ফের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের (Ex PM Imran Khan) জেলমুক্তির দাবিতে উত্তাল পাকিস্তান (Pakistan)। রাস্তায় নামলেন পাঁচ হাজারের বেশি সমর্থক। খাইবার পাখতুনখোয়ার (Khyber Pakhtunkhwa) লাক্কি মারওয়াত থেকে শুরু হয়েছে দীর্ঘ পদযাত্রা। লক্ষ্য ইসলামাবাদ। প্রায় ২৭৫ কিলোমিটার পথ পেরিয়ে রাজধানীতে পৌঁছতে চান পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের সমর্থকেরা। এই বিক্ষোভ-মিছিল ঠেকাতে কোমর বেঁধে নেমে পড়েছে শাহবাজ শরিফের সরকার।

এই পদযাত্রাটি মূলত ২৭ সেপ্টেম্বর হওয়ার কথা ছিল, তবে সরকার ও পিটিআই নেতৃত্বের মধ্যে আলোচনার সুযোগ করে দেওয়ার লক্ষ্যে তা পিছিয়ে ৪ অক্টোবর নির্ধারণ করা হয়েছিল। তবে সপ্তাহান্তে দুই দফা আলোচনা সত্ত্বেও অচলাবস্থা কাটেনি, তাই পিটিআই তাদের পূর্বপরিকল্পনা অনুযায়ী কর্মসূচি চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

আরও পড়ুন: অভিনন্দন জানিয়ে স্মিতের কপালে স্নেহচুম্বন, ভারতীয় পাইলটকে কৃতজ্ঞতা দুবাইয়ের যুবরাজের

সরকারের ওপর চাপ সৃষ্টি করে ইমরান খানকে মুক্ত করার লক্ষ্যে এটি পিটিআইয়ের (PTI) সর্বশেষ প্রচেষ্টা। দেশের সবচেয়ে জনপ্রিয় এই রাজনীতিবিদ ২০২৩ সালের অগাস্ট মাস থেকে জেলে রয়েছেন; তাঁর দলের মতে, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত একাধিক মামলায় তাঁকে দোষী সাব্যস্ত করার পরই তাঁকে কারাবন্দি করা হয়।

এখনও পর্যন্ত ২০০০ জনকে গ্রেফতার করেছে শরিফের পুলিশ। ইসলামাবাদের গুরুত্বপূর্ণ রাস্তাগুলিতে বাড়ানো হয়েছে নিরাপত্তা। রাস্তায় নামানো হয়েছে কন্টেনার, অনেক জায়গায় যান চলাচলও আটকে দেওয়া হয়েছে।

মিছিল শুরু হওয়ার আগের রাতেই সেনাপ্রধান আসিম মুনির বৈঠকে বসেছিলেন। পিটিআইয়ের কর্মসূচি ঘিরে প্রশাসন এবং সেনার প্রস্তুতি কতটা কড়া ছিল, তা নিয়েও জল্পনা তৈরি হয়েছে। ইমরানপন্থীদের আশঙ্কা, ইসলামাবাদে পৌঁছনোর আগেই মিছিল থামিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে।

এত বাধার পরেও থামছেন না পিটিআই সমর্থকেরা। মিছিলে যোগ দেওয়া ২২ বছরের ওয়াসিম সংবাদমাধ্যমকে জানান, তাঁরা জীবন নিয়েও ভাবছেন না। শাহবাজ শরিফ ও আসিম মুনির যতই দমনপীড়ন চালান, তাঁরা পিছু হটবেন না। তাঁদের লক্ষ্য একটাই, ইসলামাবাদ পৌঁছনো।

ইমরানের দলের সমর্থকদের বক্তব্যে ইমরানের মুক্তির দাবি ছাড়াও রয়েছে সরকারের বিরুদ্ধে ক্ষোভও। মিছিলে অংশ নেওয়া সিন্ধুর এক বাসিন্দার অভিযোগ, শাহবাজ শরিফ সরকারের আমলে মূল্যবৃদ্ধি ভয়াবহ আকার নিয়েছে। কর্মসংস্থানের সুযোগ কমেছে, আইনশৃঙ্খলা পরিস্থিতিও খারাপ হয়েছে। তাই সরকার পরিবর্তনের সময় এসেছে বলেও মন্তব্য তাঁর।

আরও পড়ুন: নিজের দেশেই নিষিদ্ধ, প্রকাশ্যে এল দুবাইয়ের বিমানের হামলাকারী পাইলটের নাম-পরিচয়

৭৩ বছরের ইমরান খান ২০২৩ সাল থেকে রাওয়ালপিন্ডির আদিয়ালা জেলে বন্দি। তাঁর বিরুদ্ধে শতাধিক মামলা রয়েছে। এর মধ্যে তিনটি মামলায় তাঁর শাস্তিও হয়েছে। আল কাদির ট্রাস্ট মামলায় ১৪ বছর, নথি ফাঁস মামলায় ১০ বছর এবং তোষাখানা মামলায় তিন বছরের সাজা রয়েছে তাঁর।