আদালত চত্বরে সুরক্ষিত নয় আইনজীবীরা, ব্যাঙ্কশাল কোর্টের বাইরে ডিম হামলার ঘটনায় কর্মবিরতির পথে হেটেছিলেন আইনজীবীরা। এবার সেই ঘটনায় গ্রেফতার হলেন বিজেপি নেতা কুশল পান্ডে। বুধবার মধ্যরাতে তাঁকে গ্রেফতার করেছে পুলিশ। এরপরই আইনজীবীরা লালবাজার অভিযানের ডাক প্রত্যাহার করে নেন। বৈঠকের পর পরবর্তী পদক্ষেপের বিষয় তাঁরা সিদ্ধান্ত নেবেন।
সম্প্রতি প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে অবমাননাকর মন্তব্যের অভিযোগে ইউটিউবার দীপক ব্যাপারীকে গ্রেফতার করে পুলিশ। ব্যাঙ্কশাল আদালতে নিয়ে যাওয়ার সময় তাঁকে লক্ষ্য করে ডিম ছোড়েন বিক্ষোভকারীরা। আইনজীবীরা এর প্রতিবাদ প্রতিবাদ করায় বিক্ষোভকারীরা কয়েক জন আইনজীবীকে মারধর করেন বলে অভিযোগ। পাশাপাশি তাদেরও ডিম ছোড়া হয়। এই ঘটনায় এর আগে আরও দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। কিন্তু মূল অভিযুক্ত কুশল গ্রেফতার না হলে কর্মবিরতি চালিয়ে যাওয়ার কথা বলে না আইনজীবীরা। অবশেষে বুধবার মধ্যরাতে বিজেপি নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
রাজ্যে নতুন সরকার ক্ষমতায় আসার পর থেকে কখনো আদালত চত্বরে কখনোবা রাস্তায় নানাভাবে আক্রান্ত হচ্ছেন আইনজীবীরা। এর প্রতিবাদে ব্যাঙ্কশাল কোর্ট থেকে শুরু করে চন্দননগর আদালতে আইনজীবীদের কর্ম বিরতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে কলকাতা হাইকোর্ট। বারুইপুর আদালতে আইনজীবী সায়ন বন্দ্যোপাধ্যায়ের উপর আক্রমণের ঘটনায় স্বতঃপ্রণোদিত পদক্ষেপ করেছে আদালত। এর পাশাপাশি আইনজীবীদের কর্মবিরতি তোলার জন্য বার কাউন্সিলকেও কথা বলার নির্দেশ দিয়েছে প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ।














