পিতৃপক্ষের অবসান আর মাতৃপক্ষের সূচনার সন্ধিক্ষণে মহালয়া (Mahalaya) তিথিতে শহর কলকাতায় রাজ্য সরকারের মেগা অনুষ্ঠান। ইডেন গার্ডেন্স জুড়ে শারদীয়ার আগমনের চূড়ান্ত প্রস্তুতির মাঝে এবার বন্ধ করে দেওয়া হলো রেড রোড (Red Road) । মঙ্গলবার রাত থেকে আগামী ১১ অক্টোবর অর্থাৎ মহালয়ার পরের দিন (রবিবার) ভোর পর্যন্ত এই রাস্তা দিয়ে কোনও ধরণের গাড়ি যাতায়াত করবে না।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পর মহালয়ায় কলকাতা সফর বাতিল করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও। অনেকেই আশঙ্কা করছিলেন যে এবার তাহলে রাজ্য সরকারের কর্মসূচি কাটছাঁট হতে পারে। কিন্তু এখনও পর্যন্ত সেই রকম কোনও অফিসিয়াল ঘোষণা নেই। অর্থাৎ ধরে নেওয়া যেতেই পারে যে মোদি - শাহ এলেও বাকি যে অনুষ্ঠান নির্ধারিত রয়েছে সেগুলোতে রদবদলের সম্ভাবনা কম। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীসহ রাজ্যের অন্যান্য মন্ত্রী থেকে শুরু করে বাংলার বিশিষ্টরা উপস্থিত থাকবেন। বলিউড-টলিউডের উপস্থাপনা দেখার পাশাপাশি ঢাকের বাদ দিতে বিশ্ব রেকর্ড গড়ে তোলার সাক্ষী থাকতে সাধারণ মানুষের ভিড় উপচে পড়বে বলেই আশাবাদী সরকার। ইতিমধ্যেই প্রিন্সেপ ঘাট থেকে বাবুঘাট চত্বর পুজোর আমেজে সেজে উঠেছে। জোরকদমে অনুষ্ঠান মঞ্চ তৈরি করার কাজ চলছে ইডেনে। মহালয়ার মেগা সাংস্কৃতিক পর্বের আয়োজনে রেড রোডে মঞ্চ, সাজসজ্জা ও অন্যান্য পরিকাঠামো তৈরির পাশাপাশি সরঞ্জাম নিয়ে যাতায়াত, অনুষ্ঠান পরিচালনা এবং অনুষ্ঠান শেষে পরিকাঠামো খুলে ফেলার কাজ হবে। খুব স্বাভাবিকভাবেই এই রাস্তা যদি যান চলাচলের জন্য খোলা থাকে তাহলে ট্রাফিক সংক্রান্ত সমস্যা তৈরি হতে পারে। তাছাড়া মহালয়ার দিন রেড রোড থেকে ইডেন গার্ডেনস পর্যন্ত প্রায় ৭৫০ মিটার রাস্তা জুড়ে রোড শো হবে। এই প্রস্তুতিও চলছে। সেই কারণেই মঙ্গলবার রাত সাড়ে দশটা থেকে রেড রোড বন্ধ করে দেওয়া হয়েছে।
তাহলে বিকল্প পথ কী? প্রায় চারদিন ধরে রেড রোড বন্ধ থাকলে খুব স্বাভাবিকভাবেই গাড়ি চলাচলের ক্ষেত্রে যথেষ্ট অসুবিধা হবে। এই কথা মাথায় রেখে কলকাতা পুলিশের তরফে কয়েকটি বিকল্প রাস্তার কথা জানানো হয়েছে। যেমন খিদিরপুর রোড দিয়ে উত্তরমুখী গাড়িগুলিকে ডাফরিন রোড এবং আউট্রাম রোড দিয়ে ঘুরিয়ে দেওয়া হবে। রেড রোড এভিনিউ বা লোকভবন পূর্বের দিক থেকে আসা দক্ষিণমুখী গাড়ি পুলিশ ময়দান রোড ও ডাফরিন রোড দিয়ে যাবে। সাধারণ মানুষ থেকে শুরু করে অনুষ্ঠানের দিন আগত দর্শনার্থীদের নিরাপত্তাকে সর্বাধিক গুরুত্ব দিয়ে প্রয়োজনমতো একাধিক রাস্তায় প্রয়োজন মতো যান নিয়ন্ত্রণ করা হতে পারে বলেও জানিয়েছে লালবাজার।















