যন্তর মন্তরে যাওয়ার আগেই আটক CPI(M)-এর সাধারণ সম্পাদক M.A. বেবি! আটক বৃন্দা কারাট, এম.ভি. গোবিন্দন, পি.কে. শ্রীমতী ও পি. রাজীবও। নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিক্ষোভ ঘিরে এই মুহূর্তে উত্তপ্ত রাজধানী। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে রাজধানীতে বামেদের প্রতিবাদ কর্মসূচি ঘিরে চরম উত্তেজনা। যন্তর মন্তরের উদ্দেশে মিছিল শুরুর আগেই দিল্লি পুলিশের হাতে আটক হলেন CPI(M)-এর সাধারণ সম্পাদক এম.এ. বেবি-সহ দলের একাধিক শীর্ষ নেতা।

আরও পড়ুন: ব্যারিকেড পেরিয়েও বিক্ষোভের আশঙ্কা! দিল্লিতে রাস্তা জুড়ে স্পাইক স্ট্রিপ

আটক নেতাদের তালিকায় রয়েছেন বাম নেত্রী বৃন্দা কারাট, এম.ভি. গোবিন্দন, পি.কে. শ্রীমতী এবং পি. রাজীব। তাঁদের আটক করার ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে নতুন করে চর্চা শুরু হয়েছে। নির্বাচন কমিশনের কাজকর্ম এবং ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা SIR-কে ঘিরে ওঠা অভিযোগের প্রেক্ষাপটে জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবি তুলেছেন আন্দোলনকারীরা। সেই দাবিতেই যন্তর মন্তরে মিছিল ও বিক্ষোভের কর্মসূচি নেওয়া হয়েছিল। তবে বিক্ষোভস্থলে পৌঁছনোর আগেই বাম নেতাদের আটক করে পুলিশ। রাজধানীতে বিক্ষোভ ঘিরে কড়া নিরাপত্তা এবং পুলিশের নিষেধাজ্ঞার আবহেই এই ঘটনা ঘটল।

গণতান্ত্রিক প্রতিবাদের অধিকার বনাম পুলিশের কড়াকড়ি—এই প্রশ্নেই এখন সরগরম দিল্লির রাজনীতি। তবে আটক নেতাদের বিরুদ্ধে পুলিশের নির্দিষ্ট পদক্ষেপ এবং তাঁদের মুক্তির বিষয়ে বিস্তারিত তথ্য এই মুহূর্তে পাওয়া যায়নি।