আসন্ন কলকাতা পুরভোটে (Kolkata Municipality Election) বিজেপি প্রার্থী হিসেবে লড়বেন তৃণমূলের কিছু সদ্য প্রাক্তন পুরপিতা। এবিষয়ে দলত্যাগী দুই সাংসদের সঙ্গে বিজেপির (BJP) দিল্লির নেতৃত্বের কথা হয়েছে। তাঁরা তালিকা দিতে বলেছেন। একজন সাংসদ ষোলজনের, অন্যজন তেরোজনের তালিকা তৈরি করে দিয়েছেন।

 

 মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকেও (Suvendu Adhikari) বিষয়টি জানানো হয়েছে। এঁরা মূলত হিন্দু এলাকার প্রার্থী। তবে আদি বিজেপি শিবির এই উদ্যোগের চরম বিরোধিতা করছে। তাদের বক্তব্য, যে পুরপিতাদের বিরুদ্ধে এত অভিযোগ, এত লড়াই; আজ তারা পুরনো দল হেরে যেতেই ক্ষমতার লোভে বিজেপিকে ব্যবহার করে আবার নিজেদের চক্র চালাতে আসতে চাইছে। এটা বরদাস্ত করা যাবে না। পুরনো বিজেপির নেতারা বিরোধিতা শুরু করেছেন। একটা রফাসূত্র তৈরি হচ্ছে- যেহেতু ডিলিমিটেশনে অনেক ওয়ার্ড বাড়বে এবং বিজেপির অত সংখ্যায় যোগ্য প্রার্থী নেই; তাই তৃণমূল (TMC) থেকে আসাদের কিছু আসন দেওয়া হবে। সূত্রের খবর, তৃণমূলের এই পুরনোরা কিছু এলাকায় নিজস্ব কায়দায় বিজেপির একাংশকে ম্যানেজ করতে শুরু করেছে। তবে আর এস এস এই ফর্মুলায় রাজি নয়। তারা বলছে এতে দলের ভাবমূর্তির ষোলআনা ক্ষতি হবে। বহু এলাকায় গোষ্ঠীবাজি বাড়বে। সূত্রের খবর, হিন্দু এলাকায় এই ফর্মুলা হলেও মুসলিম এলাকায় প্রাক্তন তৃণমূলীরা নির্দল বা সরাসরি কংগ্রেস (Congress) প্রার্থী হওয়ার চেষ্টা করছেন। তার প্রক্রিয়াও চলছে।