অনুমতি ছাড়া চিকিৎসা সংক্রান্ত রিপোর্ট কীভাবে প্রকাশ্যে? পেশাগত বিধি লঙ্ঘনের অভিযোগ তুলে SSKM-কে আইনি চিঠি দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী অর্ক নাগ। সোমবার, সকাল ৯টা ১০-এ এই চিঠি পাঠানো হয়েছে। আইনি পদক্ষেপের হুঁশিয়ারিও দেওয়া হয়েছে।


গত ৩ অক্টোবর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সাংবাদিক বৈঠকে প্রাক্তন মমতা বন্দোপাধ্যায়ের ২০২১ সালের চিকিৎসা সংক্রান্ত নথি বলে দেখান বলে আইনি চিঠিতে অভিযোগ করা হয়েছে। আইনজীবী অর্ক নাগের মাধ্যমে ই-মেইল আইনি চিঠি পাঠান রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী৷ দাবি, ডিজিটাল পার্সোনাল ডেটা প্রোটেকশন অ্যাক্ট ২০২৩ অনুযায়ী চিকিৎসা নথি গোপন থাকার কথা৷ সেক্ষেত্রে ৮ম মুখ্যমন্ত্রীর চিকিৎসার নথি কীভাবে ৯ম মুখ্যমন্ত্রী দেখাতে পারেন? নথি বিকৃতি হয়ে থাকলে SSKM কর্তৃপক্ষ পদক্ষেপ নিক। নথির গোপনীয়তা বজায় রাখতেও পদক্ষেপ করুক কর্তৃপক্ষ।
২০২১ সালে নন্দীগ্রামে ভোট প্রচারের সময় উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাঁর পা ভেঙে দেওয়ার অভিযোগ তুলেছিলেন মমতা৷ শনিবার নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু বলেন, ‘‘২০২১ সালে তৎকালীন মুখ্যমন্ত্রী গোটা নন্দীগ্রামকে অপমান করে অভিযোগ করেছিলেন তাঁর পা নাকি ভেঙে দেওয়া হয়েছে৷ বাঙুর ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্স-এর ডিপার্টমেন্ট অফ রেডিও ডায়াগনোসিস-এর ১১.০৩.২০২১ তারিখের রিপোর্ট বলছে, পা ভেঙে যাওয়া অথবা ডিসলোকেশনের কোনও প্রমাণ মেলেনি৷ সিআইডি এটার তদন্ত করছে৷ নির্বাচনী বিধি উঠে গেলে এই মিথ্যে প্রচারের জন্য আমরা নতুন করে তদন্ত করব৷’’
এসএসকেএম হাসপাতাল কর্তৃপক্ষকে ইমেল পাঠানো হয়েছে। চিঠি গিয়েছে হাসপাতালের ডিরেক্টর, এমএসভিপি এবং নিউরোলজি বিভাগের প্রধানের কাছে। জানতে চাওয়া হয়েছে, ২০২১ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের চিকিৎসার মেডিক্যাল রেকর্ড (Medical Record) কীভাবে প্রকাশ্যে এল। নথি প্রকাশের ঘটনায় চিকিৎসা-তথ্যের গোপনীয়তা (Medical Privacy) ভঙ্গ হয়েছে বলে অভিযোগ তুলে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছে।















