তুতি নিতে পারেননি। আর তাছাড়া পর্যাপ্ত সময় না দিয়ে এমন একতরফা তলব করা স্বেচ্ছাচারী ও অযৌক্তিকও বটে।এর আগেও তিনি তদন্তকারী কর্তৃপক্ষের সামনে হাজির হয়ে সমস্ত প্রশ্নের যথাসাধ্য উত্তর দিয়েছেন। নতুন করে সমন জারি করে অন্তত ৪৮ ঘণ্টা সময় দিলে তিনি তদন্তকারী আধিকারিকদের মুখোমুখি হতে এবং সমস্ত আইনসম্মত প্রশ্নের উত্তর দিতে ইচ্ছুক। এরপরই বুধবার ১১টায় অভিষেককে হাজিরা দেওয়ার সমন নিয়ে তাঁর কালীঘাটের বাড়ির সামনে পৌঁছে যায় পুলিশ।