শুক্রবার গান্ধী জয়ন্তী (Mahatma Gandhi Birth Anniversary) উপলক্ষে জাতীয় ছুটির দিন হওয়ায় আজ সকাল থেকে কলকাতা মেট্রোর ব্লু, গ্রিন এবং ইয়েলো লাইনে কমানো হল রেকের সংখ্যা। তবে প্রথম ও শেষ মেট্রো সূচিতে কোনও বদল হচ্ছে না বলে কলকাতা মেট্রোর (Kolkata Metro) তরফে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

কাজের দিনে সাধারণত ২৭২টি মেট্রো চলে দক্ষিণেশ্বর থেকে গড়িয়া রুটের ব্লু লাইনে (Blue Line)। তবে আজ সেই সংখ্যাটা কমে হয়েছে ২১৬। প্রথম মেট্রো অবসর নির্ধারিত সময়েই ছেড়েছে। জাতির জনক মহাত্মা গান্ধীর জন্মজয়ন্তী উপলক্ষে দেশজুড়ে আজ ছুটির দিন। সেই কারণে আজ যাত্রী সংখ্যা কম থাকবে। কলকাতা মেট্রো রেলওয়ের জানানো হয়েছে শুক্রবার আপ ও ডাউন মিলিয়ে ২৪ টি ট্রেন কমছে গ্রিন লাইনে। অর্থাৎ হাওড়া ময়দান থেকে সল্টলেক রুটে ২৩৬টি পরিষেবার বদলে ২১২ মেট্রো চলবে আজ। ইয়েলো লাইনে ৫৫ টি আপ ও ৫৫ টি ডাউন মানে মোট ১১০টি রেক যাতায়াত করবে।

যেহেতু মেট্রো সংখ্যা কমেছে তাই খুব স্বাভাবিকভাবেই সূচিতে বদল আনা হয়েছে। তাই আজ সফর করার আগে যাত্রীদের একবার পরিবর্তিত সূচি দেখে নেওয়ার পরামর্শ দিয়েছে মেট্রো কর্তৃপক্ষ। পার্পল এবং অরেঞ্জ লাইনের পরিষেবায় কোনও বদল নেই।