ইউনেস্কোর হেরিটেজ তকমা পাওয়ার পর কলকাতার পুজো পরিক্রমার পাস বিক্রির নামে কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগ উঠেছে রাজ্যের প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের (Indranil Sen) বিরুদ্ধে। নাম জড়িয়েছে তাঁর স্ত্রীর সংস্থারও। এই মামলার তদন্তে বুধবার সল্টলেকের সিজিও কমপ্লেক্সের এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের অফিসে হাজিরা দিলেন শিল্পী। এই মামলায় এটি তাঁর দ্বিতীয় হাজিরা।

'মাস আর্ট' মামলায় গত ৩০ সেপ্টেম্বর প্রায় ১০ ঘণ্টা ইডির জেরার মুখোমুখি হয়েছিলেন প্রাক্তন মন্ত্রী। তার আগে অবশ্য ইন্দ্রনীলের নিজের বাড়ি ও তাঁর আত্মীয়দের বাড়িতে তল্লাশি চলে। ED সূত্রে জানা গিয়েছে, দ্বিতীয় হাজিরায় গত ১০ বছরের ব্যাঙ্ক সংক্রান্ত গুরুত্বপূর্ণ নথি নিয়ে এসেছেন প্রাক্তন মন্ত্রী। ২০১৬ সাল থেকে তাঁর আর্থিক লেনদেন সংক্রান্ত খুঁটিনাটি খতিয়ে দেখতে চান তদন্তকারীরা। এদিন সকাল ১১ টার কিছু সময় পরে সিজিওতে পৌঁছে যান ইন্দ্রনীল। আগের দিনের মতো আজও দুর্নীতি প্রসঙ্গে কোনও মন্তব্য করতে চাননি। 

অনৈতিক ও নিয়মবিরুদ্ধভাবে দুর্গাপুজোর পাস বিক্রির পাশাপাশি নজরুল উৎসব পালন ঘিরেও ইন্দ্রনীলের বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগ উঠেছে। ২০২৫ সালের শিশির মঞ্চে আয়োজিত অনুষ্ঠানে পূর্বতন তৃণমূল সরকারের আমলে খরচ হয়েছিল প্রায় ৩৮ লক্ষ টাকার কাছাকাছি। অথচ রাজ্যে বিজেপি ক্ষমতায় আসার পর তথ্যসংস্কৃতি দফতর এই অনুষ্ঠান করেছে ১ লক্ষ ৪৪ হাজার ৪০০ টাকায়। মাত্র এক বছরের ব্যবধানে এত বিপুল অংকের টাকার ফারাক নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। যেহেতু তৃণমূল সরকারের আমলে এই দফতরের দায়িত্বে ছিলেন ইন্দ্রনীল, তাই এই ঘটনাতেও তাঁর ভূমিকা খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে।