নিউ টাউনের (New Town) সুখবৃষ্টি আবাসনের একটি ফ্ল্যাট থেকে এক মহিলার পচাগলা দেহ উদ্ধার করল পুলিশ। কয়েকদিন ধরেই ফ্ল্যাটটি থেকে দুর্গন্ধ পাচ্ছিলেন প্রতিবেশীরা। তারপরই পুলিশকে (Police) খবর দেওয়া হলে বন্ধ ফ্ল্যাটের দরজা ভেঙে দেহটি উদ্ধার করে পুলিশ। আত্মহত্যা না খুন তা এখনও পর্যন্ত পুলিশের কাছে পরিষ্কার নয়। শুরু হয়েছে তদন্ত।
আরও পড়ুন: দক্ষিণবঙ্গে আজও বৃষ্টির পূর্বাভাস, পুজোর আগে বর্ষা বিদায় নিয়ে সংশয়!
বৃহস্পতিবার ভোরে উদ্ধার করা হয়েছে মৃতদেহটি। মৃতার নাম অপালা প্রধান (৩০)। জামশেদপুরের বাসিন্দা হলেও অপালা কর্মসূত্রে ওই আবাসনে থাকতেন। প্রাথমিক তদন্তের পরে পুলিশ জানিয়েছে, ওই মহিলার সঙ্গে যোগাযোগ করতে পারছিলেন না তাঁর বন্ধুরা। এমনকি, অপালার পরিবারের সদস্যেরা বুধবার থেকে একাধিক বার ফোন করেও তাঁর সঙ্গে যোগাযোগ করতে পারেননি।
আরও পড়ুন: ভোরে বিকাশরঞ্জনের বাড়িতে দুষ্কৃতী হামলা, থানার দ্বারস্থ প্রাক্তন মেয়র!
পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। শেষবার তাঁকে কোথায় দেখা গিয়েছিল তা জানার চেষ্টা চলছে। মৃত্যুর আগে পরিচিত কারও সঙ্গে তিনি যোগাযোগের চেষ্টা করেছিলেন কি না তা-ও খতিয়ে দেখছে পুলিশ। দেহ ময়না তদন্তে পাঠানো হয়েছে। অপালার পরিচিতদের সঙ্গে কথা বলে আরও বিশদে জানার চেষ্টা করছেন তদন্তকারীরা।














