বদলের বাংলায় দুর্গাপুজো (Durga Puja) এবার বঙ্গের আকাশেও! শারদীয়া আগমনের আর মাত্র একপক্ষকাল বাকি। নিম্নচাপের অসুরের ক্ষমতা কমতেই শরতের মেজাজ প্রকৃতিতে। মণ্ডপ তৈরির চূড়ান্ত ব্যস্ততার আর পুজো প্ল্যানিং করার মাঝেই এবার আমজনতার নজরে মহালয়ার মেগা ইভেন্ট। পুজো উদযাপনে ইতিহাস গড়তে তৈরি হচ্ছে ইডেন গার্ডেন্স। এবার মহালয়া থেকে বিজয়া পর্যন্ত মা দুর্গার যাত্রা ড্রোনের মাধ্যমে ফুটে উঠবে রাতের কলকাতার আকাশে। অনুষ্ঠানের নাম The Pandal in The Sky!

বাঙালির প্রাণের দুর্গপুজোকে কেন্দ্র করে এবার বিশেষ আয়োজন করছে পশ্চিমবঙ্গ সরকার। মহালয়াতে (১০ অক্টোবর) ইডেনে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে পুজো উদ্বোধনের কর্মসূচি সর্বজনবিদিত। তবে এবার নতুন চমক। পুষ্পাঞ্জলি থেকে সন্ধিপুজো, ঢাকের তাল থেকে বিদায়ের সিঁদুরখেলা - সপ্তাহে জমির মাধ্যমে ইডেন আকাশে ফুটিয়ে তোলা হবে। মাতৃপক্ষ জুড়ে থাকবে প্যান্ডেলের প্রতিকৃতি।'দ্য প্যান্ডেল ইন দ্য স্কাইস’ উপস্থাপনার মধ্যে দিয়ে দুর্গাপুজোর প্যান্ডেলে যা যা থাকে, যা যা ঘটে, সবই দেখানো হবে ড্রোনের মাধ্যমে।

বাঙালির আবেগ এবং নস্টালজিয়াকে আরও একটু অনন্য করে তুলতে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের মহিষাসুরমর্দিনীর সঙ্গে শোনা যাবে আগমনীর কাহিনি, মা দুর্গার ঘরে ফেরার গল্প। এর জন্য আলাদা ড্রোন শো করা হবে। যেখানে ইডেনের আকাশ সাক্ষী থাকবে দেবীর চক্ষুদানের! মহালয়ার মেগা ইভেন্ট নিয়ে ইতিমধ্যেই প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে।রাজ্য সরকারের গুরুত্বপূর্ণ সব দফতরের সঙ্গে বৈঠক হয়ে গিয়েছে সিএবি অধিকারিকদের। ইডেনে উলুধ্বনিতে বরণ করে নেওয়া হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে। ‘মা আসছে’ নামাঙ্কিত বিশেষ 3D শো থাকবে। তিন হাজার ঢাকি ঢাক বাজাবেন, গল্ফ কার্টে করে ঘুরবেন প্রধানমন্ত্রী, সঙ্গে মুখ্যমন্ত্রী।আতশবাজির রোমাঞ্চকর আয়োজন করা হচ্ছে।সাংস্কৃতিক পরিবেশনার দায়িত্ব সামলাবেন শান্তনু মৈত্র। শান, লগ্নজিতা, অন্তরা মিত্র, কৌশিকী চক্রবর্তীর মতো সঙ্গীতশিল্পীরা গান গাইবেন।ইডেন গার্ডেন্স থেকেই প্রধানমন্ত্রী কলকাতার বিখ্যাত ৫টি পুজোর (শ্রীভূমি স্পোর্টিং, সুরুচি সংঘ, সন্তোষ মিত্র স্কোয়ার, চেতলা অগ্রণী এবং ত্রিধারা সম্মিলনী) ভার্চুয়ালি উদ্বোধন করবেন। বিকেল ৫টা থেকে শুরু হবে অনুষ্ঠান।