রবিবার কলকাতার সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটে ২ ছাত্র গোষ্ঠীর সংঘর্ষে ছড়াল উত্তেজনা। জানা গিয়েছে অখিল ভারতীয় গ্রাহক পঞ্চায়েতের একটি অনুষ্ঠান চলাকালীন কয়েকজন উস্কানিমূলক ভাষণ দিতেই ছাত্ররা তার প্রতিবাদ করে। অভিযুক্ত দুই পক্ষের মধ্যে একপক্ষ বলছে ইচ্ছাকৃতভাবে ক্যাম্পাসে অশান্তি তৈরি করতে হামলা চালানো হয়েছে, অপরপক্ষ বলছে উগ্র ও উস্কানিমূলক ভাষণের প্রতিবাদ করতেই গিয়ে তাঁরা আক্রান্ত। 

জানা গিয়েছে এদিন অখিল ভারতীয় পঞ্চায়েত গ্রাহকের অনুষ্ঠানে উত্তেজনার পরিস্থিতি এতটাই বেড়ে যায় যে ক্যাম্পাসের মূল প্রবেশদ্বার আটকে দেন পড়ুয়া। এমনকি অধ্যাপকরাও নিগ্রহের শিকার হয়েছেন বলে খবর মিলেছে। প্রভাতের অভিযোগ এই অনুষ্ঠানের অনুমতি ছিল না, যদি অখিল ভারতীয় পঞ্চায়েতের সদস্যরা তা মানতে নারাজ। অশান্তি এতটাই বেড়ে যায় যে পুলিশের উপস্থিতিতেই দুই পক্ষ একে অন্যের সঙ্গে হাটাহাটিতে জড়িয়ে পড়ে। আতঙ্ক ছড়িয়েছে সাধারণ ছাত্র ছাত্রীদের মধ্যেও। SRFTI ক্যাম্পাসে আয়োজিত অনুষ্ঠানের মধ্যে  ধুন্ধুমার ঘটনায় প্রশ্নের মুখে পড়ুয়াদের নিরাপত্তা। কর্তৃপক্ষের তরফ থেকে এখনও পর্যন্ত এই ঘটনায় কোনও প্রতিক্রিয়া মেলেনি। 

অখিল ভারতীয় গ্রাহক পঞ্চায়েতের সভাপতি পঙ্কজ রায় (Pankaj Roy) বলেন,আগে থেকে অনুমতি সত্ত্বেও অনুষ্ঠান শুরুর মুখে আচমকা গো ব্যাক স্লোগান দেওয়া শুরু হয়। লাঠি , লোহার রড নিয়ে আরএসএস বিরোধী মন্তব্য করে ' আজাদি' স্লোগান দেয় নিজেদের স্টুডেন্ট বলে পরিচয় দেওয়া বহিরাগতরা। পুলিশ ঘটনাস্থলে পৌঁছলেও সংগঠনের সদস্যদের এখনও বাইরে বেরোতে দেওয়া হচ্ছে না। একটানা ফ্যাসিবাদী স্লোগান চলছে বলে অভিযোগ করেছেন তিনি। বিকেল গড়িয়ে সন্ধ্যাতেও উত্তেজনা থামেনি। SRFTI-তে বিশাল পুলিশ মোতায়েন করা হয়েছে।