মহালয়ার সকালে জোড়া অগ্নিকাণ্ড (Fire)। শনিবার ভোরে হাওড়ার চ্যাটার্জিহাটের নতুন রাস্তা এলাকায় একটি তিনতলা বাড়িতে বিধ্বংসী আগুন লাগে। আগুনে বাড়িটি ও সংলগ্ন চারটি দোকান পুড়ে ছাই হয়ে গিয়েছে। বাড়ির পাঁচ সদস্যকে উদ্ধার, গুরুতর আহত হয়েছেন এক প্রৌঢ়। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদিকে, এদিন সকালে ঠাকুরপুকুর বাজারেও একটি মুদিখানার দোকানে আগুন লাগার ঘটনা ঘটে। দমকলের একাধিক ইঞ্জিনের কয়েক ঘণ্টার চেষ্টায় দু’টি জায়গাতেই আগুন নিয়ন্ত্রণে আসে।
আরও পড়ুন: ব্যারিকেড পেরিয়েও বিক্ষোভের আশঙ্কা! দিল্লিতে রাস্তা জুড়ে স্পাইক স্ট্রিপ
শনিবার সকালে হাওড়ার চ্যাটার্জিহাট এলাকার নতুন রাস্তা চত্বরে একটি তিনতলা বাড়িতে আগুন (Howrah Fire) লাগে। স্থানীয় সূত্রে খবর, বাড়িটির নিচের তলায় রাবারের গোডাউন ছিল। সেখান থেকেই আগুন ছড়িয়ে পড়ে বলে প্রাথমিক অনুমান। মুহূর্তের মধ্যে আগুন বাড়ির অন্যান্য অংশেও ছড়িয়ে পড়ে। পুড়ে যায় বাড়িটি এবং সংলগ্ন চারটি দোকান। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকলের তিনটি ইঞ্জিন। পরে আরও একটি ইঞ্জিন পাঠানো হয়। দমকলকর্মীরা যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর কাজ শুরু করেন। স্থানীয় যুবকরাও আগুন নেভানোর চেষ্টা করেন। প্রায় দু’ঘণ্টার চেষ্টায় আগুন অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে বলে খবর।
বাড়ি থেকে পাঁচজনকে উদ্ধার করা হয়েছে। তাঁদের মধ্যে শেখ নাজির হোসেন নামে এক প্রৌঢ়কে আহত (Injured) অবস্থায় উদ্ধার করা হয়। প্রথমে তাঁকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে হাওড়া জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয় তাঁকে। স্থানীয় বাসিন্দা দেবব্রত চৌধুরী বলেন, “ভোরবেলা আচমকাই দেখলাম ওই বাড়িটিতে আগুন লেগেছে। বাড়ির বাসিন্দারা অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন। না হলে আরও বড় দুর্ঘটনা ঘটতে পারত।”
প্রাথমিকভাবে শর্ট সার্কিট থেকে আগুন লাগার আশঙ্কা করা হলেও দমকল সূত্রে খবর বাড়ির ভিতরে থাকা রাবারের কারখানা থেকেই আগুন ছড়িয়ে থাকতে পারে। সেখানে অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছিল না বলে অভিযোগ। ওই কারখানার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছে দমকল। অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।
অন্যদিকে, পুজোর মুখে এদিন সকালে ঠাকুরপুকুর বাজারেও আগুন (Thakurpukur Fire) লাগার ঘটনা ঘটে। বাজারের ভিতরে একটি মুদিখানার দোকানে প্রথমে আগুন লাগে। পরে সেই আগুন পাশের স্টোররুমে ছড়িয়ে পড়ে। দ্রুত আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কায় এলাকার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয় সিইএসসি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের তিনটি ইঞ্জিন। প্রায় তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন দমকলকর্মীরা। প্রাথমিকভাবে মুদিখানার দোকানে শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে বলে মনে করছে দমকল। এই ঘটনায় কেউ জখম হননি বলে খবর।















