রবিবার সাতসকালে ইএম বাইপাসে একটি চলন্ত সেডান গাড়িতে দাউ দাউ করে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। চিংড়িহাটা এবং সায়েন্স সিটির মাঝখানে মেট্রোপলিটন মোড়ের কাছে এই দুর্ঘটনা ঘটে৷ হতাহতের কোনও খবর মেলেনি। অল্পের জন্য চালক ও আরোহীরা রক্ষা পেয়েছেন বলে জানা গিয়েছে। 

এদিন সকালে সায়েন্স সিটিগামী লেনে রাস্তার মাঝখানেই আগুন জ্বলতে দেখা যায় চার চাকায়। গাড়ির চালক বা আরোহীদের খোঁজ মেলেনি। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে তাঁরা সকলেই সুরক্ষিত আছেন। কিন্তু সকলে গেলেন কোথায়? ঘনিয়েছে রহস্য। ঘটনাস্থলের কাছে থাকা কর্তব্যরত ট্রাফিক পুলিশকর্মীরাই গাড়িতে আগুন জ্বলতে দেখে ঘটনাস্থলে ছুটে আসেন৷ দ্রুত প্রগতি ময়দান থানার পুলিশ আধিকারিক ও দমকলের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। রবিবার সকালে রাস্তা ফাঁকা থাকায় যান চলাচল খুব একটা বিঘ্নিত হয়নি। গাড়িতে কারা ছিলেন বা কে মালিক তা জানার চেষ্টা করছে পুলিশ।